গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্বাচন করার পরও প্রার্থিতা নিয়ে বিভেদ চলছে বান্দরবান জেলা আওয়ামী লীগে। ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বান্দরবান পৌরসভার প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসলাম বেবি। এ নিয়ে শীর্ষনেতাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে জানান দলীয় নেতারা। ১৪ ডিসেম্বর প্রার্থী নির্বাচনে গোপন ব্যালটে যে ভোট হয়, তাতে ছয় প্রার্থীর মধ্যে মোহাম্মদ ইসহাক ১৭২ ভোট পেয়ে মেয়র প্রার্থী নির্বাচিত হন। ১১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মোজাম্মেল হক ওরফে বাহাদুর। কিন্তু ইসলাম বেবি নিশ্চিত করেছেন তিনিও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন।কয়েকজন মনোনয়নপ্রত্যাশী অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা কাউন্সিলরদের (ভোট প্রদানকারী নেতা-কর্মী) প্রভাবিত করে তাঁর সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসহাকের পক্ষে ভোট দিতে বাধ্য করেছেন। ইসলাম বেবি অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা মোহাম্মদ ইসহাকের পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন। কাউন্সিলরদের হুমকি দিয়ে ইসহাককে ভোট দিতে বাধ্য করেছেন। যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরীর অভিযোগ, শুধু সহযোগী সংগঠনের কমিটির সদস্যরা ভোটার হওয়ার কথা। কিন্তু একজন প্রার্থীকে জিতিয়ে আনতে রিকশা শ্রমিক লীগ, ভ্যান শ্রমিক লীগ নাম দিয়ে অপরিচিত লোকজনকেও ভোটার করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও বাছাই কমিটির কাছে তাৎক্ষণিক মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে তিনি জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী মনোনয়ন করা হয়েছে, তা সবারই মেনে নেওয়া উচিত।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানও একই কথা বলেন। তাঁর বক্তব্য, ‘ভোট গ্রহণে কোনো অনিয়ম হয়নি, কাউকে প্রভাবিত করার ঘটনা ঘটেনি।’ মোজাম্মেল হক বলেন, ‘ভোটে কাউন্সিলরদের মতামত প্রতিফলিত হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় মেয়র নির্বাচনে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে।’বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘বিভক্তি দেখা দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থীর সমস্যা হতে পারে।’ মোহাম্মদ ইসহাক তাঁর পক্ষে কোনো প্রভাবশালী নেতা কাজ করেননি জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে কাজ করেন বলে তাঁরা তাঁকে মেয়র প্রার্থী মনোনীত করেছেন।’ বাছাই কমিটির আহ্বায়ক ক্যসাপ্রু মারমা বলেন, ‘আলোচনার মাধ্যমে প্রার্থী মনোনয়নে সমঝোতা না হওয়ায় বাছাই কমিটি সরাসরি ভোট গ্রহণ করে।’