
বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হচ্ছে। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে ৩১ অক্টোবর রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘পিংক রোড শো’ নামের এক সড়ক শোভাযাত্রার। গোলাপি পোশাক আর গোলাপি রিবন পরে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবকসহ নানান স্তরের মানুষ এই শোভাযাত্রায় যোগ দেবেন। তাঁরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মানুষের কাছে স্তন ক্যানসার প্রতিরোধের নানা উপায় জানিয়ে দেবেন।
সকাল সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পিংক রোড শো শুরু হবে। এরপর রাজধানীর নির্দিষ্ট কয়েকটি স্থানে রোড শোটি যাবে। সেসব স্থানে গোলাপি পোশাক আর রিবন পরে স্তন ক্যানসার সচেতনতার ব্যানার বা ফেস্টুন হাতে দাঁড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
রোড শো কখন কোথায় যাবে?
সকাল সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাবের সামনে, সাড়ে আটটায় বিএসএমএমইউ (পিজি হাসপাতাল, শাহবাগ), সাড়ে নয়টায় বাংলামোটর, ১০টায় কারওয়ান বাজার, বেলা ১১টায় ফার্মগেট (পুলিশ বক্স), সাড়ে ১১টায় বিজয় সরণি, দুপুর ১২টায় মহাখালী রেলগেট, বেলা দেড়টায় কাকলী (বনানী বাসস্ট্যান্ড), তিনটায় খিলক্ষেত, সাড়ে তিনটায় বিমানবন্দর, বিকেল চারটায় জসীমউদ্দীন সড়ক (উত্তরা), সাড়ে চারটায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, পাঁচটায় আজমপুর এবং সাড়ে পাঁচটায় হাউসবিল্ডিং।