গোলমাল
শর্মিলা আপা আমাদের অফিসে যোগ দেওয়ার পর থেকেই আশ্চর্যজনকভাবে অফিসটা দ্রুত পাল্টে যেতে শুরু করল। কাজের গতিও বেড়ে গেল অনেকটা। হাবাগোবা সাখাওয়াত, যে কোনো দিন ১০টা বাজলেও অফিসে আসে না, সেও কিনা অফিসে চলে আসে নয়টার আগেই। পোশাকেআশাকে সবার মধ্যেই এখন কী যে ঠাঠ ঠাট ভাব! কেউ দেখলে ভাববে, কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে হয়তো!সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ম্যানেজার স্যারের ব্যাপারটা। আগে তিনি নিয়মিত অফিসে আসতেন না। কোনো তথ্যের দরকার হলে তা মুঠোফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতেন। স্যার প্রতিদিন অফিসে না আসায়, আমরা অবশ্য খুশিই হতাম। নিজেদের ইচ্ছেমতো অফিসে আসতাম, যেতাম। চাকরির ক্ষেত্রে এটা তো এক মহা সুযোগ, দুর্লভ স্বাধীনতা। কিন্তু শর্মিলা আপা আসার পর থেকে তিনি নিয়মিত অফিস করতে শুরু করেছেন। সকাল নয়টায় এসে অফিসে ঢুকলে, বিকেল ছয়টা বাজলেও বের হওয়ার যেন খবর থাকে না লোকটার। এ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের কী চাপা ক্ষোভ যে এখন! আমাদের সহকর্মী আনিস তো আড়ালে বলেই বসল, ‘বুড়ো বয়সে ভীমরতি।’ আমরাও একবাক্যে আনিসের এ কথার সমর্থন জানাই। ঘটনাটা নিয়ে আমাদের মধ্যে তখন আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। আমরা ঘটনাটা নিয়ে, কাল্পনিকভাবে কতভাবে যে ব্যবচ্ছেদ করি। মনে মনে ম্যানেজার স্যারকে নানা ভাষায় গাল দিই।মাঝেমধ্যে অবশ্য শর্মিলা আপার প্রতিও খুব রাগ হয়। বেচারি নিশ্চয়ই বোকার একটা হদ্দ, নইলে মাঝ বয়সী লোকটাকে এত বেশি পাত্তা দেবে কেন? বিরক্তিসূচক ভাব দেখিয়ে মুখ খুললেই তো হয়, ‘অফিসের ভেতর এতসব ফুসুরফাসুর কথাবার্তা আমার কাছে একদম ভালো লাগে না, স্যার!’ ব্যস, লজ্জা-শরমের বালাই থাকলে এতেই হয়তো হারামখোর ম্যানেজার শর্মিলা আপার কাছ ঘেঁষবে না। আগের মতো অফিসেও আসবে না নিয়মিত। আমরা ফিরে পাব দুর্লভ সেই স্বাধীনতা!কিন্তু শর্মিলা আপা বুড়ো ম্যানেজারকে কিছুই বলে না। ইচ্ছে করেই হয়তো লোকটার সব ফষ্টিনষ্টি নীরবে হজম করে যায়। শত হোক, ম্যানেজার মানুষ তো! অফিসপ্রধানের শত শত দোষ-ত্রুটি থাকলেও ধরতে যাওয়া অন্যায়। এতে চাকরি হারানোর ভয়ই থাকে বেশি। শর্মিলা আপা হয়তো তাই লোকটার বদ নজরে পড়তে চায় না। কোনো প্রতিষ্ঠানেই নাকি অফিসারদের তেল মারা ছাড়া পদোন্নতি লাভ করা যায় না। তাই তো আমরাও ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক নিয়ন্ত্রণ কর্তাকে প্রতিনিয়ত তেল মেরে যাই। একটা বিষয় লক্ষণীয়, এই শর্মিলাকে নিয়ে আমাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা। প্রতিযোগিতার অন্যতম কারণ হলো সে অবিবাহিত। তাই আমাদের সবার মধ্যেই একটা প্রেমিক প্রেমিক ভাব! মেয়েটিকে পটানোর ধান্দায় আমরা যেন মেতে উঠছি!আমরা সবাই অবাক হই হাসমত ভাইয়ের কাণ্ড দেখে। তার বয়স ৪৫ ছাড়িয়ে গেছে। ২০ বছর ধরে অফিস পিয়নের কাজকর্ম করে যাচ্ছে লোকটা। সেও কিনা আমাদের দলে! ক্লিন সেভ আর চটকদার পোশাকে হাসমত ভাইকে দারুণ লাগে। তার হাবভাব দেখলে মনে হয়, সে যেন ২০ বছরের যুবক। বৈশাখে নদীতে জোয়ার এলে মরা নদীর পানিও যেমন চিক চিক করে ওঠে, ব্যাপারটা যেন সে রকম!আগে তো আমরা প্রায়ই ফিল্ড থেকে, একটা-আধটা কিস্তির টাকা রেখেই অফিসে চলে আসতাম। এ জন্য ম্যানেজার স্যারের ধমক আর গালমন্দ শুনেছি কত! এসব শুনতে শুনতে ব্যাপারটা আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে যেন। কিন্তু এখন অবশ্য অনেকটাই ব্যতিক্রম। ফিল্ড থেকে কেউই কিস্তির টাকা ফেলে রেখে আসি না। কেউ কিস্তি না দিলে নিজের পকেটের টাকা জমা দিয়ে দিই। শর্মিলা আপার সম্মুখে গালমন্দ শুনে নিজেদের মানসম্মান নষ্ট করতে আমরা যেন কেউ রাজি নই। কাজকর্মে আমরা এখন শতভাগ হয়ে গেছি। এতে হেড অফিসের লোকজনও মহা খুশি। বিশেষ করে শর্মিলা আপাকে আমাদের অফিসে পাঠানোর পর থেকেই কাজের এই অগ্রগতি। হেড অফিসের লোকজনের অবশ্যই জানা আছে, যে অফিসগুলোতে অন্তত একজন হলেও সুন্দরী অফিসকর্মী আছে, সে অফিসের কাজকর্ম খুবই ভালো। তাই তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি ব্রাঞ্চ অফিসেই একজন করে হলেও শর্মিলা আপাদের মতো মেয়েদের নিয়োগ দেবে। আর এটা নাকি ডিজিটাল পদ্ধতির অন্য রকম উদ্ভাবন। একজন নারীর সংস্পর্শে এলে সব পুরুষ মানুষই নাকি ডিজিটাল হয়ে যায়! কাজে পায় গতি আর উদ্দামতা। অফিসে বিরাজ করে আনন্দমুখর পরিবেশ। আমাদের কাছেও শর্মিলা আপা যেন এক ডিজিটাল নারী। নইলে কী আর এমন পরির মতো রূপ থাকে কারও? কী মোলায়েম মধুঝরা কণ্ঠ যে তার! কথায় কথায় ঠোঁট থেকে উপচে পড়ে কী অসাধারণ এক হাসির ছটা। মায়াঘেরা চোখ দুটোর কী দুর্লভ চাহনি, আহা!আশরাফ চঞ্চলক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, ফরিদগঞ্জ, চাঁদপুর।