গোল্ডফিশ
নয়-দশ মাস আগের ঘটনা। এক রোগী খুবই সুন্দর একটা ছোট্ট গোল জার উপহার দিলেন পাপাকে। আর চিকিৎসক পাপার হাত হয়ে যথারীতি এল আমার হাতে। ওটাকে সেদিন যত্ন করে কাগজে মুড়িয়ে আলমারির ওপরের তাকে রেখে দিলাম। একজোড়া সোনারঙা মাছ আমার জারে নাচানাচি করছে—স্বপ্ন লালিত হতে লাগল। মাঝে পরীক্ষা আর বিশ্বকাপের পাল্লায় পড়ে সব ভুলেই গিয়েছিলাম প্রায়। এরপর একটু সময় পেয়েই বায়না, আমাকে একজোড়া গোল্ডফিশ এনে দিতেই হবে। প্রায় দুই সপ্তাহ বলার পর ব্যস্ত ভুলোমনা পাপার কৃপায় বাসায় মাঝারি সাইজের দুটি ফুটফুটে মাছের আবির্ভাব, তাদের লাফালাফি দেখে আমার ঝাঁপাঝাঁপিও যেন বেড়ে গেল কয়েক গুণ!মাছ দুটি প্রকৃতিগত কারণেই ২৪ ঘণ্টা মুখ হাঁ করে আর বন্ধ করে—ওদের এই বিচিত্র মুখভঙ্গি দেখে ‘অম-অম’ নামটা মনে আপনাআপনি স্থায়ী হয়ে গেল। প্রতিদিন পানি বদল করা, খাবার খাওয়ানো, মাঝেমধ্যে বড় বালতিতে ছেড়ে দিয়ে ওদের ‘ওয়ান্ডারল্যান্ড’ ভ্রমণ করিয়ে আনা—সব মিলিয়ে এমন অবস্থা হলো এই দুই মাসে যে ওদের খাবার না দিয়ে খেতে বসলে আমার গলা দিয়ে খাবার নামত না। ওরাও যেন আমাকে ধীরে ধীরে আপন করে নিল। ওদের সঙ্গে আমি অনেক কথা বলতাম। মনে হতো, ওরা বুঝি সবই বোঝে। সবচেয়ে মজার ব্যাপার, খাবার দিতে গেলে আমার আঙুল থেকেই খাবার খেত ওরা, এতে আমার আনন্দ কে দেখে!কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। সেদিন বাইরে থেকে এসে যথারীতি বেসিনের পাশে রাখা মাছগুলোর দিকে তাকিয়েছি, যে দৃশ্য দেখলাম, তা বোধ হয় এ জীবনে আর ভোলা হবে না। এক চিৎকারে সোজা দাদুর রুমে গিয়ে কেঁদে বালিশ ভেজালাম। আমার একটা মাছ এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে! বেশ কয়েক দিন ধরে খাবার খাচ্ছিল না, কিন্তু আমার কল্পনাতেই ছিল না, ওকে এভাবে বিদায় দিতে হবে। মাছটা মারা যাওয়ার পর আমি আর দেখিনি, একটা প্লাস্টিক ব্যাগে ভরে আমার ভাই ওকে বাসার সামনের লেকের পানিতে ভাসিয়ে দিয়ে এসেছে। একটা মারা গেছে, সঙ্গী ছাড়া অপরটাও বাঁচবে না, তাই কেয়ারটেকারকে বলে নিচতলার বড় অ্যাকুয়ারিয়ামটায় দ্বিতীয় মাছটাকে রেখে এসেছি। এখন আর দিনে চৌদ্দবার কারণে-অকারণে বেসিনে দৌড় দেওয়া হয় না, আর গেলেও বড় বড় মায়াবী চোখজোড়া নিয়ে পানির ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে কেউ অম-অম করে না। সীমানা, বনানী, ঢাকা।