গোলবাহারের বাহার
সরু হলুদ মাথা, সবুজাভ শরীরে ছোপ ছোপ সাদা দাগ। নয় ফুট লম্বা সাপটি ঢুকেছিল হাঁসের খোঁয়াড়ে। দুটো হাঁস সাবাড় করে তৃতীয়টি মুখে তুলেছে, ঠিক সে সময় টের পেয়ে হাজির গৃহকর্তা। কিছুক্ষণের মধ্যে লোকজন ডেকে বস্তায় ভরা হলো অবৈধ অনুপ্রবেশকারীকে। তবে অনাকাঙ্ক্ষিত এ অতিথি সাধারণ কেউ ছিল না। পৃথিবীর দীর্ঘতম অজগর—গোলবাহার প্রজাতির সদস্য সে। নাম উঠেছে এ দেশের অতি বিপন্ন প্রাণীর তালিকায়। ঠিক সময় বন বিভাগের লোকজন হাজির হওয়ায় অক্ষত অবস্থায় নিজের আস্তানায় ফিরতে পেরেছে সাপটি।৮ জুন মধ্যরাতে রাঙামাটির কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার আবদুর রহমানের বড়িতে ধরা পড়ে সাপটি। স্থানীয় রামপাহাড় বিট কর্মকর্তা মো. নাসির উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সাপটি উদ্ধার করেন বলে প্রথম আলোকে জানান।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জাহেদুর রহমান মিয়া জানান, ধরাপড়া সাপটি বিরল প্রজাতির গোলবাহার অজগর সাপ। এটি প্রায় নয় ফুট লম্বা ছিল। কাপ্তাইসহ পার্বত্য-চট্টগ্রামের গহিন অরণ্য এবং সিলেটে এ সাপ একসময় প্রচুর দেখা গেলেও বর্তমানে অতি বিপন্ন। আটক সাপটির বয়স দুই বছর হতে পারে। ৯ জুন সোমবার কাপ্তাই জাতীয় উদ্যানসংলগ্ন সীতা পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে সাপটি ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।শীলছড়িতে ধরা পড়া সাপের ছবি দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান এটি গোলবাহার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, অতি বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত সাপটি পৃথিবীর দীর্ঘতম সরীসৃপ।বৈজ্ঞানিক নাম পাইথন রেটিকুলাটাস। গত বছর একবার মহেশখালীতে দেখা গিয়েছিল। মালয়েশিয়ায় এ প্রজাতির একটি সাপ ধরা পড়ার পর সর্বোচ্চ ১১ মিটার বা ৩৬ ফুট রেকর্ড করা হয়েছিল। তবে প্রাপ্তবয়স্ক এ জাতের সাপ ২৮ ফুটের মতো লম্বা হয়। পাইথন মরুলাস নামের অজগরের অন্য প্রজাতিটির তুলনায় এ সাপ অনেক দ্রুত ছুটতে পারে। ভালো সাঁতারও কাটে। বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণী গ্রন্থের তথ্য অনুযায়ী গোলবাহার দেশ থেকে বিলুপ্তির পথে। প্রাণিবিদেরা জানান, খাদ্যের জন্য রাতে বিচরণ করে এবং একবার পেট ভরে খেয়ে টানা কয়েকদিন ঘুমায়। এটি বিষাক্ত নয়, বাঁচে ২০ বছর। জলে ও জঙ্গলে এর সমান বিচরণ। গভীর জঙ্গলে খাদ্যের সন্ধানে গাছেও ওঠে। পাখি, ইঁদুর, কাঠবিড়ালি, খাটাশ, বিড়াল ইত্যাদি প্রাণী এর খাদ্য তালিকায় আছে। মানুষকে আক্রমণের ঘটনা বিরল। ডিম দেয় ১৫-৮০টি।