১৫৬৪ সালের ১৫ জানুয়ারি ইতালির পিসা নগরে পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক গ্যালিলিওর জন্ম। বাবা-মায়ের সাত সন্তানের মধ্যে গ্যালিলিও ছিলেন সবার বড়। বাবা ভিনসেঞ্জো ছিলেন নামকরা সংগীতশিল্পী ও গণিত বিশেষজ্ঞ। বেশ অল্প বয়সে গ্যালিলিওর শিক্ষাজীবন শুরু হয়। সাধারণ শিক্ষালাভের পর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তার পরও ১৫৮৯ সালে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতে অধ্যাপনার সুযোগ পান। পরবর্তীকালে গ্যালিলিও বিশ্ববিদ্যালয়ে গণিত, বলবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান পড়ানো শুরু করেন। বৃহস্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ আবিষ্কার করেন গ্যালিলিও। এই চারটি উপগ্রহকে একত্রে গ্যালিলিওর চাঁদ বলা হয়। সৌরজগৎ নিয়ে গ্যালিলিওর মতবাদ রোমান ক্যাথলিক চার্চকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। ১৬৩২ সালের অক্টোবর তাঁকে ধর্মীয় আদালত বা হলি অফিসের মুখোমুখি হতে হয়। এ সময় তাঁকে গৃহবন্দী করা হয়। ১৬৪২ সালে গৃহবন্দী থাকা অবস্থায় গ্যালিলিও মারা যান। গ্যালিলিওর মৃত্যুর প্রায় ৩৫০ বছর পর ১৯৯২ সালে রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে, ওই সময় গ্যালিলিওকে যেভাবে দোষী সাবস্ত্য করা হয়েছিল তা ভুল ছিল। উইকিপিডিয়া অবলম্বনে সামসুল আলম