পটিয়ার কুসুমপুরায় এখন সর্বত্র আলোচনার বিষয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। প্রার্থীরাও নানা কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।২১ জুন সরেজমিন ঘুরে দেখা গেছে, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো জনপদ। প্রার্থীরা চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। বিনিনিহারা এলাকায় দেখা হয় বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী বিএনপির নেতা রেজাউল করিমের সঙ্গে। তাঁর দম ফেলার ফুরসত নেই। ছুটছেন এ-বাড়ি থেকে ও-বাড়ি। পথে যাঁকেই পাচ্ছেন তাঁর সঙ্গে কুশলবিনিময় করে ভোট চাইছেন এবং তাঁর সময়কার উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। মনসা গ্রামের ভোটার ও বন্দর শ্রমিকনেতা আহম্মদ নুর বলেন, ‘আমাদের এলাকার প্রধান সমস্যা—গরুলুটা খালের নাব্যতা কমে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা ও গরমে পানির স্বল্পতার জন্য কৃষিকাজের ক্ষতি হয়। এসব উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন তাঁকেই নির্বাচিত করব।’ তরুণ ব্যবসায়ী মোহাম্মদ কায়সার বলেন, ‘আমাদের পাশ দিয়ে গেছে গ্যাসলাইন। অথচ আমরা এখনো গ্যাস-সুবিধা পাইনি। এলাকার অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তাই দলীয় পরিচয়ে নয়, সৎ ও এলাকার উন্নয়নে যিনি সময় দিয়ে কাজ করতে পারবেন তাঁকেই আমরা নির্বাচিত করব।’ চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বলেন, ‘আমি এবার নির্বাচিত হলে প্রথমে কাজ হবে এলাকায় গ্যাসলাইন নেওয়া। এ ছাড়া অসমাপ্ত রাস্তাঘাটের উন্নয়ন এবং এলাকায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।’ চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম নির্বাচন উপলক্ষে প্রকাশ করেছেন ‘পরিবর্তন—একটি উন্নত কুসুমপুরা ইউনিয়নের জন্য’ শীর্ষক ইশতেহার। এতে উল্লেখ করা হয়, এলাকার গ্যাসলাইন দেওয়া, গরুলুটা খালের সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে অপর প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এলাকার স্বার্থে আমি রফিকুল ইসলামকে সমর্থন দিয়েছি। তিনি নির্বাচিত হলে আমার পরামর্শ নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’ কুসুমপুরা ইউনিয়নের মোট ভোটার ২০ হাজার ৯৬১ জন। পুরুষ ১০ হাজার ৪৬৮ এবং নারী ১০ হাজার ৪৯৩ জন। ভোটকেন্দ্র নয়টি। চেয়ারম্যান পদপ্রার্থী সাতজন। তাঁরা হলেন—বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম (তালা), আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল ইসলাম (জাহাজ), রফিকুল ইসলাম (গরুর গাড়ি), জাহাঙ্গীর আলম (আনারস), মাহমুদুল হক (দেয়াল ঘড়ি), নাছির উদ্দিন (কাপ-পিরিচ) ও কামাল উদ্দিন (দোয়াত-কলম)। সাধারণ সদস্যপদে ৫১ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটিয়ায় নির্বাচন অনুষ্ঠান হবে ২৮ জুন।