গোলযোগের আশঙ্কা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ ২১ জুন। অধিকাংশ ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির আশঙ্কায় উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার আশরাফুল আলম জানান, ১৩ ইউনিয়ন পরিষদে ৯২ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৫১৮ জন সাধারণ ওয়ার্ড সদস্য ও ১৩৩ জন নারী সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৫৫ হাজার ৯৩৯ জন। ভোটকেন্দ্র ১১৭টি। প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও আশ্বস্ত হতে পারছেন না তাঁরা। নির্বাচনী প্রচারণায় কিছু চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে অংশ নেওয়া সন্ত্রাসীদের তৎপরতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররাও। কেন্দ্র দখল করে ভোট ছিনতাই হওয়ার আশঙ্কা করছেন অনেকে। সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামশুল ইসলাম জানান, ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে কিছু প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা গোলযোগ সৃষ্টি করে ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মরিয়মনগর ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী জানান, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা যেভাবে হঙ্কার ছাড়ছে তাতে যে কোনো উপায়ে গোলযোগ সৃষ্টিসহ ভোট ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে। ফলে এ ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রের প্রতি প্রশাসনিক নজরদারী ব্যাপকভাবে বাড়ানোর দাবি করেন তিনি। পোমরা, পারুয়া, রাজানগর, ইসলামপুর ও লালানগর ইউনিয়নের অধিকাংশ ভোটকেন্দ্রও ঝুঁকিপূর্ণ বলে জানান প্রার্থীরা। গোয়েন্দা সংস্থা সমূহের প্রতিবেদন অনুসারে রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়নে ২৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে সরফভাটায় পাঁচটি, রাজানগরে তিনটি, পারুয়ায় তিনটি, মরিয়মনগরে চারটি, স্বনির্ভর রাঙ্গুনিয়ায় দুইটি, বেতাগিতে একটি, পোমরয়া দুইটি, শিলকে দুইটি, ইসলামপুরে চারটি, দক্ষিণ রাজা নগরে একটি ও লালানগরে দুইটি রয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ২৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া সবকয়টি কেন্দ্রে র‌্যাব বাহিনীর নজরদারিও থাকবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে গোলযোগ সৃষ্টির সুযোগ পাবে না কেউ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’