
ফেসবুকের এই জমানায় এখন কি আর অতটা চিঠির চল আছে? তবু ধরুন, আপনার প্রেয়সী আপনাকে চমকে দিতে চিঠি লিখে বসল! আপনিও বিপুল উৎসাহে চিঠিখানা চোখের সামনে মেলে ধরলেন। কিন্তু দেখলেন তাতে কিছুই লেখা নেই! তখন যদি ‘ধুর...! এমন রসিকতার মানে কী?’ বলে চিঠিটা ছুড়ে ফেলে দেন, তবেই ঠকে গেলেন! কারণ, এ যে সাধারণ কালিতে লেখা যেনতেন চিঠি নয়! তবে কি রূপকথার জাদুর কালি?
না, এ কোনো রূপকথার জাদুর কালি নয়। ছোট্ট কৌটাভর্তি বিচিত্র একধরনের স্বচ্ছ জলের কালি। ঢাকার বুকে যিনি এই ‘গোপন কালিতে লেখা মজার চিঠির’ ব্যবস্থা করে দেন, নাম তাঁর মো. সুমন। তাঁর পূর্বপুরুষের ভিটেমাটি নোয়াখালীতে হলেও, তাঁর জন্ম ও বেড়ে ওঠা এই ঢাকাতেই। এখন থাকেন মহাখালীতে। তো, চিঠি না হয় লেখা হলো গোপন কালিতে, কিন্তু পড়ার উপায় কী? উত্তরে তিনি বলেন, জ্বলন্ত আগুনের ওপর আলতোভাবে ছুঁয়ে নিলেই হলো—চিঠির লেখা ভেসে উঠবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এমন জলের কালিতে লেখা কাগজ সহজে পুড়ে যায় না।
সঙ্গে আরও আছে গোলাপি রঙের ‘ম্যাজিক রাবার’। এর বিশেষ গুণ হলো কোনোরূপ প্রযুক্তির ছোঁয়া ছাড়াই ‘ছবি থেকে ছবি’ করা যাবে! স্থায়ীভাবে অবিকল আকার ও রঙের ছবি বসানো যাবে কোনো কাগজে, টি-শার্টে, রুমালে কিংবা অস্থায়ীভাবে মগ, গ্লাস ও সিরামিক পণ্যের গায়ে। পদ্ধতিও খুব সহজ—ছবিটি (পত্রিকা থেকে কেটে নেওয়া ছবিও হতে পারে) পানিতে ভিজিয়ে তুলে রাখুন। কাগজ বা কাপড়ের যে অংশে ছবি বসাবেন, সেখানে ম্যাজিক রাবার দিয়ে ঘষে নিন। এবার ওই অংশে ভেজা ছবিটি বসিয়ে তার ওপর তিন প্রস্থ কাগজ দিয়ে ঢেকে দিন। সবশেষে কাগজের ওপর চাপ দিয়ে ভালোভাবে ঘষলেই পেয়ে যাবেন স্থায়ীভাবে বসে যাওয়া হুবহু রঙিন কিংবা সাদাকালো ছবি।
শখের তোলা নাকি ৮০ টাকা, আর আমাদের সুমন ১০ থেকে ২০ টাকায় শখ পূরণ করে বেড়ান। ২৫ বছর ধরে তিনি এমনসব বিচিত্র পণ্যের বিকিকিনিতেই সংসারের হাল ধরে আছেন। সুমন বলেন, ‘কী করব বলুন, এর বাইরে আর তো কোনো কাজ শিখি নাই।’ হ্যাঁ, এটাই তাঁর নেশা, পেশা, জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন।