গ্যালারির তারকারা
জাতীয় পতাকা হাতে বর্ণিল সাজে তাঁরা উত্সাহ জোগান প্রিয় তারকা ও দলকে। ক্রিকেটারদের মতো তাঁরাও বেশ পরিচিত দর্শক মহলে। এ বিশ্বকাপেও তাঁদের অনেকের দেখা মিলছে গ্যালারিতে। উপমহাদেশের এমন কয়েক ‘তারকা সমর্থক’কে নিয়ে লিখেছেন মো. রানা আব্বাস

কথায় বলে, ‘এক বনে দুই বাঘ বাস করতে পারে না!’ শোয়েব আলী আর ফাহিমুল হকের বেলায় বোধ হয় এ কথা খাটে না! দেশের মাটিতে বাংলাদেশের খেলা থাকলেই গ্যালারিতে এ দুই ‘টাইগারের বিচরণ’ দেখা যায় নিয়মিত!
বেঙ্গল টাইগারের সাজে লাল-সবুজ পতাকা হাতে দুজনের উপস্থিতি গ্যালারিতে তৈরি করে ভিন্ন মাত্রা। সারাক্ষণ দর্শকদের উজ্জীবিত রাখা আর বাংলাদেশ দলকে উত্সাহিত করাই তাঁদের মূল কাজ। এখন তো গ্যালারির অন্যতম অনুষঙ্গই হয়ে দাঁড়িয়েছে এই ‘দুই বাঘ’। মজার ব্যাপার, দুজনের নামের পাশেও ‘টাইগার’ শব্দটি সেঁটে গেছে! তাঁদের নিয়ে লেখালেখি হয়েছে দেশ-বিদেশের সংবাদমাধ্যমেও।

বাংলাদেশের ভেন্যুগুলো তো বটেই, জাতীয় দলকে উত্সাহিত করতে হাজার মাইল দূরের দেশেও ছুটে যান তাঁরা। ২০১৩ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলকে সমর্থন দিতে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে গিয়েছিলেন শোয়েব। পেশায় মোটর মেকানিক শোয়েবকে নিয়ে ‘বাঘের সাজে বাংলাদেশের সমর্থক’ শিরোনামে একটি ফিচারও করেছিল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ‘শাবাশ সাকিব, শাবাশ মুশফিক...গর্জে ওঠো বাংলাদেশ’—এমন চিত্কারে ভিনদেশের প্রায় বাংলাদেশি-শূন্য গ্যালারি একাই মাতিয়ে রেখেছিলেন শোয়েব।
তবে শোয়েব এবার এখনো যেতে পারেননি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। শুরুতে আর্থিক সমস্যা থাকলেও সর্বশেষ ভিসা-সংক্রান্ত জটিলতায় আটকে গেছে শোয়েবের অস্ট্রেলিয়া যাত্রা।
গত বুধবার রাতে বলেন, ‘কয়েকজন বলেছেন অস্ট্রেলিয়ায় থাকার ব্যবস্থা করে দেবেন, একজন প্রতিশ্রুতি দিয়েছেন বিমানের টিকিট জোগাড় করে দেবেন। কিন্তু শেষমেশ সমস্যা হয়ে দাঁড়াল ভিসা নিয়ে। যদি একটা ম্যাচ দেখার সুযোগ পাই, তবুও অস্ট্রেলিয়ায় যাব। আশা ছাড়িনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শোয়েব না যেতে পারলেও আরেক ‘টাইগারের’ উপস্থিতি আছে বাংলাদেশের ভেন্যুগুলোয়। এই তো কদিন আগে মানুকা ওভালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বেঙ্গল টাইগারের বেশে লাল-সবুজ পতাকা হাতে গ্যালারি মাতিয়েছেন ফাহিমুল হক।
ফাহিমুল অবশ্য ‘টাইগার মিলন’ নামেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড তো ফাহিমুলের ছবি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার দুই বাঘ প্রসঙ্গে বললেন, ‘সব দলেরই কমবেশি এমন সমর্থক থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দলে আছে; আমাদেরও আছে। খেলার ফল ভালো-খারাপ যা-ই হোক, তারা বাংলাদেশকে সমর্থন করে সব সময়। আমরা তো এটাই চাই। ভালো-খারাপ যা-ই হবে, দলকে নিজের ভেতর ধারণ করতে হবে। ওরা সেটা করে।’

বিদেশের মাটিতে এমন সমর্থকের উপস্থিতি নিঃসন্দেহে অন্য রকম ভালো লাগা তৈরি করে। হাবিবুল বললেন, ‘দেশের ভেতর আমাদের প্রচুর সমর্থক থাকে। কিন্তু দেশের বাইরে খেলতে গিয়ে যখন দেখি, কেউ আমাদের জন্য অবিরত গলা ফাটাচ্ছে, ভীষণ ভালো লাগে।’
কেবল দর্শক ও খেলোয়াড়দের উজ্জীবিত করতেই নয়, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে যেকোনো আন্দোলনেও তাঁদের পাওয়া যায় সামনের সারিতে।
পাকিস্তানের আরেক চাচা
‘চাচা’ বলতেই পাকিস্তানের সেই বিখ্যাত আবদুল জলিলের কথাই আগে মনে পড়বে। তবে সাম্প্রতিক সময়ে গ্যালারিতে পাকিস্তানের আরেক ‘চাচা’র আবির্ভাব ঘটেছে।
ভারত-পাকিস্তানের বেশ কটি ম্যাচে দুই দেশের জোড়া লাগানো পতাকা নিয়ে ‘নতুন চাচা’ মোহাম্মদ বশির যেন সৌহার্দ্যের প্রতীক।
৬০ বছর বয়সী ক্রিকেটপ্রেমী বশির পেশায় ব্যবসায়ী, আমেরিকার শিকাগোতে একটি মোগলাই রেস্টুরেন্ট আছে তাঁর।
পাকিস্তানের ম্যাচে বশিরকে প্রায়ই পতাকার আদলে তৈরি কুর্তা পরে দলকে সমর্থন দিতে দেখা যায়। অবশ্য তাঁর গায়ে এই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ছবিসংবলিত পোশাক! কেন?
গত বছর বাংলাদেশে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। পাকিস্তান বিদায় হয়েছিল আগেই। শিকাগো থেকে উড়ে আসা বশিরের ফাইনালের টিকিট ছিল না। এটা জেনে ধোনি তাঁকে একটা টিকিট দেন।
সেই থেকেই ধোনিভক্ত বশির। ভারত অধিনায়কের ছবিসংবলিত পোশাক গায়ে এবার তিনি গলা ফাটিয়েছেন ভারতের জন্যও! গত এপ্রিলে মিরপুরে বাংলাদেশকেও সমর্থন জানিয়েছিলেন তিনি।

ধোনি বলতে অজ্ঞান
সুধীর গৌতমকে নিশ্চয় চিনে থাকবেন। শচীন টেন্ডুলকারের সেই বিরাট ভক্ত, শঙ্খ হাতে, তেরঙ্গার রঙে শরীরটা রাঙিয়ে ‘টেন্ডুলকার নম্বর ১০’ লিখে নিয়মিত হাজির হন মাঠে। সুধীরের মতো আরেক সমর্থকের দেখা মেলে গ্যালারিতে। নাম রাম বাবু। থাকেন ভারতের চণ্ডীগড়ে। ধোনি অন্তঃপ্রাণ। গ্যালারিতে তাঁকে দেখা যায় তেরঙ্গার সঙ্গে ‘ধোনি নম্বর ৭’ সাজে।
গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুধীরের সঙ্গে বাবুও এসেছিলেন বাংলাদেশে। টুর্নামেন্ট চলার সময়ই ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা নিয়েই সমর্থন জুগিয়েছেন ধোনিদের।
শারীরিক বাধাকে হার মানিয়েছেন যিনি
শ্রীলঙ্কার খেলা থাকলেই গ্যালারিতে তাঁর উপস্থিতি। পরনে দলের জার্সি, মাথায় বিচিত্র এক হ্যাট আর হাতে জাতীয় পতাকা—লঙ্কান এই সমর্থকের নাম গায়ান মঞ্জুলা সেনানায়েকে। শারীরিক সীমাবদ্ধতাকে ফুত্কারে উড়িয়ে শ্রীলঙ্কাকে সমর্থন জোগাতে ছুটে বেড়ান এদেশ-ওদেশে।
দলকে এভাবে সমর্থন জোগানোর চিন্তা প্রথম মাথায় আসে শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের পর। দলকে সমর্থন জানাতে প্রথম মাঠে যান ১৯৯৮ সালে। সেই শুরু, চলছে এখনো।
শ্রীলঙ্কার দর্শক, খেলোয়াড় তো বটেই, অনেক আন্তর্জাতিক ক্রিকেট তারকার কাছেও তিনি বেশ পরিচিত। ম্যাচের পর প্রায়ই দেখা করেন লঙ্কান খেলোয়াড়দের সঙ্গে। এভাবেই গড়ে ওঠে নিজ দেশের তারকাদের সঙ্গে বন্ধুত্ব। গায়ানের প্রথম বিদেশ সফর বাংলাদেশে, ২০০৬ সালে। দলকে সমর্থন জোগাতে গিয়েছেন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আরব আমিরাত প্রভৃতি দেশে। বিশ্বকাপে লঙ্কানদের উজ্জীবিত করতে তিনি এখন অস্ট্রেলিয়ায়।
উল্লিখিত অধিকাংশ সমর্থকই কিন্তু আর্থিকভাবে সচ্ছল নন। কথা হলো, বিদেশে দলকে সমর্থন জোগাতে তাঁদের যাওয়ার ব্যবস্থা হয় কীভাবে?
এ ক্ষেত্রে তাঁদের সাধারণত অর্থায়ন করে করপোরেট প্রতিষ্ঠান, বর্তমান ও সাবেক খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন সমর্থকগোষ্ঠী।
অনেক সময় সেটা কঠিন হয়ে পড়ে। তবু তাঁদের চেষ্টার কমতি নেই। প্রিয় দলকে সমর্থন জোগাতে যেকোনো কষ্ট স্বীকার করতে তাঁরা প্রস্তুত।