গোলদীঘি এখন আবর্জনার ভাগাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনাভর্তি কক্সবাজারের গোলদীঘি
আবর্জনাভর্তি কক্সবাজারের গোলদীঘি

কক্সবাজার পৌরসভার ঐতিহ্যবাহী গোলদীঘি এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিনিয়ত আশাপাশের ময়লা-আবর্জনা দিঘিতে ফেলায় দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে পানি। আগে দিঘির পানি লোকজন ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করলেও এখন তা সম্ভব হচ্ছে না। দিঘি রক্ষার দাবিতে স্থানীয় লোকজন মাবববন্ধন ও সমাবেশ করলেও পৌর কর্তৃপক্ষের সেদিকে নজর নেই।
সরেজমিনে দেখা গেছে, দিঘির পানিতে ভাসছে পলিথিন ও ময়লা-আবর্জনা। কালচে হয়ে গেছে পানি। উত্তর অংশে কয়েক হাজার বাঁশ ফেলে রাখা হয়েছে বিক্রির জন্য। ময়লা বাঁশ পানিতে পরিষ্কার করা হচ্ছে। এ ছাড়া দিঘির পাড় দখল করে নির্মিত হয়েছে বেশ কয়েকটি দোকানপাট। এসব দোকানে পান-সুপারি, ফলমূল, তরিতরকারি ও মাছ বিক্রি হচ্ছে। এসব দোকানের নানা বর্জ্যও ফেলা হয় দিঘির পানিতে।
স্থানীয় ইন্দ্রসেন মন্দির পরিচালনা কমিটির সদস্য বিপুল সেন বলেন, শহরের ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, বাজারঘাটা, বৌদ্ধমন্দির, রাখাইনপাড়াসহ ১০টি পাড়ার ৩০ হাজার মানুষ এই দিঘির ওপর নির্ভরশীল। বছরের পর বছর দিঘি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় এটির এখন করুণদশা। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, গোলদীঘি সংস্কার, বৌদ্ধমন্দির সড়কের ভরাট নালা পরিষ্কারসহ শহরের জলাবদ্ধতা দূর করার দাবিতে গত ২০ সেপ্টেম্বর দিঘির পাড়ে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এরপর গত ২৩ সেপ্টেম্বর পৌরসভা কর্তৃপক্ষ নাগরিকদের সঙ্গে বৈঠক করে শহরের জলাবদ্ধতা দূর করার আশ্বাস দেন। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, লালদীঘি, গোলদীঘি, নাপিতের পুকুর, বাহারছড়া পুকুর কক্সবাজারের ঐতিহ্য। রক্ষণাবেক্ষণ ও দখলের কারণে ইতিমধ্যে নাপিতের পুকুর ও বাহারছড়া পুকুর হারিয়ে গেছে। এখন লালদীঘি ও গোলদীঘি হারিয়ে যাওয়ার পথে।
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ‘নির্বাচনের পর দীর্ঘ আড়াই বছর আমরা (মেয়র ও কাউন্সিলররা) ক্ষমতায় থাকতে পারিনি। নানা মামলা দিয়ে একটি মহল আমাদের শপথ বন্ধ করে রাখে। সম্প্রতি শপথ নিয়ে এলাকার নানা সমস্যা সমাধানের কাজে হাত দিয়েছি। গোলদীঘি রক্ষণাবেক্ষণসহ শহরের জলাবদ্ধতা রোধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’