গোসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ক্লাস ফাইভে পড়ি। ঠাকুরগাঁও অঞ্চলে এমনিতেই প্রচণ্ড শীত। দুই ভাইবোন বিছানায় লেপ মুড়িয়ে পড়ছি। শ্যামলী আমার চেয়ে বেশ কয়েক বছরের ছোট, কিন্তু পাকা বুদ্ধিওয়ালী! ছোটকালে ওর সঙ্গে খুটখাট ঝামেলা লেগেই থাকত। কোনো জিনিসকে আমি হ্যাঁ বললে, সে কোনো কিছু না বুঝেই না বলে দিত। পড়তে পড়তে তার উর্বর মস্তিষ্ক থেকে প্রস্তাব করল, এই ঠান্ডার দিনে পুকুরে ১০ মিনিট ধরে গোসল করতে পারব কি না, পারলে ৫০ টাকা পুরস্কার! কয়েক দিন আগে সে বাবার কাছ থেকে ১০০ টাকার একটা চকচকে নোট বাগিয়ে নিয়েছিল, আর এ জন্য বড়াই করার পাশাপাশি কারণে-অকারণে বাজি লাগার চেষ্টা করত। হোক সেটা জেদে অথবা টাকার লোভে, আমিও রাজি হয়েছিলাম (কারণ, আমরা একে অপরের কাছে হারতে চাইতাম না)। মা-বাবাকে ফাঁকি দিয়ে আমরা দুই ভাইবোন পুকুরে গিয়ে আমি পুকুরে নামলাম, আর ও বিচারকের মতো পুকুরপাড়ে দাঁড়িয়ে। ১০ মিনিট শেষ হয়ে গেলে পাড়ে উঠে কাপড় পাল্টাতে যাব, এমন সময় সে দেখে আমার পায়ের মধ্যে কালোমতো কী একটা লেগে আছে। আমি ‘জোঁক’ বলতেই সে লাফিয়ে উঠে এমন একটা চিৎকার দিল যে আমাদের গোপন কার্যক্রম আর গোপন থাকল না। মা-বাবা, জেঠা-জেঠিমাসহ সবাই এসে দেখে, আমি ঠান্ডায় জবুথবু হয়ে কাঁপছি।...অতিরিক্ত ঠান্ডা, বা জোঁকের ভয়—কোনো একটা কারণে রাতে শুরু হলো প্রচণ্ড জ্বর। আর এদিকে বড় মামা আমাদের দুই ভাইবোনকে নিতে (বার্ষিক পরীক্ষা শেষ তাই) পরদিন উপস্থিত। জ্বরের কারণে আমি যেতে না পারলেও দুষ্টুটা সেজেগুজে তিড়িং-বিড়িং করে চলে গেল মামার বাড়ি। কয়েক দিন পর ফিরে এসে শয়তানটা বলে, দাদা, তুই পুরো ১০০ টাকাই নিস। পরে শুনলাম, সে নানা-নানির কাছ থেকে অনেক কিছু বাগিয়ে নিয়েছে। রাগে-দুঃখে আমার কান্না আসছিল। প্রতিজ্ঞা করেছিলাম, ওই শয়তানের বুদ্ধি আর ধরব না। এখন হলে থাকি, কিন্তু এখনো শীতের দিনে ‘শয়তানটা মাঝেমধ্যে ফোন করে বলে, ‘দাদা, তোদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুর নেই। গোসল করিস। পাক্কা ৫০ টাকা পাবি!’ শুনে আমি হাসব না কাঁদব, বুঝতে পারি না।বিকাশ রায়, ফজলুল হক হলবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ময়মনসিংহ।