গ্যাস-সংকট শিগগিরই কাটছে না
অষ্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘সান্তোস’ সাগরপ্রান্তিক ১৬ নম্বর ব্লকের ৪ নম্বর কূপে খননকাজ পরিত্যক্ত ঘোষণা করেছে। এতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর যে সম্ভাবনার কথা এর আগে বলা হয়েছিল তা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল। ফলে এখানকার গ্যাসসংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সাগরভিত্তিক গ্যাসক্ষেত্র থেকেই চট্টগ্রামে সরবরাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহের জন্য মাত্র একটি পাইপলাইন আছে। এ পাইপলাইন দিয়ে চট্টগ্রামের চাহিদামাফিক গ্যাস সরবরাহ করা যায় না। গ্যাসের অভাবে বর্তমানে দুই শতাধিক শিল্পকারখানা ছাড়াও বন্ধ হয়ে আছে রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্র ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। সাঙ্গুর ৪ নম্বর কূপ থেকে গ্যাস পাওয়া যাবে—সরকারের এমন ধরনের প্রচারণার কারণে চট্টগ্রামের গ্রাহক এবং ব্যবসায়ী সমাজও গ্যাসের ব্যাপারে কিছুটা আশ্বস্ত হয়েছিল। যদিও সান্তোস কখনও নিশ্চিতভাবে কিছু বলেনি। এর আগে পেট্রোবাংলা ঘোষণা দিয়েছিল, সাঙ্গুর এ কূপ থেকে আগামী বছরের শেষ নাগাদ চট্টগ্রামে গ্যাস সরবরাহ সম্ভব হবে।বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কূপটি পরিত্যক্ত ঘোষণার খবরে চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তারা হতাশ হয়েছেন। কারণ গ্যাস-সংকটের কারণে চট্টগ্রামে সুযোগ থাকা সত্ত্বেও ব্যাপকভাবে শিল্পায়ন হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি—গ্যাসসংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে।’ জানা গেছে, সাঙ্গুর ৪ নম্বর কূপ পরিত্যক্ত ঘোষণার পর পেট্রোবাংলা এখন ১৬ নম্বর ব্লকের ১১ নম্বর কূপের দিকে তাকিয়ে আছে। চলতি মাসেই ওই কূপ খননের কথা রয়েছে সান্তোসের।পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মো. মবিরুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘৪ নম্বর কূপ পরিত্যক্ত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তবে একটি কূপ পরিত্যক্ত ঘোষণা করা মানেই সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। আমরা আশা করছি ১১ নম্বর কূপে গ্যাস মিলবে। কারণ এটি খুবই সম্ভাবনাময়। তা ছাড়া এ বছর আরও একটি কূপ খনন করার কথা রয়েছে। ফলে চট্টগ্রামবাসীর এখনই নিরাশ হওয়ার কোনো কারণ দেখছি না।’ তিনি বলেন, ‘সাগরবক্ষে গ্যাস অনুসন্ধানের পাশাপাশি আমরা খাগড়াছড়ির সেমুতাং থেকে এ মাসে চট্টগ্রামে গ্যাস সরবরাহ দিচ্ছি। জাতীয় গ্রিড থেকে আরও বেশি গ্যাস কীভাবে দেওয়া যায় সে চেষ্টাও চলছে। এ জন্য হয়তো একটু অপেক্ষা করতে হবে।’ জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে খনন করা ৪ নম্বর কূপ পরিত্যক্ত ঘোষণা করে তা পেট্রোবাংলাকে জানিয়ে দিয়েছে সান্তোস। এ কূপের তিন হাজার ৪০০ মিটার খনন করা হয়। আর মাত্র ২০০ মিটার খননের পর সেখানে গ্যাস আছে কি না তা জানার কথা ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। গত ২৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ সাঙ্গুতে রিগ বসিয়ে ৪ নম্বর কূপ খনন শুরু করে সান্তোস। সান্তোসের কর্মকর্তারা জানান, কূপে পানির চাপ বেড়ে যাওয়ায় খননকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সান্তোসের ভাইস প্রেসিডেন্ট (গভর্নমেন্ট ও পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দৌলা বলেন, কূপে পানির চাপ বেড়ে যাওয়ায় আরও খনন করলে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তাই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপর সেখানে সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। কূপে পানির চাপ বৃদ্ধি অস্বাভাবিক বলে জানান তিনি। সিরাজ উদ্দৌলা জানান, সান্তোস এখন রিগ তুলে নিয়ে ১১ নম্বর কূপ খননের উদ্যোগ নেবে। এ জন্য আরও চার থেকে পাঁচ দিন লাগবে। সাঙ্গু গ্যাসক্ষেত্রের বর্তমান প্লাটফরম থেকে আরও পাঁচ কিলোমিটার দক্ষিণে ৪ নম্বর কূপটি খনন করা হয়েছিল। চলতি বছর সাগরে সান্তোস যে তিনটি কূপের খননকাজ করছে তার বাজেট ধরা হয়েছিল প্রায় এক হাজার কোটি টাকা। সাধারণত অক্টোবর মাসের শুরু থেকে মার্চের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ চালানো হয়। কারণ এ সময় সাগর অপেক্ষাকৃত শান্ত থাকে। সাগর উত্তাল থাকার কারণে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধানের কাজ বন্ধ রাখা হয় বলে সান্তোসের কর্মকর্তারা জানান। দেশের একমাত্র সাগরবক্ষের গ্যাসক্ষেত্র সাঙ্গুতে বর্তমানে গ্যাস সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখান থেকে জাতীয় গ্রিডে মাত্র ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। অথচ শুরুতে সাঙ্গু থেকে সর্বোচ্চ ১৯৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত। জানা গেছে, সান্তোস বঙ্গোপসাগরে ১৬ নম্বর ব্লকে সাঙ্গু-১১ ছাড়াও আরও একটি কূপ খনন করবে। উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপটি আগামী বছরের ৮ জানুয়ারিতে শুরু হওয়ার কথা।সান্তোসের দেওয়া তথ্যমতে, সাঙ্গু-১১ আগামী বছরের ৮ জানুয়ারি এবং সাঙ্গু-১ কূপের খননকাজ ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি শেষ করার কথা।