গোর্খাল্যান্ড আন্দোলনে নতুন মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোর্খাল্যান্ড আন্দোলন নিয়ে নতুন করে খেলা জমেছে পশ্চিমবঙ্গে। খেলা ছাড়া একে আর কী-ই বা বলা যায়। ঢাকঢোল পিটিয়ে ‘ঐতিহাসিক’ চুক্তি করার পরদিনই সুর বদলালো গোর্খা জনমুক্তি মোর্চা। পশ্চিমবঙ্গের কাঠামোতে থেকে পৃথক একটি আঞ্চলিক পরিষদ গঠনের পরিকল্পনা মেনে নেওয়ার পরদিনই মোর্চাপ্রধান বিমল গুরুং আওয়াজ তুলেছেন, স্বাধীন গোর্খাল্যান্ড দাবি থেকে তাঁরা সরে যাননি মোটেই। ১৮ জুলাইয়ের চুক্তি ওই দাবি বাস্তবায়নের প্রথম ধাপ মাত্র।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর দল ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে প্রধান তিনটি সমস্যার সমাধান করবেন। এক. সিঙ্গুর, দুই. জঙ্গলমহলের মাওবাদী এবং তিন. দার্জিলিং সমস্যা। মমতা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার শুরু করেছেন তাঁর প্রতিশ্রুতি পূরণের লড়াই। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে প্রয়োজনীয় আইন পাস করেছেন রাজ্য বিধান সভায়। উচ্চ আদালতে টাটার দায়ের করা মামলার ফয়সালা হলেই ফিরিয়ে দেবেন অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি।অন্যদিকে জঙ্গলমহলে মাওবাদীদের জীবনের মূলস্রোতে ফিরে আসার ডাক দিয়েছেন। ঘোষণা করেছেন জঙ্গলমহল উন্নয়নের নানা প্যাকেজ। মুক্তি দিচ্ছেন সেখানকার রাজনৈতিক নেতাদের। তিন নম্বর সমস্যা দার্জিলিং সংকটের সুরাহার লক্ষ্যে ১৮ জুলাই সম্পাদন করেছেন এক চুক্তি, যা ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে।অনেকেই মনে করছেন, তিন দশকের বেশি সময় ধরে চলা দার্জিলিং সমস্যার সমাধান হতে চলেছে মমতার হাত ধরে। সে পথে একটা বড় পদক্ষেপ ১৮ জুলাইয়ের চুক্তি। এ চুক্তির আওতায় গড়া হবে গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) বা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে একটি স্বশাসিত সংস্থা। জিটিএ হবে ৫০ আসনের। এর মধ্যে ৪৫ জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে। বাকি ৫ জন হবেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের মনোনীত। এর আগে গঠিত দার্জিলিং-গোর্খা পার্বত্য পরিষদের সদস্যসংখ্যা ছিল ৪২। নির্বাচিত সদস্য ২৮ এবং মনোনীত ১৪। জিটিএর ৫০ সদস্যের হাতে থাকবে রাজ্য সরকারের মতোই ৫৯টি দপ্তর।এই চুক্তির পক্ষে-বিপক্ষে দুই দল খাড়া হয়ে গেছে এরই মধ্যে। রাজ্য বিভাজনের আগের পদক্ষেপ হিসেবে বিবেচনা করে অনেকে এর বিরোধিতা করছেন। মজার ব্যাপার, চুক্তি সম্পাদনের পরের দিন খোদ বিমল গুরুংই জানিয়ে দেন, পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি থেকে তাঁরা সরছেন না। পৃথক রাজ্য গড়াই তাঁদের চূড়ান্ত লক্ষ্য।দার্জিলিংয়ের পার্শ্ববর্তী ডুয়ার্স এবং শিলিগুড়ি বা তরাইর মানুষজন মেনে নিতে পারছেন না এই চুক্তি। কারণ এতে এ অঞ্চলগুলো পরিকল্পিত স্বশাসিত অঞ্চলে অন্তর্ভুক্তির কথা রয়েছে। ১৮ ও ১৯ জুলাই এই চুক্তির প্রতিবাদে শিলিগুড়ি, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে ৪৮ ঘণ্টার বন্ধ পালন করে ‘বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটি’। ব্যাপক সাড়া মেলে এই বনেধ। কমিটির সভাপতি ডা. সুকুমার মণ্ডল প্রথম আলোকে বলেছেন, তাঁরা পশ্চিমবঙ্গকে ‘ভাগ হতে’ দেবেন না। দার্জিলিং চুক্তি পশ্চিমবঙ্গ ভাগের প্রথম পদক্ষেপ বলেই মনে করেন তাঁরা। তাই এ চুক্তি মানবেন না। সুকুমার মণ্ডল বলেন, ‘আমরা বাংলাভাগের এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।’কয়েক দিন আগেই জিটিএতে অন্তর্ভুক্তির প্রতিবাদে ‘আমরা বাঙালি ও বাংলা মোর্চা’ এবং ‘আদিবাসী বিকাশ পরিষদ’ উত্তরবঙ্গের বিভিন্নস্থানে বন্ধ পালন করে।রাজ্য বামফ্রন্টও মানতে চাইছে না এই চুক্তি।বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মন্তব্য করেছেন, এই চুক্তি রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সম্প্রীতি ও সংহতিকে ধ্বংস করবে। যে পদ্ধতিতে এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে, তা সমর্থন করে না বামফ্রন্ট। শিলিগুড়ির বামফ্রন্ট নেতা অশোক ভট্টাচার্য বলেছেন ১৯৮৮ সালে জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিংয়ের সঙ্গে দার্জিলিং পার্বত্য পরিষদ গঠনের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি। তিনি দাবি করেছেন, এবার পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের সম্ভাবনা বজায় রেখেই সম্পাদন করা হয় চুক্তি। বিজেপিও কঠোর সমালোচনা করে বলেছে, বিচ্ছিন্নতাবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে রাজ্য সরকার।তৃণমূল সাংসদ কবীর সুমনও সমালোচনা করেছেন চুক্তির। তবে রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, এই চুক্তিতে রাজ্যভাগের কোনো প্রশ্ন নেই।দার্জিলিং চুক্তি নিয়ে এখন প্রচণ্ড চাপের মুখে রয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। বিমল গুরুংয়ের বিরুদ্ধে অনেক গোর্খার অভিযোগ, তিনি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে এসে প্রকারান্তরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। সুভাষ ঘিসিংয়ের মতো তিনিও গোর্খাল্যান্ড রাজ্য গড়ার স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হলেন। বিমল গুরুং পাহাড়ের সাধারণ মানুষের এই মনোভাব বুঝতে পেরে চুক্তির তিন দিন পর ঘোষণা দেন, গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার ‘প্রথম ধাপ’ হলো এই চুক্তি। আর চূড়ান্ত ধাপ হবে পৃথক রাজ্য গঠনের চুক্তি। আর সেই চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি নিজে। এ কারণেই প্রথম ধাপের চুক্তিতে স্বাক্ষর করেননি। তা করেছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।এদিকে দার্জিলিং চুক্তিতে উৎসাহিত হয়ে মাঠে নেমেছেন কোচবিহার রাজ্যের সমর্থকেরা। কোচবিহারকে পৃথক একটি রাজ্য ঘোষণার দাবিতে দার্জিলিং চুক্তি সম্পাদনের দিন থেকেই গণ-অনশন কর্মসূচি নেওয়া হয়।