রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান, আসাদুর রহমান, শিউলী আক্তার, এনায়েত করিম, জনাব আলীর মতো এ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬ হাজার শিক্ষার্থীর কাছে ১২ জুলাই দিনটি ছিল অন্যান্য দিনের চেয়ে আলাদা। তাঁদের সবার কাছেই দিনটি ছিল আনন্দের, উৎসাহের আর গৌরবের একটি দিন। কারণ, দিনটি ছিল তাঁদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫৮ বছরের দিন।৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উপাচার্য এম আবদুস সোবহান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের পতাকা ও প্রাধ্যক্ষরা নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। তখন সেখানে শান্তির প্রতীক সাদা পায়রা, বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এরপর সিনেট ভবন প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হওয়া আনন্দ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। এতে আলোচক ছিলেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি আবদুর রাজ্জাক।প্রখ্যাত আইনজীবী মাদার বখ্শসহ রাজশাহীর সর্বস্তরের জনগণের প্রচেষ্টায় ১৯৫৩ সালে গড়ে ওঠে এ বিশ্ববিদ্যালয়টি। শুরুতে পাঁচজন ছাত্রীসহ মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করলেও বর্তমান্রেএখানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে এ ক্যাম্পাসের শিক্ষার্থী আসাদুর রহমান, এস এম নাদিম মাহমুদসহ অনেক শিক্ষার্থী জানান, এ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, এ বিশ্ববিদ্যালয়ের আওতায় রয়েছে দেশের প্রথম জাদুঘরখ্যাত বরেন্দ্র গবেষণা জাদুঘর, রয়েছে শিল্পী নিতুন কুন্ডুর অমর কীর্তি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’; রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা নামক একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, সুবর্ণজয়ন্তী্রটাওয়ার, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, বিজয় সাগর, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রভৃতি, যা নিয়ে সবাই গর্ব ও অহংকার করতে পারেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরাফাত কবির, ফয়সাল ইসলাম, ফরহাদ আহমেদ, নাছির উদ্দিন, আল মামুন সরকার, কাজী ওয়াজির হায়দারসহ আরও অনেকে তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনটি তাঁদের কাছে সত্যিকার অর্থেই আনন্দ ও গৌরবের একটি দিন। তাঁরা এ বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, এ বিদ্যাপীঠটি সত্যিকার অর্থে একটি আধুনিক জ্ঞান-গবেষণা চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সময়োপযোগী কোর্স-কারিকুলাম প্রণয়ন এবং পঠন-পাঠন ও গবেষণায় নিরন্তর নিবেদিত থাকার আহ্বান জানান।