কক্সবাজারে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে দুই লাখ মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের কৃষক আবদুর রহিম (৫৫) ও সুলতান আহমদ (৪৭) বলেন, ‘পরিবেশ অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ধানের বিশেষ উপকারে আসে।’ ডেইলপাড়া গ্রামের চাষি বদিউর রহমান (৪৫) জানান, এবার প্রতি হেক্টর জমিতে পাঁচ মেট্রিক টনের বেশি চাল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গত বছর পাওয়া গিয়েছিল সর্বোচ্চ চার মেট্রিক টন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইউছুপ ভূঁইয়া জানান, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এই উপজেলার পাঁচ হাজার ৮০০ হেক্টর জমি থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন সম্ভব হবে।সরেজমিনে টেকনাফের হোয়াইক্যং, নিলা, জাদিমুরা, সাবরাং, শাহপরীর দ্বীপ, মহেশখালিয়াপাড়াসহ জেলার চকরিয়া, রামু, পেকুয়া উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ধানের ভালো ফলন হয়েছে।টেকনাফের নিলা ইউনিয়নের ফুলেরডেইল গ্রামের চাষি আবুল মনজুর (৫৬) জানান, এবার তিনি পাঁচ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেন। পোকামাকড় দমন ও উচ্চফলনশীল ধানের বীজ রোপণ করায় এবার চাল উৎপাদন অনেক বেড়ে যাবে। এতে তিনি খুব খুশি।রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামের কৃষক মো. আলমগীর (৩৪) জানান, তামাক চাষ বাদ দিয়ে তিনি এবার আড়াই হেক্টর জমিতে বোরোর চাষ করেন। এখন ধানের বাম্পার উৎপাদন দেখে আর তামাক চাষ করবেন না বলে জানান।রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী জানান, ‘কয়েক দফা বৃষ্টি চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। ধানে এখন চাষিদের গোলা ভর্তি হচ্ছে।’সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্র জানায়, জেলার সদর, উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় এবার প্রায় ৫৪ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিন হাজার ৪৩ হেক্টর বেশি। এবার জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৫১ হাজার ৮৫৭ হেক্টর। গত বছরের ১৫ নভেম্বর থেকে বোরোর চাষ শুরু হয়। এখন মাঠের পাকা ধান কাটা শুরু হয়েছে। মে মাস পর্যন্ত চলবে ধান কাটার মৌসুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক নরেশচন্দ্র বাড়ৈই জানান, ‘বাম্পার ফলনের কারণে এবারও চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ৫৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৯৮ হাজার ৫১৪ মেট্রিক টন। তবে বাম্পার ফলনের কারণে উৎপাদিত হবে দুই লাখ চার হাজার মেট্রিক টনের বেশি চাল।’ সরেজমিনে অনুসন্ধান করে এই তথ্য সংগ্রহ করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার জানান, অতীতের তুলনায় এবার হাইব্রিড ও উচ্চফলনশীল উর্বশী ধানের চাষ বেড়েছে। তাই ফলনও বেশি হয়েছে। তা ছাড়া খরা মৌসুমে একাধিকবার বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূল থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার জানান, ‘কক্সবাজার এবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হচ্ছে। কিন্তু কয়েক লাখ মিয়ানমারের রোহিঙ্গার কারণে কিছু চাল বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে।’