
‘বিশ্বাস করেন, মাঠে নামলে সব ভুলে যাই। পকেটে টাকা আছে কি নেই, অফিসের ঝামেলা, ক্যারিয়ারের টেনশন...কিচ্ছু মনে থাকে না। তখন মাথায় শুধু একটাই নেশা—ফুটবল।’ বলছিলেন মো. শাহনেওয়াজ। একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করছেন। পাশাপাশি নিয়মিতই খেলেন ‘আন্ডারগ্রাউন্ড’ ফুটবল দলে। নিজ দল সেভেন ন্যাশন আর্মির হয়ে অংশ নেন বিভিন্ন টুর্নামেন্টে। ভূপৃষ্ঠের ওপরেই হয় যে খেলার আয়োজন, তার নাম ‘ভূগর্ভস্থ ফুটবল’ কেন? কারণ খোলাসা করলেন আরেক আন্ডারগ্রাউন্ড খেলোয়াড় সামিউল হক। ‘আমরা কেউই পেশাদার ফুটবলার না। আমাদের কাছে ফুটবলটা শখ আর নেশা। তাই বলে খেলার উত্তেজনা একবিন্দু কম হয় না। মাঠে কেউ কাউকে ছাড় দেয় না।’ মুঠোফোনে জানালেন যোসেফাইট সকার নাইট দলের এই খেলোয়াড়।
সেন্ট যোসেফ স্কুলের সাবেক ছাত্ররা মিলে তৈরি করেছেন যোসেফাইট সকার নাইট। সাতটা ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্ররা মিলে গড়েছেন বলেই শাহনেওয়াজদের দলটার নাম সেভেন ন্যাশন আর্মি।
ঢাকা বা ঢাকার বাইরে নিয়মিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে—এমন বেশ কয়েকটা আন্ডারগ্রাউন্ড ফুটবল দল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরিজীবীরা খেলছেন এই শখের খেলা, জোশের খেলা। এলাকাভিত্তিক কিছু দলও আছে। পুরোনো ডিওএইচএসের দলটা যেমন খুব জনপ্রিয়, নিয়মিতই তারা টুর্নামেন্ট আয়োজন করে।

ঢাকার নভোথিয়েটারের পাশে আর্মি মিউজিয়াম মাঠ, উত্তরায় র্যাব-১-এর মাঠ, বনানী মাঠ—এসব জায়গাতেই বেশির ভাগ সময় আন্ডারগ্রাউন্ড ফুটবল টুর্নামেন্টের আসর বসে। খেলার আয়োজন ছোট হতে পারে, দর্শক সমাগমও অল্প, তবু প্রতিদ্বন্দ্বিতা কিংবা উত্তেজনার দিক দিয়ে এই খেলাগুলোও ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হয়ে যায়। তা বাইরের লোকের কাছে না হলেও খেলোয়াড়দের কাছে তো বটেই। হাড্ডাহাড্ডি লড়াই হয়। ব্রাজিল-আর্জেন্টিনার মতো তুমুল প্রতিপক্ষও আছে আন্ডারগ্রাউন্ড ফুটবল দলগুলোর মধ্যে। কয়েকটা দলের ফেসবুক ফ্যান পেজে হাজার খানেক ভক্তই প্রমাণ করছে, দেশে আন্ডারগ্রাউন্ড ফুটবল দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অংশ নিচ্ছে দলবেঁধে।
পড়ালেখা কিংবা চাকরির পাশাপাশি ফুটবলটাই চাঙা রাখে এই শখের খেলোয়াড়দের। পাড়া-মহল্লার দলগুলোর কাছে আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টগুলো সুনাম রক্ষার খেলা। নিজ দলের জার্সি গায়ে দিলেই যেন জেতার নেশাটা পেয়ে বসে। কথা হলো মিরপুর ১ নম্বরের আন্ডারগ্রাউন্ড দল ছায়াপথ ফুটবল ক্লাবের স্ট্রাইকার মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে চাকরিজীবীরাও আছেন আমাদের দলে। খেলতে গিয়ে কারও কারও দু-একবার পা ভেঙেছে, পায়ের হাড় সরে গেছে। তবু খেলা থামেনি। সুস্থ হয়েই আবার মাঠে হাজির হয়েছেন।’ গোলের খেলার প্রতি ভালোবাসাটা যে কতখানি, সেটা বলছিলেন শাহনেওয়াজ, ‘একটা সময় এমন হতো, সকালবেলা ঘুম থেকে উঠেই মাঠে যেতাম। যতক্ষণ পর্যন্ত বল দেখার মতো আলো থাকত, ততক্ষণ খেলা চলত। এখন অফিসের পর সন্ধ্যায় বা ছুটির দিনে খেলা মিস করি না।’
একসময় ঘরের শোকেসে আর নতুন কোনো ট্রফি যোগ হবে না, খেলার মাঠে বন্ধুদের সঙ্গে তোলা সেলফিগুলো ফেসবুকের টাইমলাইনে মিলিয়ে যাবে, ফ্রি কিক নিতে গেলেও হয়তো বার্ধক্য বাদ সাধবে। তার আগ পর্যন্ত তারুণ্য যত দিন আছে...এই ফুটবলপ্রেমীদের রুখবে কে!