গোলাপ-বেলির জায়গায় অর্কিড গ্লাডিওলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁদা, গোলাপ, রজনীগন্ধা কিংবা বেলি—ফুলের জলসায় নামের বাহার! উত্সব পার্বণে এসব ফুলের কতই না কদর! বসন্ত উত্সব, পয়লা বৈশাখ কিংবা বিয়ের অনুষ্ঠানে তরুণীরা খোঁপায় গুঁজে নেন একটি গোলাপ, কিংবা রজনীগন্ধা। বেলি ফুলের মালা পরে উড়ে বেড়াতেন তাঁরা। এ সবই আমাদের দেশি ফুল। অথচ এখন তরুণীদের খোঁপায় আর গাঁদা কিংবা রজনীগন্ধা খুব কমই দেখা যায়, সে জায়গায় এসেছে বিদেশি ফুল—ক্যালেন্ডুলা, জারবারা, গ্লাডিওলাস ও অর্কিড। দেখতে সুন্দর, তাজা থাকে অনেকক্ষণ আর দামও নাগালের মধ্যে—এসব কারণে নাকি বিদেশি ফুলের কদর বাড়ছে। আর কমছে দেশি ফুলের। এদিকে বিদেশি ফুলের চাষ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে। চট্টগ্রামের ফুলের বাজার হিসেবে পরিচিত মোমিন সড়কের অপরাজিতা পুষ্প বিতানের মালিক হেলালউদ্দিন বলেন, ‘আগে অনুষ্ঠানের সাজসজ্জায় গাঁদা ও গোলাপের চাহিদা ছিল সবচেয়ে বেশি। একটা সময়ে কাঁঠালচাঁপা, অলকানন্দ ফুলেরও চাহিদা ছিল। কিন্তু এখন ক্রেতারা গ্লাডিওলাস, জারবারা, কারনেশান, অর্কিডসহ বিদেশি ফুলের দিকে ঝুঁকছেন। এসব ফুল বেশি দিন তাজা থাকে। আগে বিদেশি ফুলগুলো প্রতিটি ৩০-৩৫ টাকায় বিক্রি হতো। এখন কমে ১৫-২০ টাকায় বিক্রি হয়। আর দেশি ফুলের দামও প্রায় কাছাকাছি। ক্রেতারা বুঝে না বুঝে বিদেশি ফুল কিনছেন।’ জানা যায়, ঢাকা থেকে আসে অর্কিড, যশোর থেকে জারবারা ও কারনেশান ফুল আসে ভারত থেকে। এ ছাড়া লম্বা ডাঁটাযুক্ত একধরনের গোলাপ আসে চীন থেকে। ব্যবসায়ীরা জানান, ‘বিদেশি ফুলের কারণে চাষিরাও দেশি ফুল বাদ দিয়ে বিদেশি ফুলের চাষ করছেন। এ কারণে দেশি ফুলের চাষ কমে গেছে। তবে বেলি ফুলের চাহিদা যথেষ্ট আছে। কিন্তু এই ফুল পচনশীল। ফলে তাঁরা এ ফুল বেশি কিনতে চান না। বিক্রেতারা জানান, আগে নগরে বিদেশি ফুল খুব একটা পাওয়া যেত না। এখন পাওয়া যাচ্ছে। বছরের ছয় মাস এসব ফুল পাওয়া যায়। কয়েকদিন পর কলেজছাত্রী অবন্তী ধরের ভাইয়ের বিয়ে। মঙ্গলবার তিনি মোমিন সড়কের বিভিন্ন ফুলের দোকানে এসে ফুল পছন্দ করেছিলেন। তিনি বলেন ‘শাড়ির সঙ্গে মিলিয়ে কারনেশান অথবা জারবারা ফুল পরব। এখনই অর্ডার দিয়ে রাখছি, বিয়ের দিন যদি না পাই?’ বিদেশি ফুলের ভিড়ে কী হারিয়ে যাবে দেশি ফুল? এই প্রশ্নের উত্তরে ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, ‘আসলে ক্রেতারা সবসময় নতুন কিছু চান তাই এখন বিদেশি ফুলের চাহিদা বেশি। কিন্তু তার মানে এই নয় যে দেশি ফুল হারিয়ে যাবে। কিছুদিন পরেই হয়তো ক্রেতাদের রুচির পরিবর্তন হবে, তখন দেশি ফুলের কদর হবে।’