গোপনে চলছিল যুদ্ধের প্রস্তুতি
চট্টগ্রামে একাত্তরের ফেব্রুয়ারি থেকে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধ শুরুর পর শহরের বিভিন্ন এলাকায় চলে গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ। সেসব দিনের কথা জানিয়েছেন চট্টগ্রামের দুই মুক্তিযোদ্ধা মনসুরুর রহমান ও সিরাজুল ইসলাম। তাঁদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করেছেন ওমর কায়সার ১৯৭১ সালের কথা। চট্টগ্রাম কলেজের প্রথম বর্ষের ছাত্র মনসুরুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। থাকতেন পাহাড়তলীর অবাঙালি অধ্যুষিত এলাকায়। তখন চট্টগ্রাম ছিল মিছিলের শহর। প্রায় প্রতিদিনই সভা হচ্ছিল নগরের কোনো না কোনো জায়গায়। হাজারো কণ্ঠের সঙ্গে মনসুরের কণ্ঠেও তখন স্লোগান ওঠে: ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।’ ১৯৭০-এর নির্বাচনের পরপরই মনসুরেরা বুঝে গিয়েছিলেন বড় একটা কিছু ঘটতে যাচ্ছে। মূলত চট্টগ্রামের রাজনীতিসচেতন মানুষ স্বাধীনতা ঘোষণার অনেক আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেন। এর লক্ষণও দেখা যাচ্ছিল ভালো ভাবেই। মেডিকেল কলেজ ছাত্রাবাসের পেছনে পাহাড়ঘেরা মাঠে ৭১-এর মধ্য ফেব্রুয়ারি গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয়েছিল। তৎকালীন ছাত্রলীগ নেতা মেডিকেল কলেজের ছাত্র মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাসব্যাপী এ প্রশিক্ষণ চলে। মনসুরুর রহমানের মতো শতাধিক তরুণ এ প্রশিক্ষণে অংশ নেন। মনসুরুর রহমান সেই প্রশিক্ষণ সম্পর্কে বলেন, ‘এই প্রশিক্ষণে যাঁরা অংশ নিয়েছি বেশির ভাগই মূলত রাজনীতির সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিলাম। এটা ছিল আমাদের সশস্ত্রযুদ্ধের প্রস্তুতি।’মাসব্যাপী সেই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন সিটি কলেজের তৎকালীন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী সিরাজুল ইসলামও। সেই সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামঝি মেডিকেল হোস্টেলের মাঠে প্রশিক্ষণ হয়। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সুবাদার আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন।’ প্রশিক্ষণের ফলও ফলতে শুরু করেছিল। ১৫ ও ১৬ মার্চ পরপর দুদিন আন্দরকিল্লায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচের দুটি বন্দুকের দোকান লুট করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিরা। ফলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি বেশ আগেই শুরু হয়েছিল চট্টগ্রামে।যুদ্ধ শুরুর পরও চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় গোপনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ চলত। এসব প্রশিক্ষণ শিবির পরিচালনা করতেন ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের তরুণেরা। মনসুরুর রহমান ছিলেন সেরকম একজন প্রশিক্ষক। মনসুরুর জানান, তিনি বিভিন্ন সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বাগাপা, হরিণা ক্যাম্প, আসামের হাফলংয়ে প্রশিক্ষণ নেন। আসামের হাফলংয়ের প্রশিক্ষণটি ছিল ৪৫ দিনের। উচ্চতর এই প্রশিক্ষণ শেষে তিনি একাত্তরের ১২ আগস্ট দেশে ফেরেন। মুজিব বাহিনী নামে পরিচিত বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) অধীনে সাতটি বিশেষ গেরিলা দল গঠন করা হয়। এসব দলের নেতৃত্ব দেন ডা. মাহবুবুল আলম, আবদুল্লাহ আল হারুন, ডা. মাহফুজুর রহমান, আবদুল আজিজ, শাহজাহান (বিমান), জামাল আহমদ ও মোস্তাফিজুর রহমান। এ সাতটি দল এখানে গেরিলাযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি গোপনে প্রশিক্ষণ দিয়ে তরুণদের যুদ্ধের জন্য প্রস্তুতের কাজও করেছেন। মনসুরুর এবং সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধ চলাকালে চট্টগ্রামের মিয়াখাননগর, চকবাজার, মাদারবাড়ি, পাঞ্জাবি লেন (শহীদ লেন), পানওয়ালাপাড়া, ব্যাপারিপাড়া, দেওয়ান বাজার, হাজীপাড়া, মুহুরীপাড়া, রঙ্গিপাড়া , সরাইপাড়া এবং উত্তর ও দক্ষিণ কট্টলীতে ভারত থেকে আসা গেরিলারা এখানকার তরুণদের প্রশিক্ষণ দিয়েছেন। যাঁরা প্রশিক্ষণ দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন রইসুল হক বাহার, মনসুরুর রহমান, ডা. মাহফুজুর রহমান, ফয়েজুর রহমান, রবিউল হোসেন, রকিবুল হোসেন, জাফরুল্লাহ বোরহান, কাজী এনামুল হক, ডা. মুলকুতুর রহমান, অমল মিত্র, শফিউল বশর, ডা. জাহাঙ্গীর প্রমুখ। এসব প্রশিক্ষণে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করার পাশাপাশি অস্ত্রচালনা, আত্মরক্ষা, গ্রেনেড হামলা, চোরাগোপ্তা হামলা, আচমকা হামলা, ফাঁদপাতা, বিস্ফোরকের ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হতো। ভারতে প্রশিক্ষণ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সিরাজুল ইসলাম জানান, জুলাইয়ের মাঝামাঝি ফরিদগঞ্জ থেকে তাঁদের ৪৫ জনের একটি দল নোয়াখালীর চাটখীল পৌঁছান। সেখান থেকে কথা ছিল নৌকায় সীমান্তের কাছাকাছি এলাকায় পৌঁছাবেন। কিন্তু বজরা সেতু এলাকায় পৌঁছলে তাঁদের ৩০ নৌকার বহরের দলটির ওপর রাজাকার বাহিনী আক্রমণ করে। এ সময় পাঁচটি নৌকা বজরা সেতু অতিক্রম করতে পারলেও বাকি ২৫টিকে পিছু হটতে হয়। ফিরে আসেন আবার চাটখিলে। সেখানে কেটে যায় বেশ কয়েকদিন। পরে কিছুপথ নৌকায় এবং কিছুপথ হেঁটে চৌদ্দগ্রামের কুঞ্জশ্রীপুর হয়ে প্রবল বৃষ্টির ভেতর ভারতের ত্রিপুরা রাজ্যের চোত্তাখোলা ট্রানজিট ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি ফেনীর সাংসদ খাজু মিয়ার নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে আশ্রয় নেন। সেখান থেকে প্রশিক্ষণের জন্য যান হরিণা ক্যাম্পে। সিরাজুল ইসলাম জানান, হরিণা ক্যাম্পে এক মধ্যরাতে তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন তৎকালীন উত্তর মহকুমা ছাত্রলীগ নেতা রাখালচন্দ্র বণিক। তিনি তাঁকে একটি জিপে তোলেন। সেই জিপে চেপে আরও কয়েকজনের সঙ্গে তাঁরা পৌঁছান আগরতলার শ্রীধর ভিলায়। আগরতলা থেকে বিমানে করে তাঁদের নিয়ে যাওয়া হয় উত্তর প্রদেশের সাহারানপুর। বিমানবন্দর থেকে নেমে সেনাবাহিনীর লরিতে তাঁদের নিয়ে যাওয়া হয় তান্ডুুয়াক্যাম্পে। ওখানে এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, আ জ ম সাদেকসহ চট্টগ্রামের অনেক পরিচিতজনের সঙ্গে দেখা হয়। ৬০ দিন প্রশিক্ষণ শেষে তাঁদের আবার ফিরিয়ে আনা হয় ত্রিপুরার উদয়পুর ট্রানজিট ক্যাম্পে। উদয়পুরেই বিএলএফের পূর্বাঞ্চলীয় প্রধান শেখ ফজুলল হক মণির নেতৃত্বে মাউনন্টেন ব্যাটেলিয়ান গঠন করা হয়। এই ব্যাটেলিয়ান সাবরুম-রামগড় হয়ে চট্টগ্রাম দখলের পরিকল্পনা করে।