গোয়ালারা এখন কষ্টের ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনায়েত বাজার বাটালি সড়ক ধরে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পাশের গলি দিয়ে কিছুদূর সামনে গেলে গোয়ালপাড়া। নামের মধ্যেই পাড়ার মানুষের পেশা সম্পর্কে ধারণা পাওয়া যায়। গলির পথ ধরে কিছুটা এগিয়ে আর যাওয়া যায় না, নালার ময়লা উপচে পড়েছে সড়কে। গলিটাও এমন সরু যে দুজন মানুষ একসঙ্গে হাঁটতে পারে না। একটু সামনে গিয়েই দেখা যায়—একটি মজাপুকুরের পানিতে পাড়ার নানা বয়সী মানুষ গোসল করছেন, নারীরা ধোয়ামোছার কাজ করছেন। এবার অন্দরের কথা—বেশির ভাগ ঘর এক কক্ষের। সেখানে গাদাগাদি করে বাস করে একেকটি পরিবার। গোয়ালপাড়ায় অবশ্য গোয়ালাদের দেখা মেলেনি তেমন। তাঁরা নাকি এখন আর দুধ বিক্রি করেন না, পেটের দায়ে এখন ‘পুরোদস্তুর ব্যবসায়ী’। কেউ কেউ শাকসবজি, তরিতরকারি বিক্রি করেন। কেউ ফেরিওয়ালা। কেউ কেউ চাকরিও করেন ছোটখাটো। গোয়ালারা কেন ফেরিওয়ালা? প্রশ্নের জবাব দিলেন শতবর্ষী কামিনী ঘোষ, ‘সেই পাকিস্তান আমল থেকে আমাদের দুধ বিক্রির পেশা। এখন আর পারি না। আর চলে না।’রীতা ঘোষ ক্ষোভ প্রকাশ করেন এভাবে—‘গরু পালব কীভাবে? রাস্তায় গরু তুলতে দেয় না, খাবারের দামও বেশি। এদিক ওদিক হলেই সিটি করপোরেশন মামলা করে দেয়। আপনারা এসে পত্রিকায় লিখেই খালাস। লাভ তো কিছু হয় না।’অবশ্য এখনো পেশা ছাড়েননি রামনারায়ণ ঘোষ। ‘বাপ-দাদার আমলে ৩০-৪০টা গরু ছিল। এখন আছে ৯-১০টা। গরু পালতে কষ্ট বেশি। আর এখন সবকিছুর দাম বেশি, পোষাতে পারি না। দুধের দাম বাড়ালে ক্রেতারা আপত্তি দেন।’গোয়ালপাড়ায় পরিবার আছে ২৫-৩০টি। স্থানীয়রা জানান, এলাকায় পানির সংকট ১২ মাস। দু-একজনের নিজস্ব নলকূপ থাকলেও পানির জন্য রাস্তার কলই একমাত্র ভরসা। কলে পানি না থাকলে কিনতে হয়।কমলা রানী বলেন, ‘টেপ থেকে এক কলসি পানি আট আনা দামে কিনি। পানির জন্য খুব কষ্ট। এ কষ্ট চলছে বছর বছর ধরে। ভোটের সময় নেতারা সব ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। পরে তাঁদের আর দেখি না।’৮০ বছরের ইন্দ্রবালা বলেন, ‘প্রতিদিন ৮০ টাকার ভুষির-লাকড়ি কিনে রান্না করা লাগে। চালের দামও বাড়তি। মরি যাই না কী করি, কেউ খোঁজ নেয় না।’কানুন আল ঘোষ বলেন, ‘এলাকার জন্য কারও কোনো সাহায্য পাই না বরং আছে নানা বাধা। এই পেশায় থাকতে পারব কি না জানি না।’সামগ্রিক বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক বললেন ভিন্ন কথা। তিনি জানান, ‘গোয়ালপাড়ার প্রায় লোক একসময় ছিল অশিক্ষিত। এখন অনেক ছেলেমেয়ে লেখাপড়া শিখছে। আগে পরিবারের লোকজন দুধ বেচে মদ খেতেন, বর্তমানে শিক্ষা-দীক্ষায় সচেতন হওয়ায় দুধের ব্যবসা ছেড়ে অনেকে ছোটখাটো ব্যবসা করছেন, গাড়ি চালাচ্ছেন।’ পানির সমস্যার ব্যাপারে কাউন্সিলর বলেন, ‘ভাড়াটেদের পানি সমস্যার ব্যাপারে জমিদারদের কোনো উদ্যোগ নেই। আমি নিজে তিনটি এবং সংসদ সদস্য নুরুল ইসলাম একটি পানির পাইপলাইনের ব্যবস্থা করেছি।’ এনায়েত বাজার সিটি করপোরেশন দাতব্য চিকিৎসালয় গোয়ালপাড়াতেই। হাসপাতালের চিকিৎসক তন্দ্রা চৌধুরী বললেন, ‘এলাকার লোকজন চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি। এর প্রধান কারণ পাড়ার অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ।’ এ হাসপাতালে বিনা পয়সায় ওষুধ দেওয়া হলেও ২০ টাকার টিকিট কাটতে হয়—জানান পাড়ার লোকজন।তবে যতই অর্থকষ্ট থাকুক সন্তানদের বিদ্যালয়ে পাঠান অভিভাবকেরা। সিটি করপোরেশন ও ইউনিসেফের তত্ত্বাবধানে ‘শিশু বিকাশ কার্যক্রম’ ও ‘প্রাথমিক শিক্ষা কার্যক্রম’ পরিচালিত হয়। ১০০ শিশু এতে পড়ালেখা করে।শিশু বিকাশ কার্যক্রমের শিক্ষিকা রহিমা আক্তার বলেন, ‘অনেক সময় বাচ্চারা বিদ্যালয়ে আসে না। তখন বাড়িতে গিয়ে ডেকে আনি। আমরা পড়াশোনার ব্যাপারে খুবই সতর্ক।’ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক জানিয়েছেন, ‘ইউনিসেফ বর্তমানে বিদ্যালয়টি চালাতে চাইছে না। আমি নিজ উদ্যোগে একটি ঘর তৈরি করছি যাতে ছেলেমেয়েরা স্থায়ীভাবে পড়ালেখা করতে পারে।’