গোলাপের পাশে তামাকের বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরইতলী ইউনিয়নের গরু বাজার এলাকার একটি গোলাপবাগানে চার বছর ধরে শ্রমিকের কাজ করছেন কফিল উদ্দিন (১৮)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে সারি সারি ফুলের বাগানে তাঁর মতো কাজ করতেন অনেকে। বাগানে এলেই মন ভরে যেত ফুলের সুবাসে। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। ফুলের বাগান দখল করে নিয়েছে তামাকের ক্ষেত। তামাকের গন্ধে হারিয়ে গেছে গোলাপের সৌরভ। তামাকের বিষে শ্রমিকদের মন যেমন বিষিয়ে উঠেছে, তেমনি পরিবেশদূষণের কারণে বিষিয়ে উঠেছে স্থানীয় লোকজনের জীবন। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরইতলী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ বরইতলী, গরু বাজার এবং হারবাং ইউনিয়নে দীর্ঘদিন ধরে গোলাপসহ নানা ফুলের চাষ হয়ে আসছে। গত বছরও ৫২ হেক্টর জমিতে গোলাপ ও গ্যাডিওলাসসহ বিভিন্ন ফুলের চাষ হয়েছিল। অথচ চলতি বছরে চাষ হয়েছে ৩৭ হেক্টর জমিতে। ১৫ হেক্টর জমি তামাকের দখলে চলে গেছে। বেশি টাকার লোভে জমির মালিকেরা তামাকচাষিদের কাছে জমি লাগিয়ত করছেন। বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জানান, ‘বরইতলী বিখ্যাত হয়ে উঠেছিল ফুলের গ্রাম হিসেবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশের বাগানে ফুলের ঢেউ মন কেড়ে নিত যাত্রীদের। গাড়ি থামিয়ে বাগানে নেমে পড়তেন বিদেশি পর্যটকেরা। এখন সেই পরিবেশ নেই। কিন্তু গোলাপবাগানের ভেতরে তামাক ঢুকে পড়েছে।’তবে তিনি জানান, এখানে তামাকচাষ করছেন বাইরের লোকজন এসে। আগামী মৌসুমে তামাকচাষ থেকে বিরত থাকার জন্য সবাইকে বলে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গোলাপবাগানের পাশে চাষ হয়েছে তামাকের। তামাকের তাপ শোধনে নির্মাণ করা হয়েছে চুল্লি। চুল্লিতে কাঠ পুড়িয়ে তামাক শুকানো হচ্ছে। চারদিকে ছড়াচ্ছে উৎকট গন্ধ। ফুলচাষিদের অভিযোগ, জমির মালিকেরা জমি কেড়ে নিয়ে বেশি টাকায় তামাকচাষিদের দিয়েছেন।স্থানীয় লোকজন জানান, সম্প্রতি কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াসউদ্দিন আহমদ তামাকবিরোধী নানা উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসী তামাকচাষ বন্ধে সোচ্চার। তামাকের বিকল্প চাষাবাদ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ)। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল হক জানান, চকরিয়ার পাহাড়ি জমি, নদীর তীর ও উর্বর ফসলি জমিতে তামাকচাষ বেড়েছে আশঙ্কাজনকভাবে। তামাকের আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না ফুলবাগানও। জানা গেছে, কাকারা ও লক্ষ্যারচর এলাকার চাষিরা বরইতলীর বিভিন্ন এলাকার জমি লাগিয়ত নিয়ে তামাকচাষ করছেন। মালিকেরা কানি প্রতি (৪০ শতক) ১০-১৫ হাজার টাকা বেশি নিয়ে তামাকচাষিদের হাতে জমি তুলে দিচ্ছেন। গোলাপচাষি মঈনুল ইসলাম জানান, ‘আমরা কেউ তামাকচাষ করিনি। জমির মালিকেরা তামাকচাষিদের জমি লাগিয়ত করছেন। এতে আমরা ফুলচাষও করতে পারছি না।’চকরিয়া উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, তামাকচাষ নিরুৎসাহিত করতে নানা চেষ্টা অব্যাহত আছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ তামাকচাষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন,‘মানুষ সচেতন না হলে পরিবেশ-প্রতিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তামাকচাষের বিকল্প সৃষ্টিতে কৃষকদের সহায়তা দেওয়া হবে। আর তামাকচাষিদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে।’