গোল্ড দিবি কি না বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্য ১

এক মিলিয়ন গোল্ডের ব্যাট। প্রথম ছয়ে ঘর থেকে বের হলেন নায়ক রাকিব খানের বাবা। ঘরের প্রথম ঘুঁটি নায়িকা ঘূর্ণিমার বাবা ভিলেন চৌধুরী সাহেব বের হলেন। যিনি জিতবেন তিনি পাবেন এক মিলিয়ন সোনা।

দৃশ্য ২

নায়কের সৎ-নীতিমান বাবার দানে এক-দুই করে উঠতে লাগল। তিনি এগোতে লাগলেন কচ্ছপগতিতে। ওদিকে সোনার লোভে অসৎ পথ অবলম্বন করলেন চৌধুরী। চাল ফেরতের সুবিধা নিয়ে বড় বড় দান মেরে ধরে ফেললেন নায়কের বাবাকে।

দৃশ্য ৩

নায়কের বাবার সততার সুযোগ নিয়ে, তাঁকে অরক্ষিত অবস্থায় পেয়ে কেটে ফেললেন চৌধুরী। স্ট্যান্ডে বসে বসে নায়কের মা চেয়ে চেয়ে দেখলেন, কিছুই করার ছিল না তাঁর। কারণ, চৌধুরী ততক্ষণে স্ট্যান্ডে পৌঁছে গেছেন।

দৃশ্য ৪

বাবাহীন সংসারে কষ্টের ছয়ে স্ট্যান্ডে এল নায়ক রাকিব খান। আর তার মা চলতে লাগলেন একটু একটু করে। ওদিকে চৌধুরীর ঘরেও এল নায়িকা ঘূর্ণিমা। সে-ও ধনী বাবার বড় বড় দানে দুই, ছয়, পাঁচ তুলে তিড়িংবিড়িং করে এগোতে লাগল। কিন্তু সুন্দরী ঘূর্ণিমাকে একা পেয়ে পিছু নিল দুই ভিলেন-খাবিলা ও গাবিলা। বিপদ টের পেয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার দিতে দিতে ছুটতে লাগল নায়িকা ঘূর্ণিমা।

দৃশ্য ৫

‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে দুই ভিলেনকে দুমদাম মার লাগাল নায়ক রাকিব খান। ভিলেনদের হাত থেকে বাঁচানোর জন্য গরিব-সৎ রাকিব খানের প্রেমে পড়ে গেল নায়িকা ঘূর্ণিমা। স্ট্যান্ডে তাদের রসায়ন জমে গেল।

দৃশ্য ৬

গরিব কিন্তু সৎ নায়ক রাকিব খানের প্রেমে হাবুডুবু খাচ্ছে ঘূর্ণিমা। সেটা মেনে নিতে না পেরে নিজের খোলস থেকে বেরিয়ে এলেন চৌধুরী সাহেব। তাঁকে দেখেই রাকিব খানের মা তাঁর স্বামীর হত্যাকারীকে চিনে ফেললেন। সন্তান রাকিব খানকে বললেন, ‘এই সেই চৌধুরী, যে তোর বাবার হত্যাকারী। আজ থেকে ২০ চাল আগে এক মিলিয়ন সোনার লোভে ও তোর বাবাকে কেটেছিল! তুই এই চৌধুরীকে কেটে প্রতিশোধ নে, বাবা। মনে রাখবি, এটা তোর মায়ের আদেশ!’

দৃশ্য ৭

পিতৃহত্যার প্রতিশোধ নিতে মরিয়া রাকিব খান ছয়-পাঁচ করে চৌধুরীকে পাকড়াও করে। এমন সময় ছয় হওয়ায় পুলিশের ঘর থেকে

এক পুলিশ বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত

হন। রাকিব খানকে বলেন, ‘হ্যান্ডস আপ! ঘুঁটি নিজের হাতে

তুলে নেবেন না!’

শেষ দৃশ্য

লোভী-খুনি চৌধুরীকে ধরে নিয়ে যায় পুলিশ। তারপর...তারপর আর কী, এক স্ট্যান্ডে নায়ক রাকিব খান, নায়িকা ঘূর্ণিমা ও নায়কের মায়ের সাক্ষাৎ হলো। তারপর সুখে-শান্তিতে বসবাস করতে লাগল সবাই।

রচনা, চিত্রনাট্য ও পরিচালনা: মো. মিকসেতু l চিত্রগ্রহণ: শিখা