গোয়াইনঘাটে একদিন
গোয়াইন নদী, পাহাড়ে ঘেরা জনপদ মিলিয়ে গোয়াইনঘাটের সৌন্দর্য অতুলনীয়।সিলেট-জাফলং পথে জৈন্তাপুর পেছনে রেখে গোয়াইনঘাটের অবস্থান। সিলেটে বেড়াতে আসা মানুষ সবাই জাফলংকে গন্তব্য করেই এই পথ পেরোয়। গোয়াইনঘাটে কজনই বা যায়! আজ শোনাব গোয়াইনঘাটের গল্প। প্রিয় এক মানুষ চিকিৎসক আরিফ। ভালুকায় কুমিরের খামারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছিলেন। এখন তিনি জৈন্তাপুরে। শ্রীমঙ্গল নেমে আরিফকে ফোন দিই। তিনি আমাদের শ্রীমঙ্গল পৌঁছানোর খবর শুনে জৈন্তাপুরে যাওয়ার দাওয়াত করে বসলেন। কী করব ভেবে উঠতে পারছিলাম না। এর মধ্যে চিকিৎসক আরিফ কাছেই গোয়াইনঘাট চলে গেলে আমাদের তিনি গোয়াইনঘাট যাওয়ার জন্য খুব অনুরোধ করেন। আমরা তখন মাধবকুণ্ড ঘুরে মাত্র সিলেটে পা দিয়েছি। রাত তখন নয়টা।আম্বরখানা থেকে গোয়াইনঘাটের টেম্পো ধরতে হবে কিন্তু ইতিমধ্যে শেষ টেম্পোটি ছেড়ে গেছে। আমরা চারজন—সাইফুল, আমি, শুভমিতা আর সাদিয়া। হঠাৎ একটা টেম্পো এসে হাজির। আমরাও কিচ্ছু না ভেবে ওই টেম্পোতে চড়ে বসলাম। রাত তখন ১০টা।গোয়াইনঘাট পৌঁছালাম ১২টার দিকে। এরই মধ্যে আরিফ চলে এসেছেন, সঙ্গে তাঁর বন্ধু চিকিৎসক রেজাউল করিম। তিনি এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। তখন রাত প্রায় ১২টা বেজে ১৫ মিনিট। সে রাতে আমরা গোয়াইনঘাট বাজারের হোটেলে খেয়ে রেজাউল করিমের কোয়ার্টারে উঠলাম। কোয়ার্টারের নাম বনলতা। রাস্তার ক্লান্তি আর প্রচণ্ড ভয়ে কুঁকড়ে যাওয়া—সব ভুলে আড্ডা, গান, চেঁচামেচি আর নিজেরাই সে রাতে আবার রান্নাবান্না করে খেয়ে ঘুমাতে গেলাম। এক ঘুমে বাকি রাতটুকু পার। আমরা বের হলাম বনলতা থেকে। তখন সবে সকালের আলো ফুটতে শুরু করেছে। খুব সুন্দর, পরিচ্ছন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রচুর গাছ এখানে, যার বেশির ভাগই ফুল আর বিশাল সব কড়ই, আকাশমণি, শাল, পিয়াল আর সেগুন। এখানে কোয়ার্টারগুলোর নামও খুব সুন্দর—বনলতা, স্বর্ণলতা, পূরবী, রাধাচূড়া, বাসর লতাসহ কত কী! আমরা হেঁটে হেঁটে গোয়াইন নদীর তীরে গেলাম। চোখ জুড়ানো সে দৃশ্য, যেন গোয়াইন নদী ফুঁড়ে সকালের সূর্য বের হচ্ছে। ধীরে ধীরে দিগন্তজোড়া সে সূর্যের আলোয় সয়লাব হলো। অপরূপ সে দৃশ্য, সূর্যের আলো গোয়াইন নদীতে পড়তে বিশ্বাস দৃঢ় হলো; এমন রঙের খেলা কেবল প্রকৃতিই খেলতে পারে। বেশ রোমাঞ্চকর অনুভূতি! আঁকাবাঁকা গোয়াইন নদীও অসাধারণ। মানুষজন তখনো জেগে ওঠেনি। তবে মহিষের একটা বড় দল আমাদের পাশ কেটে চলে গেল। গোয়াইন নদীর ওপর যে সেতুটি দাঁড়িয়ে, দূর থেকে কুয়াশার চাদরে মোড়া আবছা সে সেতুটি কি যে এক স্নিগ্ধতায় ভরা! আমাদের এভাবে অভিভূত হতে দেখে চিকিৎসক রেজা বলে উঠলেন, গোয়াইন নদী, পূর্ণিমার চাঁদ, সঙ্গে এই সেতুর ওপর বসে গল্প করা অসাধারণ! একদিন তেমন দিনক্ষণ দেখে চলে আসবেন, ভালো লাগার এক মজার অভিজ্ঞতা নিয়ে ফিরবেন! আমরা তেমন এক রাতের অপেক্ষায় থেকে পাথরে ভরা গোয়াইন নদীর পাড়ে বসে পড়ি। আকাশ দেখি, গোয়াইন নদী দেখি। নদী তো কেবল দূর থেকেই দেখলেই হয় না, কাছে যেতে হয়, জল ছুঁয়ে দেখতে হয়। এখানে জলের রং চকচকে নীল। নৌকাগুলোও খুব সুন্দর। আরেকটা অদ্ভুত লীলা দেখলাম, বাঁশবোঝাই একটি ভেলা ছুটে আসছে। অপূর্ব সে ভেলা। আমরা সুন্দরের মাঝে হারালাম, তারপর রৌদ্র গায়ে পড়তেই বনলতায় চললাম। চোখে পড়ল বিস্তীর্ণ খোলা বা পতিত ভূমি, সঙ্গে ফসলের জমি। বাঁধাকপির খেতগুলো দেখার মতো।রাস্তার পাশে চমৎকার সব মাটির বাড়ি। আমরা বনলতায় ফিরতে ফিরতে তেমন একটি বাড়িতে ঢুঁ মারলাম। দিনের আলো তখন মাথার ওপর, বনলতায় ফিরে এসে বসে রইলাম বেশ কিছুক্ষণ। গোয়াইনঘাট যেতে হলেসিলেট যাওয়ার বাসে চড়ে বসুন। গোয়াইনঘাটে কোনো থাকার হোটেল নেই। সে ক্ষেত্রে থাকার ব্যবস্থা আপনাকে সিলেটেই করতে হবে। যদি গোয়াইনঘাটে পরিচিত কেউ থাকে অথবা সরকারি বাংলোর ব্যবস্থা করতে পারেন, সে ক্ষেত্রে আলাদা। তখন গোয়াইনঘাট মনে হবে অতুলনীয়। তবে সিলেট থেকে দিনে গিয়ে দিনেই ফেরা যায়। আম্বরখানা থেকে টেম্পো সার্ভিস রয়েছে, আমরা যে পথে গিয়েছি। সুবানিঘাট থেকে বাসে গোয়াইনঘাট যেতে পারবেন। দলে লোকসংখ্যা দুজন বা চারজন হলে, সে ক্ষেত্রে সিএনজিচালিত অটোরিকশা সারা দিনের জন্য এক হাজার টাকায় ভাড়া নিয়ে গোয়াইনঘাট, জাফলংসহ জৈন্তাপুর বেড়িয়ে আসতে পারবেন। সংখ্যায় বেশি হলে একটি মাইক্রোবাস নিয়ে নিন। খাবার ব্যবস্থা গোয়াইনঘাটে খারাপ না। সিলেটের সৌন্দর্য পথে পথে। মালিনিছড়া চা-বাগান আর এয়ারপোর্টের কাছে নদীতে নৌকা ও ট্রলারে পাথর তোলার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। গোয়াইনঘাট থেকে ফেরার পথে কাছেই খাসিয়াপাড়া ঘুরে আসতে পারেন। এখানে পিয়াইন নদীর পাশেই রয়েছে সমতল ভূমির চা-বাগান। ঘুরে আসতে পারেন পাশেই রাধানগর। রাধানগরে কোনো টিউবওয়েল নেই। কুয়া এখানে মানুষের পানি সংগ্রহের একমাত্র ভরসা। এখানকার মানুষ কুয়া থেকেই পানি সংগ্রহ করে খায়। ওই পানি খুবই মিষ্টি আর সুস্বাদু। অনেকে কেবল রাধানগর যায় মিষ্টি পানির কুয়া দেখতে। আর ঘুরে আসতে পারেন প্রাচীন আর ঐতিহ্যবাহী জনপদ জৈন্তাপুর।