গোলাম হায়দারের জন্য মাথাব্যথা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসি পাস করেছেন ফাতেমা বেগম ও নূর-এ জান্নাত। চকবাজারের একটি কোচিং সেন্টারে ইংরেজি শিখছেন। ভোটার না হলেও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই তাঁদের। তবে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে তেমন মাথাব্যথা নেই, যত আগ্রহ দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নিয়ে। দুজন যা বললেন, তার অর্থ দাঁড়ায়—এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভোটের মাঠের ঝানু খেলোয়াড়, আর মঞ্জুর নবীন। অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই জমবে বলে তাঁদের ধারণা। এবার প্রথম ভোটের লাইনে দাঁড়াবেন চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র সালাহউদ্দিন মাহমুদ। তিনি এখনো ঠিক করেননি ভোট কাকে দেবেন, তবে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলরদের নিয়েও তাঁর যথেষ্ট আগ্রহ। তাঁর হিসাবটাও পরিষ্কার—‘নতুন-পুরোনো কোনো বিষয় নয়। যিনি ভালো কাজ করবেন তাঁকেই ভোট দেব।’ ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন সৈয়দ গোলাম হায়দার (ঘুড়ি), একরাম হোসেন চৌধুরী (মোরগ), রিয়াজুল আনোয়ার (পদ্মফুল), নুরুল হুদা (চাঁদ) ও সবুক্তগীন মক্কী (হাতি)। ওয়ার্ডে মোট ভোটার ২৭ হাজার ২২৬ জন। ভোটারদের মতে, আওয়ামী লীগের সমর্থক গোলাম হায়দার দীর্ঘদিনের পরীক্ষিত জনপ্রতিনিধি। সৎ ও ভোটারবান্ধব হিসেবে তাঁর সুনাম আছে। গত নির্বাচনে বিএনপি ঘরানার সবুক্তগীন মক্কীকে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন। এবারও প্রার্থী হয়েছেন সবুক্তগীন। আছেন জামায়াত ঘরানার রিয়াজুল আনোয়ারও। গোলাম হায়দারের সঙ্গে এ দুজনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ভোটারদের ধারণা। এবারই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন নুরুল হুদা। তিনি বলেন, ‘এখন সবখানেই পরিবর্তনের হাওয়া লেগেছে। যুবসমাজকে পরিবর্তনের মাধ্যমে পথ দেখানোর আশায় নির্বাচন করছি।’ রিয়াজুল আনোয়ার সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন। জামায়াত ঘরানার হলেও সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে ভোটারদের কেউ কেউ মন্তব্য করছেন। অবশ্য তিনি এ নিয়ে কিছু বলতে আগ্রহী হলেন না, নির্বাচন প্রসঙ্গে শুধু বললেন, ‘সব প্রার্থী যদি আচরণবিধি মেনে চলেন তবে ভালো নির্বাচন হবে।’একরাম হোসেন চৌধুরী বলেন, ‘প্রতি জেলায় চকবাজার নামে একটি এলাকা আছে। এখানে মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং সেন্টার, কলেজ ও বিদ্যালয় আছে। তবু এটি সবচেয়ে অবহেলিত এলাকা। জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা তো আছেই। বিদ্যুৎ সমস্যা, আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ অতিষ্ঠ। এসব সমস্যার সমাধান হওয়া উচিত।’ নির্বাচিত হলে এদিকে বিশেষ দৃষ্টি দেবেন বলে জানান তিনি। সবুক্তগীন মক্কী ও সৈয়দ গোলাম হায়দারকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন তিনি। ‘সব প্রার্থীই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু উন্নয়ন মানে বার বার রাস্তাঘাট ভাঙা নয়।’ বললেন চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক সৈয়দ মনির হোসেন। তিনি বলেন, ‘নগরের অভিভাবক হিসেবে যাঁরা নির্বাচিত হন তাঁরা কিন্তু দায়িত্ব ঠিকমতো পালন করেন না। ভোরে উঠে চারপাশ পরিষ্কার দেখব এটুকু আশা তো আমরা করতেই পারি।’ কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার বলেন, ‘এলাকায় জলাবদ্ধতার মূল কারণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অপরিকল্পিত ভবন ও রাস্তা তৈরি। ময়লা-আবর্জনা প্রসঙ্গে বলেন, ‘কিছুদিন ভোররাতে ময়লা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এতে কিছু সমস্যা দেখা দেয়। তাই সে পদ্ধতি বাদ দেওয়া হয়েছে।’ গতবার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ৮০ ভাগ পূরণ হয়েছে বলে তিনি দাবি করেন। কয়েকজন ভোটার সবুক্তগীনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন। তবে সবুক্তগীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জনগণের প্রতি আমার আস্থা আছে। টাকা দিয়ে ভোট কেনার দরকার হবে না।’ প্রার্থীদের নানা রঙের প্রতিশ্রুতি মন ভোলাতে পারছে না ভোটারদের। জয়নগরের নূরজাহান ফার্মেসির চৌধুরী ফরিদ উদ্দিন বলেন, ‘এলাকার অবকাঠামোগত উন্নয়ন কিন্তু চোখে পড়ছে না। যা হয় তাতেও দলীয় বিবেচনা প্রাধান্য পায়। কেবল সৎ ও নির্দলীয় প্রার্থীদের কাছ থেকে কিছু আশা করা যায়।’