গৌর-উজ্জ্বল ত্বকের মোহ-ফাঁদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুন্দর মানেই ফরসা’ বা এ ধরনের প্রচারণার বিরোধিতা করে সম্প্রতি একটি প্রচারাভিযানে নামেন ভারতীয় অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। ‘রং ফরসা করার ক্রিম’ বা ওই জাতীয় বিজ্ঞাপনের বিরোধিতা করে অনেকেই সমর্থন দিয়েছেন নন্দিতাকে। ছবি: এএফপি
‘সুন্দর মানেই ফরসা’ বা এ ধরনের প্রচারণার বিরোধিতা করে সম্প্রতি একটি প্রচারাভিযানে নামেন ভারতীয় অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। ‘রং ফরসা করার ক্রিম’ বা ওই জাতীয় বিজ্ঞাপনের বিরোধিতা করে অনেকেই সমর্থন দিয়েছেন নন্দিতাকে। ছবি: এএফপি

প্রাচীন সংস্কৃত শ্লোকে আছে, ‘না সাজলে সুন্দরী নারীর রূপও যথার্থ প্রস্ফুটিত হয় না’। আর বাংলা শ্লোকে আছে, ‘সাজলে গুঁজলে নারী, লেপলে পুছলে বাড়ি’। ইতিহাসও বলছে, সুদূর অতীত থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে নারীদের রূপচর্চার নিজস্ব শৈলী ছিল। কিন্তু আধুনিক কালে এসে নারীর সুন্দর হওয়ার সাধ যেন থমকে গেছে কেবল গায়ের রঙেই! সুন্দর হয়ে ওঠার প্রথম শর্ত যেন ফরসা গায়ের রং! হাল আমলের ভারতীয় নারীরা ফরসা ত্বকের জন্য কতো কি করছেন সে বিষয়ে জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ।

যুগ যুগ ধরে পুরুষেরা যেমন নারীর সৌন্দর্যের বন্দনা করছে, তেমনি নারীও নিজেকে সাজাতে চেয়েছে সুন্দরের আরাধনায়। কিন্তু এখনকার বিয়ে-শাদীর বিজ্ঞাপন থেকে শুরু করে নানান জাতের প্রসাধনী ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনেও ‘সঠিক পাত্রী’ বা ‘যোগ্য নারীর’ অন্যতম শর্ত হয়ে উঠেছে ‘ফরসা ত্বক’, তা টেলিভিশনেই হোক কিংবা পত্রিকার পাতায় অথবা রাস্তার বিলবোর্ডে। বিশ্লেষকরা বলছেন, বিজ্ঞাপনী-সংস্কৃতির এই যুগে এসব বিজ্ঞাপন যথেষ্টই প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে এবং প্রসাধনীর বাজারে তার প্রভাবও অত্যন্ত স্পষ্ট।

স্প্যানিশ স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কেইনদোর ইন্ডিয়া’-এর ব্যবস্থাপনা পরিচালক রবি মিত্তাল বলেন, ‘ফরসা না হলে মেয়ের বিয়ে হবে না, এমন বিজ্ঞাপন প্রচার করা রং ফরসা করার ক্রিমগুলোর বিপণন কৌশল ব্যক্তির মানসিকতা বদলে ফেলতে সক্ষম হয়েছে। দৃশ্য মাধ্যম এই কৌশলকে এই পর্যায়ে নিয়ে গেছে যে, এখন ফরসা মানুষেরাও রং ফরসা করার ক্রিম মাখছেন।’

‘অ্যান্টি-এজিং ক্রিম’ বা বুড়িয়ে যাওয়া প্রতিরোধক ক্রিমগুলোও ভালো ব্যবসা করছে এখন। তবে, রং ফরসা করার ক্রিমের বিক্রিই এখনও অনেক বেশি। মিত্তাল জানান, ‘এ বাজারের প্রায় ৫৬ ভাগই রং ফরসা করার ক্রিমের দখলে।’ আর এইসব প্রসাধনীর ব্যবহারে পিছিয়ে নেই কোনো বয়সের নারীরাই। মিত্তালের পর্যবেক্ষণ হল ‘কে বেশি ফরসা’ সেই প্রতিযোগিতায় আছেন কিশোরী থেকে শুরু করে মধ্য বয়স পেরোনো নারীরাও।

‘ন্যাচারালস’ নামের একটি বিউটি স্যালুন চেইনশপের প্রতিষ্ঠাতা বীণা কুমারাভেলও রবি মিত্তালের মতোই একই কথা বলেছেন। কুমারাভেল বলেন, ‘মানুষ আসছে আর ত্বক ফরসা করার দাওয়াই চাইছে। উত্তর ভারতেরই হোক আর দক্ষিণ ভারতের, তাঁরা সবাই চান এখন যেমন আছেন তারচেয়ে ফরসা হতে হবে তাকে। কিন্তু আমরা যেহেতু “রাসায়নিক বড়ি” ব্যবহার করি না, তাই আমরা তাদের পুরোপুরি ফরসা করে দিতেও পারি না। আমরা চামড়ার কুঁচকে যাওয়ার চিকিত্সা করি, এতে ত্বক কিছুটা উজ্জ্বল আর সুন্দর দেখায়।’

চিকিত্সক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বিভিন্ন সময় নির্বিচারে ‘রং ফরসা করার ক্রিম’ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, সে যাই হোক, দিন দিন বাড়ছেই এমন সব প্রসাধনীর ব্যবহার। ২০১০ সালে এসিনিয়েলসন-এর এক বাজার গবেষণায় দেখা গেছে ভারতে রং ফরসা করার ক্রিমের বাজার প্রায় ২ হাজার ৬০০ কোটি রুপির। আর কেবল ২০১২ সালেই ভারতীয়রা ২৩৩ মেট্রিক টন রং ফরসা করার ক্রিম ব্যবহার করেছেন।