গোয়ালন্দ কলেজের রজতজয়ন্তী উৎসব
‘এসো মিলি প্রাণের উৎসবে, মাতি নবীন ও প্রবীণের মিলন মেলায়’—এ স্লোগান সামনে রেখে ২৮ মার্চ পালিত হলো রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উৎসব। ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান যেন সবার মিলন মেলার উৎসবে পরিণত হয়।১৯৮৬ সালের প্রথম দিকে গোয়ালন্দ উপজেলার একদল সমাজসচেতন ব্যক্তি একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। জমি ও অর্থ সংকুলানের অভাবে একটু দেরি হলেও জমি দিতে এগিয়ে আসেন স্থানীয় সমাজসেবক নাছিরুল ইসলাম। তাঁরই মেজো ছেলে মেধাবী কলেজছাত্র কামরুল ইসলাম ১৯৮৬ সালের ২৮ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার স্মরণে এ কলেজের নামকরণ করা হয় গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ।কলেজের রজতজয়ন্তী উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় আনন্দ। অনুষ্ঠানের দিন সকাল থেকেই উপস্থিত হতে থাকেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাঁদের পরিবার।আনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ী-গোয়ালন্দ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও নেত্রকোনা-৩ আসনের সাংসদ মঞ্জুর কাদের কোরায়শী, রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়াদা সাহানা বারী, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, পুলিশ সুপার রেজাউল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, কলেজের প্রতিষ্ঠাতা নাছিরুল ইসলাম, পৌর মেয়র শেখ মো. নিজাম, কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।