গ্যাস-সংযোগের জন্য চার বছর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগের জন্য অর্থ দেওয়া হয়েছে চার বছর আগে। তার পরও সংযোগ মেলেনি সিলিমপুর আবাসিক এলাকায়। এ জন্য বাসিন্দারা ধরনা দিচ্ছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে। আর চউক তাগাদা দিচ্ছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডকে (কেজিডিসিএল)।
চউকের সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জানান, কেজিডিসিএলকে গ্যাস-সংযোগের জন্য দুই দফায় প্রায় আড়াই কোটি টাকা পরিশোধ করেছে চউক। ২০০৯ সালের ২১ জুন প্রথম দফায় দুই কোটি দুই লাখ ৭৭ হাজার টাকা দেওয়া হয় তৎকালীন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে। আর দুই বছর পর ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর গ্যাস-সংযোগের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য কেজিডিসিএলকে দেওয়া হয় ১৫ লাখ টাকা।
প্রকল্প এলাকায় গ্যাস-সংযোগ দেওয়ার জন্য অন্তত তিন দফা তাগাদাপত্র দেওয়া হয় কেজিডিসিএলকে। প্রথম তাগাদা পত্র দেওয়া হয় ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর। সর্বশেষ চিঠি দেওয়া হয় গত বুধবার।
প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘দ্রুত গ্যাস-সংযোগ দিতে কেজিডিসিএলকে বারবার তাগাদা দিয়ে যাচ্ছি। প্রায় প্রতিদিনই ফোনেও তাগাদা দেওয়া হয়। কিন্তু দিচ্ছি, দেব করে চার বছর পার করে দিয়েছে কেজিডিসিএল।’
মো. ইলিয়াছ জানান, গ্যাস বিতরণ কোম্পানির নাম পরিবর্তনের কারণে প্রথম দিকে গ্যাস-সংযোগ দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। তবে, প্রকল্প এলাকায় ইতিমধ্যে গ্যাসের পাইপ বসানো হয়েছে।
চউক সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ভাটিয়ারি ও ভাটিয়ারি মৌজায় এ প্রকল্প এলাকা অবস্থিত। ১৯৬০-৬১ এবং ১৯৮০-৮১ সালে দুই দফায় সিলিমপুর প্রকল্পের জন্য ১৯৬ একর জমি অধিগ্রহণ করা হয়। এলাকায় প্লট বরাদ্দ দেওয়া শুরু হয় আশির দশকে। এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় এক হাজার ২০০ প্লট। তবে এর মধ্যে মাত্র ২৫-৩০টি প্লটে ভবন নির্মিত হয়েছে।
সিলিমপুর আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরজু খান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্যাস-সংযোগের জন্য চউক ও কেজিডিসিএল কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’ আরজু খান জানান, গ্যাস-সংযোগের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বাড়ি করতে পারছেন না। এতে পরিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠছে না প্রকল্প এলাকা। গ্যাস সংযোগসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি নিয়ে সম্প্রতি সিলিমপুর আবাসিক কল্যাণ সমিতির নেতারা চউক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।
কেজিডিসিএলের ব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমান বলেন, এই আবাসিক এলাকায় গ্যাস সংযোগের সব প্রস্তুতি রয়েছে। এখন অনুমোদন পেলেই গ্যাস সংযোগ দেওয়া হবে।
কেজিডিসিএলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রকল্প এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী বোর্ডসভায় বিষয়টি উত্থাপন করা হবে।