গ্যালারির বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেরাগি পাহাড়ের গলির মুখে বইয়ের দোকানটি ঘিরে সচরাচর এমন ভিড় দেখা যায় না। কাছে যেতেই ভিড়ের কারণটা বোঝা গেল। দোকানের বাইরের বইয়ের তাক ঘেঁষে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল অনেকগুলো বই। পিরামিড আকৃতির সারি সারি ঝুলন্ত বইয়ের নিচে মাটিতে রাখা ছিল ময়লার ঝুড়ি। সেখানেও কিছু বই পড়ে থাকতে দেখা গেল। সচরাচর ফুটপাতে বিক্রি হয় এমন সব চটকদার বই ও ম্যাগাজিন ছিল এসব বইয়ের ভিড়ে। বেশির ভাগ বইয়ের পাতা খোলা। সেসব পাতার লেখা ও ছবি ঢেকে দেওয়া হয়েছিল হলুদ-মরিচ, এলাচ এসব মসলা দিয়ে।বই কিনতে আসা পাঠকেরা তো বটেই পথচলতি মানুষজনও থমকে দাঁড়াচ্ছিলেন ঝুলন্ত বইয়ের এই প্রদর্শনী দেখতে। বহু দর্শক ততক্ষণে জেনে গেছেন শিল্পী শায়লা শারমিনের ‘স্পাইসি স্টোরি’ নামের স্থাপনাশিল্পের প্রদর্শনী এটি।চেরাগি পাহাড় এলাকার ফুটপাত ও রাস্তাজুড়ে এমন বেশ কিছু স্থাপনাশিল্প ও পারফরম্যান্স আর্টের প্রদর্শনী দেখলেন দর্শকেরা। যোগ আর্ট স্পেসের উদ্যোগে উন্মুক্ত এই শিল্পপ্রদর্শনী হয়ে গেল গত শুক্র ও শনিবার। তরুণদের আড্ডাস্থল চেরাগি পাহাড় শিল্পী, দর্শক ও বোদ্ধাদের মিলনমেলায় পরিণত হয়েছিল এই প্রদর্শনী চলাকালে। প্রায় ১৭ জন শিল্পী বিভিন্ন ধরনের কাজ উপস্থাপন করেন এই প্রদর্শনীতে। কেবল চেরাগি পাহাড় কেন চট্টগ্রামের খোলা চত্বরে, লোকসমাগমের স্থানে এমন প্রদর্শনী আগে হয়নি। দেশের বাইরে গত ৫০ বছর ধরে স্থাপনাশিল্পের চর্চা হলেও এখানকার মানুষজনের জন্য ব্যাপারটা নতুনই। চেরাগি পাহাড়ে আসা দর্শকেরাও নতুনত্বের স্বাদ পেলেন বহু দিন পর। শিল্পীদের সামনাসামনি পেয়ে অনেকে তাঁদের কাজ সম্পর্কে সরাসরি প্রশ্ন করেছেন। এভাবে দর্শক-শিল্পীর মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় খুশি অংশ নেওয়া শিল্পীরাও।প্রদর্শনীর কিউরেটর জাহেদ আলী চৌধুরী বলেন, ‘মূলত শিল্পকে গ্যালারি থেকে বের করে আনতেই এ ধরনের আয়োজন। শিল্পকে দেখার চোখটা যেন তৈরি হয় সে চেষ্টাই ছিল আমাদের।’প্রদর্শনীর বেশ কিছু কাজ সাধারণ দর্শকদের অনেকেই বুঝতে পারেননি। শিল্পীর কাছ থেকে কাজের ব্যাখ্যা শুনেও সন্তুষ্ট হতে পারেননি অনেকে। কয়েকজন দর্শকের মন্তব্য, কিউরেটিং ও সার্বিক আয়োজনে তাড়াহুড়ো ছিল। ছিল শৌখিন মেজাজও। তাই অনেকের উপস্থাপনাই দায়সারা হয়েছে। ঝুলন্ত ক্যারাম, পলিথিনে বাঁধা শুকনো পাতা, চিড়িয়াখানার জন্তুদের মুখে বিশ্ব নেতাদের মুখ বসিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি কাজে গভীরতার অভাব দেখা গেছে। আবার চিন্তার খোরাক জাগিয়েছে এমন কয়েকটি কাজের ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি দর্শকদের। তবে এমন আয়োজন নিয়মিত হলে আরও গোছানো ও সুচিন্তিত হবে বলে মনে করছেন দর্শকেরা। অন্যান্য কাজের মধ্যে ছিল শিল্পী আলপ্তগীন তুষারের কলার জন্য যুদ্ধ, রিপন সাহার আয়না, আরিফুজ্জামানের সময়ের সাথে কথোপকথন, অরূপ বড়ুয়ার স্ট্রেস, শারদ দাশের মাই ফাদারস চেয়ার ও জিহান করিমের ভিডিও চিত্র।প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের অভিজ্ঞতাও অভিনব। তরুণ শিল্পী জিহান করিম বলেন, ‘চেরাগি পাহাড়ে একজন গৃহহীন মানুষ রাতে ঘুমাতেন। কিছুদিন আগে লোকটির মৃত্যু হয়। আমি সেই লোকটির স্কেচ করেছিলাম। প্রদর্শনীতে প্রজেক্টরের মাধ্যমে সেই স্কেচ রাস্তার ওপর ফেলেছি। অনেকেই ভেবেছেন রাস্তায় কেউ শুয়ে আছেন। হাঁটতে গিয়ে হোঁচটও খেয়েছেন। অনেকে আবার খেয়ালই করেননি। এভাবে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা কেমন সেটা বোঝাতে চেয়েছি।’শুক্রবার বিকেল চারটায় প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর পাশাপাশি সেদিন নজরুল স্মরণে চেরাগি ওয়ান আওয়ার সংগীত সন্ধ্যারও আয়োজন করেছিল। সব মিলিয়ে ভীষণ জমজমাট ছিল চেরাগি পাহাড়। চেরাগিতে আসা তরুণ আড্ডারু ও শিক্ষক আয়াজ মাবুদ বলেন, ‘একদিকে প্রদর্শনী অন্য দিকে গান। সত্যিই অন্যরকম লাগছে।’