গোবিন্দারখীলে জেলা পরিষদের বিপণিকেন্দ্র নির্মাণে বাধা
পটিয়ার গোবিন্দারখীল এলাকায় জেলা পরিষদের জায়গায় বিপণিকেন্দ্র (মার্কেট) নির্মাণে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাৃংসদের নাম ভাঙিয়ে দীলিপ ভট্টাচার্য, ফরিদ আহমদসহ আরও কয়েকজন জেলা পরিষদের খুঁটি উপড়ে ফেলেছেন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগে বলা হয়। ২৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পটিয়া থানায় জেলা পরিষদের পক্ষ থেকে ওই দিন একটি মামলা করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পটিয়া গোবিন্দেরখীল মৌজার আরএস ৩৩২৫ নম্বর, বিএস দাগ নম্বর ৩৮৭৫/৩৮৭৪/৩৮৭৩/৩৮৭১/৩৮৭২-এর মধ্যে জেলা পরিষদের জায়গা রয়েছে শূন্য দশমিক ২৭ একর। আলোচ্য জায়গাটি ইজারা দেওয়ার মাধ্যমে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত জেলা পরিষদের দখলে ছিল। পরবর্তীকালে ওই জায়গায় কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠলে জেলা পরিষদ কর্তৃপক্ষ তা ভেঙে দেয়। সম্প্রতি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে ওই জায়গায় ২৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ১৯টি দোকানের একটি বিপণিকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ঠিকাদারকে লে-আউট প্ল্যান বুঝিয়ে দিয়ে কাজ শুরু করতে গেলে দীলিপ ভট্টাচার্য ও তাঁর সহযোগীরা এসে হামলা চালান। এ ঘটনায় পরিষদের লোকজন চট্টগ্রাম শহরে ফিরে আসেন। প্রসঙ্গত, প্রস্তাবিত বিপণিকেন্দ্রের জমির বর্তমান মূল্য ১২ কোটি টাকা বলে জানা গেছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দা সারোয়ার জাহান বলেন, ‘অনাহূত ও উচ্ছৃঙ্খল লোকজন জেলা পরিষদের লোকজনকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন সংসদ সদস্যের অনুমতি ছাড়া ওই স্থানে ঢোকা যাবে না। ঢুকলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।’