গোয়া গিয়ে...
পুনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অনেকক্ষণ হলো। নিতাকে খুঁজছি। ঠিকানা হারিয়ে ফেলেছি কখন কে জানে। শুধু এলাকাটার নাম মনে আছে। সারা দিন লোনাভলা আর খান্ডালা ঘুরে বেড়িয়ে এমনিতেই ক্লান্ত; তার ওপর পিঠের ব্যাগটার ওজন যেন প্রতি মিনিটে দুই কেজি করে বাড়ছে। রাস্তার মোড় ঘুরতেই দেখতে পেলাম তাকে। উইন্ডশিল্ডে ‘পুনে-গোয়া’ লেখা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।গোয়ার রাজধানী পানাজি। উত্তর ও দক্ষিণ —এ দুই ভাগে গোয়া বিভক্ত। উত্তর গোয়ার বড় সৈকত হলো কালাঙ্গুটে আর দক্ষিণ গোয়ার কোলভা। আমির খানের দিল চাহতা হ্যায় ছবির শুটিং হয়েছিল গোয়ায়। ব্যস, এই হলো আমার গোয়া সম্পর্কে সাধারণ জ্ঞান। আর এই যৎসামান্য জ্ঞান সঙ্গে নিয়ে রওনা দিলাম গোয়ার দিকে, নিতা কোম্পানির বাসে চড়ে।ভোরের দিকে ঘুম ভাঙল সুপারভাইজারের ধাক্কায়। ‘কাহা উতারনা হ্যায় আপকো?’ বললাম, ‘পানাজি’। ‘পাঞ্জি তো ছোড় আয়া।’ ‘নেহি নেহি মুঝে পানাজি যানা হে।’ ‘ভাইসাব, পাঞ্জি হি আপকা পানাজি।’ ব্যাগপত্তর নিয়ে নেমে গেলাম গোয়ার রাস্তায়, সুনসান নীরবতার মধ্যে।ট্যাক্সি পেয়ে গেলাম খানিকক্ষণ বাদেই। কোলভা বিচে যেতে নেবে ৩৫০ রুপি আর কালাঙ্গুটে যেতে ২৫০ রুপি। ১০০ টাকা বাঁচাতে চলে এলাম কালাঙ্গুটে বিচের কাছে পার্কিং লটের পাশের এক হোটেলে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে গোয়া এখনো বেশ ফাঁকা। ভ্রমণের মৌসুম সামনে। পার্কিং লটে ছড়িয়ে-ছিটিয়ে অল্প কিছু গাড়ি আর ইয়া বড় বড় কুকুর সকালের রোদ পোহাচ্ছে। এরাও ব্যস্ত হয়ে পড়বে টুরিস্ট সিজনে। বিলেতি সাহেব-মেমরা কাড়াকাড়ি করে দায়িত্ব নিয়ে নেবেন এদের। গলায় বেল্ট বেঁধে সঙ্গে নিয়ে ঘুরবেন। চলে গেলাম কালাঙ্গুটে বিচে। বিচটা বেশ সুন্দর আর জমজমাট। একধার ঘেঁষে একের পর এক রেস্তোরাঁ। বালুর ওপর ফেলে রাখা বেতের সোফায় বসে সামুদ্রিক মাছভাজা সহযোগে লাঞ্চ করতে করতে সাগর দেখার মজাই আলাদা।কালাঙ্গুটে বিচের দুই কিলোমিটার দূরেই ভাগা বিচ। তারপর অঞ্জুনা, এরপর ভাগাতোর বিচ। একটু দূরে পালামোর বিচ। একেকটার সৌন্দর্য একের রকম। কোনোটা সমতল বেলাভূমি, কোনোটা পাথুরে। অপূর্ব এসব সাগরসৈকত। এ ছাড়া উত্তর গোয়ায় কিছু অল্প চেনা সৈকত রয়েছে। যেমন— আরামবোল, ক্যান্ডোলিম ও সিনকুইরম। জনপ্রিয় সৈকত দেখার সবচেয়ে সহজ আর ভালো উপায় হচ্ছে গোয়া টুরিজমের প্যাকেজ টুরে ঘোরা। এই ট্যুরে আর দেখার মধ্যে থাকে মাপুছা শহর, সপ্ত কোটেম্বর মন্দির, আগুয়াদা ফোর্ট ইত্যাদি। আর অল্প চেনা বিচ ঘোরার জন্য মোটরসাইকেল ভাড়া করে নেওয়া যায় বেশ অল্প টাকায়। গাড়িও ভাড়া করা যায় বেশ সহজেই।সারাটা দিন কাটিয়ে দিলাম মোটরসাইকেলে করে উত্তর গোয়া ঘুরে বেড়িয়ে। আর সন্ধেটা কাটল সিজলিং ফিসের ধোঁয়ায় বিষম খেতে খেতে।পরদিন সকালেই বেরিয়ে পড়লাম দক্ষিণ গোয়া সফরে। গোয়া টুরিজমের বাসে করে একে একে দেখে নিলাম অসাধারণ কিছু চার্চ। যেমন, ব্যাসিলিকা অব বম জেসাস, সে-ক্যাথিড্রাল, সেন্ট ক্যাটিজান। এরপর মঙ্গেশ মন্দির, গোয়া মিউজিয়াম, কোলভা-দোনাপাওলা ও মিরামার বিচ। পর্তুগিজদের বাড়িগুলো যত্ন করে রাখা আছে এখনো। পরিপাটি করে সাজানো ঘরগুলোর ভেতরটা। সাজানো-গোছানো সংসার ফেলে পরিবারগুলো ফিরে গেছে তাদের নিজ দেশে। কেমন যেন দীর্ঘশ্বাস টের পাওয়া যায় ঘরগুলোর ভেতরে। গোয়ার চার্চগুলোর কথা আলাদাভাবে না বললেই নয়। চমৎকার কারুকাজ করা রংবেরঙের কাচের ভেতর দিয়ে সূর্যের দাপুটে আলো কেমন যেন শান্ত হয়ে আসে এর ভেতরে। সারি সারি বেঞ্চের এখানে-সেখানে বসে প্রার্থনারত মানুষের প্রার্থনায় ব্যাঘাত ঘটায় না কেউ। সন্ধ্যার ঠিক আগে আগে চলে গেলাম পানাজির লঞ্চঘাটে নৌভ্রমণ করব বলে। টিকিট কেটে রেখেছিলাম সকালেই। শান্তা মোনিকা, রাধিকা আর মলবিকা—এই তিন জাহাজে করে গোয়া টুরিজম সানরাইজ ক্রুজের ব্যবস্থা করে। আলো-ঝলমলে লঞ্চগুলো মান্ডবি নদীর জল কেটে এগিয়ে চলে নদীর গভীরে। গোয়ানিজ নাচ-গানে রাতের নীরবতা কেটে যায় মুহূর্তেই। আমরা, যাদের নীরবতা পছন্দ, তারা লঞ্চের ছাদে দাঁড়িয়ে চাঁদের মায়াবী আলোয় নদীর এক পাড়ের পাহাড় আর অন্য প্রান্তের আলো-ঝলমল শহর দেখে মন ভরাই।রাত গভীর হচ্ছে। সৈকত ধরে এগিয়ে যাচ্ছি ভাগা বিচের দিকে। পেছনে কালাঙ্গুটের রেস্তোরাঁর আলোগুলো ক্রমেই ছোট হয়ে আসছে। আরব সাগরের ঢেউগুলো আছড়ে পড়ছে পায়ের কাছে। ভাগা বিচের আলোগুলো আরও ঝলমলে হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে ড্যান্স বারের ড্রামের শব্দ। রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে অবিরাম। গোয়ানিজ সংগীতের মূর্ছনায় মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলি। কীভাবে যাবেনকলকাতা থেকে সরাসরি গোয়া যাওয়ার একমাত্র ট্রেন হচ্ছে অমরাবতী এক্সপ্রেস। সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত সাড়ে ১১টায় ছেড়ে পরদিন বিকেলে পৌঁছায় গোয়ার ভাস্কো-দা-গামা স্টেশনে। এ ছাড়া মুম্বাই অথবা পুনে গিয়ে গোয়া যাওয়া যাবে। হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস, মুম্বাই দুরন্ত এক্সপ্রেস বা মুম্বাই এক্সপ্রেসে করে মুম্বাই গিয়ে সেখান থেকে মান্ডবি এক্সপ্রেসে যাওয়া যায় মাড়গাঁও। মাড়গাঁও থেকে গাড়িতে করে ৩৪ কিলোমিটার দূরের পানাজিতে যাওয়া যেতে পারে।হাওড়া থেকে পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস অথবা পুনে দুরন্ত এক্সপ্রেসে পুনে গিয়ে সেখান থেকে নিজামুদ্দিন-বাস্কো গোয়া এক্সপ্রেসে মাড়গাঁও। তবে মুম্বাই ও পুনে—দুই শহর থেকেই ভলভো বাস পাওয়া যাবে গোয়া যাওয়ার জন্য। মুম্বাই থেকে সময় লাগবে ১৬ ঘণ্টা আর পুনে থেকে প্রায় ১২ ঘণ্টা।কোথায় থাকবেনযদি শহরের প্রাণকেন্দ্রে থাকতে চান, তবে পানাজিতে থাকুন। আর যদি সমুদ্রসৈকতের আশপাশে থাকতে চান, তবে কালাঙ্গুটে বা কোলভা বিচের আশপাশের হোটেল বেছে নিন। দক্ষিণ গোয়ার কোলভা সৈকতের চেয়ে উত্তর গোয়ার কালাঙ্গুটে ও এর আশপাশের সৈকত অনেক সুন্দর ও পরিষ্কার। থাকার জন্য গোয়া পর্যটনের হোটেলগুলো খুবই ভালো। তবে যেখানেই থাকুন, শহরের আশপাশে নিরিবিলি জায়গায় গড়ে ওঠা কটেজগুলোয় না যাওয়াই ভালো।