গৌরবের উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

কয়েক দিন থেকেই ভাবছিলাম, কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা যায়। এখানে শহীদ মিনার নেই। শ্রদ্ধা জানাতে তাই ফুল দেব কোথায়, এমন কিছু ভাবতেই মনে হলো এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবাই মিলেই তো আয়োজন করাই যায়।

আমি দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আমরা একেবারেই নতুন। ফুলব্রাইট প্রোগ্রামে ছয় মাসের জন্য স্কলারশিপ নিয়ে এসেছি। সেই ভাবনা থেকে শহীদ দিবসের এক সপ্তাহ আগেই আমাদের সমন্বয়ক শারি শেলবার্গকে বিষয়টি জানালাম। তিনি আমাদের জন্য একটি সম্মেলনকক্ষের ব্যবস্থা করলেন। আমরা ১০টি দেশ থেকে মোট ১৬ জন বৃত্তি নিয়ে পড়াশোনা করছি। তাই ভাবলাম, এটাই সুযোগ বিশ্বব্যাপী ভাষার প্রতি আমাদের আত্মত্যাগ, সম্মান ও স্বীকৃতির বিষয়টি সবাইকে জানান দেওয়ার। সেই ভাবনা থেকে দাওয়াতপত্র তৈরি করলাম, তথ্য ও ছবি দিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করলাম। তবু মনে হচ্ছিল কোথাও যেন একটু খামতি আছে। আয়োজনটাকে কীভাবে ভিন্নমাত্রা যোগ করে সফল করা যায়, এটা ভাবতেই চট করে বুদ্ধি বের করলাম, আমাদের দেশীয় খাবার আয়োজন করলে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই মুরগির তেহারি, পায়েস, পিঠা তৈরি করলাম রাতভর।

২১ ফেব্রুয়ারি, স্থানীয় সময় সকাল ১০টায় ফারমার্স বিল্ডিং, সম্মেলনকক্ষ ১৪৬–এ সবাই এসে আসন গ্রহণ করলেন। এই দিনকে যথাযথ মর্যাদায় পালন করতে যেন কোনো ত্রুটি না থাকে, সেটি বিবেচনায় রেখে এ অনুষ্ঠানে আমরা প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বাংলাদেশি শিক্ষক অধ্যাপক ফিরোজ জামানকে। আমাদের আরেকজন বাংলাদেশি ফুলব্রাইট ফেলো সাইফুল ইসলাম ২১ ফেব্রুয়ারির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরলেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। সেই সঙ্গে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটি ১২টি ভাষায় গাওয়া হয়েছে এমন একটি ভিডিও দেখানো হলো। গানটি শোনার পরে সবার অনুভূতি ছিল লক্ষ করার মতো।

এরপর বাংলাদেশের সৌন্দর্যের ওপর নির্মিত তথ্যচিত্র তুলে ধরলাম এবং বাংলাদেশি খাবার পরিবেশ করলাম। প্রথমবারের মতো বাংলাদেশি খাবার খেয়ে তাঁরা এতটাই মুগ্ধ যে অনেকে অতিরিক্ত প্যাকেট আবদার করলেন! জানতাম এমনটা হবে। তাই বেশি করেই আয়োজন করেছিলাম।

সব মিলিয়ে আয়োজনটা সফল হয়েছে। প্রথমবারের মতো দেশের বাইরে উদ্‌যাপন করলাম মহান ২১ ফেব্রুয়ারি। নিজের ভাষার ইতিহাস বিশ্বের সামনে গর্বের সঙ্গে তুলে ধরতে পেরে যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।