গোড়ালিতে জোর নেই ডেভিডের!

শক্তিমান এবং সুন্দর দেহাবয়বে আদর্শ পুরুষাকৃতির পরাকাষ্ঠা ডেভিডকে দেখে সব ঠিকঠাক মনে হলেও গবেষকেরা তার গোড়ালির জোর নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ইতালীয় গবেষকেরা বলছেন মিকেলাঞ্জেলো বুয়োনারতির এই মর্মর পাথরের ভাস্কর্যটি দুর্বল হয়ে যাওয়া গোড়ালির কারণে ১৭ ফুট উচ্চতার বিশাল শরীরের ভার বহনে অক্ষম হয়ে পড়তে পারে। ‘হাফিংটন পোস্ট’ এ খবর জানিয়েছে।
ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এবং ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভাস্কর্যটি নিয়ে এক যৌথ গবেষণা চালায়। এতে দেখা গেছে রেনসাঁ যুগের সেরা ভাস্কর্যগুলোর অন্যতম ডেভিডের বাঁ পায়ের গোড়ালিতে সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে। ফলে মর্মর পাথর মূর্তিটির দীর্ঘস্থায়ী সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
গবেষকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডেভিডের বাঁ পায়ে এবং ডান পায়ের কিছুটা ভর রাখা গাছের কাণ্ডে সূক্ষ্ম ফাটল দেখা যাচ্ছে, যা ভাস্কর্যটির স্থায়িত্বের জন্য হুমকি।’ ‘জার্নাল অব দ্য কালচারাল হেরিটেজ’-এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ইতালীয় বার্তা সংস্থা এএনএসএ এ খবর জানিয়েছে।
একটা একক মার্বেল বা মর্মর পাথর খোদাই করে সৃষ্টি করা এই ভাস্কর্যের উচ্চতা ১৭ ফুট। বিখ্যাত ইতালীয় চিত্রকর-ভাস্কর-স্থপতি-প্রকৌশলী ও কবি মিকেলাঞ্জেলোর এই ভাস্কর্যটি বিশ্ব শিল্পের ইতিহাসে এক বিস্ময়। ফ্লোরেন্স ক্যাথিড্রালে স্থাপনের জন্য বানানো হলেও নির্মাণ কাজ শেষ হওয়ার পর বিশালাকৃতির এই ডেভিডকে ফ্লোরেন্স নগরের একটা উন্মুক্ত চত্বরে স্থাপন করা হয়।

১৫০৪ সালের ৮ সেপ্টেম্বর ফ্লোরেন্সের নগর-চত্বরে উদ্বোধনের পর থেকে প্রায় পৌনে চারশো বছর খোলা আকাশের নীচে উন্মুক্ত স্থানেই ছিল ডেভিড। ১৮৭৩ ফ্লোরেন্সের একাডেমিয়া গ্যালারির ভেতরে বিশেষ প্রদর্শনী হলে নিয়ে আসা হয় ডেভিডকে। কয়েক শতাব্দী ধরে খোলা আবহাওয়ায় পাথরের মূর্তিটির গায়ে সালফেটের প্রলেপ পড়ে গিয়েছিল। প্রায় এক বছর ধরে চলা মেরামতকাজের পর ২০১১ সালে এটা দর্শকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়। এই মেরামতকাজের সময়ই গোড়ালিতে ও গাছের গুঁড়িতে ফাটলের বিষয়টা প্রথম ধরা পড়ে।
বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই এই অনন্য প্রস্তরমূর্তিটির সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা মনে করেন, বিশালাকারের একটা একক মার্বেল পাথরখণ্ড থেকে খোদাই করে বের করা ডেভিড ভূমিকম্প বা কাছের নগরের বড় ধরনের কম্পনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০১১ সালে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী ডেভিডকে ভূমিকম্প ও এ ধরনের সংকট থেকে সুরক্ষা করার মতো বিশেষ প্রদর্শনী স্থান নির্মাণের দাবি তুলে ধরেছিল।