গোলাভরা ধানেও কৃষকের মুখ ভার
জমির পরিমাণ কমলেও চট্টগ্রামে এবার আমনের ফলন ভালো হয়েছে। তাই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। চট্টগ্রাম জেলার এবারের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা চার লাখ ৪৮ হাজার ১০৭ মেট্রিক টন ধান। তবে ধানের উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা জেগেছে কৃষকদের মনে। জানা গেছে, এবার জেলায় মোট এক লাখ ৮৩ হাজার ৬৬৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ৯৯৪ হেক্টর বেশি। আবার এটা গত বছরের চেয়ে সাড়ে ছয় হাজার হেক্টর কম। গত বছর চট্টগ্রাম জেলার এক লাখ ৮৯ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল। উৎপাদন হয়েছিল পাঁচ লাখ ১০ হাজার মেট্রিক টন। এ প্রসঙ্গে কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুল হুদা জানান, গতবারের তুলনায় জমির পরিমাণ কমেছে। কিন্তু আবাদ এই বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে। ফলনও এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তবে ধান কাটা মাত্র শুরু হলো। তাই এখনি বলা যাচ্ছে না উৎপাদন মোট কত হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এখন ধান কাটার ধুম পড়েছে। শুরু হয়েছে নবান্ন উৎসব। তবে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ৯০ ভাগ ধান গোলায় উঠবে বলে আশা করছেন কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুরুর দিকে যেসব ধান পাকে তার ফলন ভালো হয়। শেষের দিকে লাগানো ধানের ফলন তেমন হয় না। এ ছাড়া এবার আমন ফসলকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়নি। ঝড়-জলোচ্ছ্বাস না হওয়ায় ফলন ভালো হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আনোয়ারা, রাঙ্গুনিয়া, পটিয়াসহ বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার প্রতি কানি (৪০ শতক) জমির ধান চাষ করে ঘরে আনতে খরচ পড়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। প্রতি কানিতে ধানের ফলন ৬০ আড়ির কোনোভাবেই বেশি নয়। কিন্তু প্রতি আড়ি ধান বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আনোয়ারার বারখাইন এলাকার কৃষক ছালেহ আহমদ জানান, ট্রাক্টর খরচ বেড়েছে। দিনমজুরের দাম বেড়ে ৩০০ সাড়ে ৩৫০ টাকা হয়েছে। বেড়েছে সারের দামও। কিন্তু সে অনুযায়ী ধানের দাম পাওয়া যাচ্ছে না।কৃষকেরা জানান, এবার ফলন ভালো হয়েছে। তবে সে অনুযায়ী তাঁরা ধানের দাম পাচ্ছেন না। ফলে খেতের দিকে তাকিয়ে এত দিন যে হাসিটা তাঁদের চোখেমুখে লেগেছিল, তা এখন অনেকটা মিলিয়ে যাচ্ছে। এদিকে, চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল রাঙ্গুনিয়া উপজেলাধীন গুমাই বিলেও চলছে ধান কাটার উৎসব। এখানেও এবার ফলন ভালো হয়েছে। এবার ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।এখানকার কৃষক বদিউল আলম বলেন, পোকামাকড়ের আক্রমণ কিংবা ঝড়-জলোচ্ছ্বাস না হওয়ায় এবার উৎপাদন ভালো। তবে এখনই ধানের দাম কমে গেছে। এ উপজেলায় অধিদপ্তরের এবারের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ৭২৫ মেট্রিক টন। এখানে জমির পরিমাণ ১৬ হাজার ৪৬৫ হেক্টর। এ ছাড়া ফটিকছড়িতে ২২ হাজার ৪৭০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ৫৯ হাজার ৪৩৫ টন, বাঁশখালীতে ১৩ হাজার ৪৯০ হেক্টর জমি থেকে ৩৩ হাজার ৯৬৫ টন, বোয়ালখালীতে পাঁচ হাজার ৯১০ হেক্টর জমি থেকে ১৫ হাজার ৫৭০ টন, চন্দনাইশে আট হাজার ৩০০ হেক্টর জমি থেকে ২০ হাজার ৯৮০ টন, ডবলমুরিংয়ে এক হাজার ৯২৫ হেক্টর জমিতে পাঁচ হাজার ৩১৪ টন, হাটহাজারীতে নয় হাজার ৭৫০ হেক্টর জমিতে ২৫ হাজার ৬০ টন, লোহাগাড়া ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে ২৮ হাজার ৫৩৬ টন, মিরসরাইতে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে ৪৮ হাজার ৩৬৯ টন, পাঁচলাইশে এক হাজার ৩২০ হেক্টর জমিতে চার হাজার ৩৪৬ টন, পটিয়ায় ১৪ হাজার হেক্টর জমিতে ৩৪ হাজার ৪৫৮ টন, রাউজানে ১১ হাজার ৪১০ হেক্টর জমিতে ৩০ হাজার ৫৯০ টন, সন্দ্বীপে ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে ৩৪ হাজার ৭৬৫ টন, সাতকানিয়ায় ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে ৩১ হাজার ৯৪১ টন, সীতাকুণ্ডে ছয় হাজার ৭০০ হেক্টর জমিতে ১৬ হাজার ৩৭৮ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।