গ্যাসলাইনে ফুটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসলাইনে ফুটো। অবিরত বের হচ্ছে গ্যাস। শোঁ শোঁ আওয়াজ অনেক দূর থেকে কানে আসে। কৌতূহলবশত কেউ কেউ কাছে গিয়ে দেখেন। আবার ফিরে যান। যেন কারও কোনো মাথাব্যথা নেই। নগরের আগ্রাবাদ টিঅ্যান্ডটি কলোনির জি-৬ ভবনসংলগ্ন গ্যাসলাইনের এই দশা দীর্ঘদিন ধরে।শুধু এটি নয়, টিঅ্যান্ডটি কলোনিতে বেশির ভাগ ভবনের গ্যাসলাইনে ফুটো রয়েছে। এর মধ্যে এফ-৩, জি-২, জি-৪, জি-৬, জি-৭, জি-১০, এইচ-৬ ভবনের পাশে একটি এবং জি-১, জি-২, জি-৫, এইচ-৪ এর পাশে দুটি করে ফুটো রয়েছে।ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব ফুটো দুই থেকে পাঁচ বছর ধরে। আবার কোনো কোনোটি আরও পুরোনো। এইচ-৪ ভবনের নিচতলার বাসিন্দা (ভাড়াটিয়া) শেলী শীল জানান, তিনি তিন বছর ধরে এখানে বসবাস করছেন। তখন থেকে দেখে আসছেন তাঁর বাসার পাশের গ্যাসলাইনটিতে ফুটো। যা দিয়ে সব সময় গ্যাস বের হচ্ছে। ভবনের আরেক বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘মাস খানেক আগে এই গ্যাসলাইনে একবার আগুন ধরে যায়। পরে আমরা কাঁথা দিয়ে চেপে আগুন নিভাই।’ জানা যায়, টিঅ্যান্ডটি কলোনির ২৫টি ভবনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন। এসব ভবনে বর্তমানে দুই শতাধিক পরিবার রয়েছে। ভবনের বাসিন্দারা জানান, এসব ফুটো মেরামত করা জরুরি। কারণ এসব ফুটোতে একবার আগুন ধরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া প্রতিদিন গ্যাসের অপচয়ও হচ্ছে।এ ব্যাপারে টিঅ্যান্ডটি কলোনির (কনজারভেশন ইন্সপেক্টর) পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক আবদুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কয়েকবার চিঠি লিখে পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) অফিসে জানিয়েছি। সেখান থেকে চিঠি লিখে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিক্রয় দক্ষিণ, জোন-৫) সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী নিজাম উদ্দিন খান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম। তবে আবাসিকের ক্ষেত্রে এ ধরনের সমস্যা প্রায়ই হয়। গ্যাস লাইনে ছিদ্র বা কোনো সমস্যা থাকার পরও অনেকে জানান না।’