গ্যাসসংকটে নগরবাসীর ভোগান্তি
কয়েক দিন ধরে নগরে গ্যাসসংকট চলছে। এতে বাসা-বাড়ি, হোটেল-রেস্তোরাঁ, শিল্পকারখানায় ভোগান্তি বেড়েছে। বিশেষ করে দীর্ঘ সময় গ্যাস না থাকায় সমস্যায় পড়ছেন গৃহিণীরা। বাসায় রান্না করতে না পেরে হোটেলের খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু একই সমস্যার ফলে হোটেলেও নিয়মিত খাবার তৈরি করা যাচ্ছে না। জানা যায়, প্রচণ্ড শীতে গ্যাস জমে যাওয়ায় সরবরাহ নিচে নেমে গেছে। ফলে এ সমস্যা প্রকট হয়েছে। তাপমাত্রা না বাড়লে এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) কর্মকর্তারা। জানা যায়, সরবরাহ কমে যাওয়ায় নগরের অনেক ব্যস্ততম এলাকায় প্রতিদিনই গ্যাসসংকট চলছে। নগরের আগ্রাবাদ, চৌমুহনী, কাজীর দেউড়ি, পাহাড়তলি, ঈদগাহ, বড়পুকুর পাড়, বারো কোয়ার্টার, সরাইপাড়া ও লালখান বাজার এলাকায় প্রতিদিন বিকেল হলেই গ্যাসের চাপ কমে যায়। শহরের আশপাশের এলাকায়ও প্রতিদিনই এ সংকট চলছে বলে গৃহিণীরা জানিয়েছেন। নগরের বালুচরা এলাকার গৃহিণী ও উন্নয়নকর্মী কানিজ সুমাইয়া বলেন, ‘সন্ধ্যা হলেই গ্যাসের সংকট এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ ওই সময়েই বাড়ির লোকজন একটু চা পান করতে চান, আবার রাতের রান্নার কাজও শুরু হয়।’ চৌমুহনীর চারিয়া পাড়ার সুতপা চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে গ্যাসসংকটের কারণে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। রোববার রাতে শুধু আপেল খেয়ে থাকতে হয়েছে। কারণ রাতে হোটেলে গিয়েও খাবার পাওয়া যায়নি, গ্যাস না থাকায় হোটেলেও রান্নাবান্না বন্ধ রয়েছে।’ সরাইপাড়া এলাকার বাসিন্দা মকবুল আহমেদ জানান, গ্যাসের চাপ কম থাকায় সমস্যা হচ্ছে গৃহস্থালি কাজে। কখন গ্যাসের চাপ স্বাভাবিক হবে রাত জেগে তার অপেক্ষায় থাকতে হচ্ছে গৃহিণীদের । বাখরাবাদের একাধিক কর্মকর্তা বলেন, শীতের কারণে গ্যাস জমে যাওয়ায় চাপ কম থাকে। আবার এ সময়ে পানি গরম করা থেকে শুরু করে গৃহস্থালি বিভিন্ন কাজে গ্যাসের ব্যবহারও বেড়ে যায়। পাশাপাশি সান্ধ্যকালীন পিক আওয়ারে গ্যাসের চাহিদা বেড়ে যায় শিল্পকারখানাসহ সব জায়গায়। ফলে সংকট দেখা দিচ্ছে। এতে কারখানার উত্পাদন কমে গেছে। তবে বাসা-বাড়িতে গ্যাসের সংকটকে তাঁরা অস্বাভাবিক বলে আখ্যা দেন। জানা যায়, কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই নগরের সব সিএনজি রিফুয়েলিং স্টেশনে একযোগে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘলাইন পড়ে যায়। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত বলেন, ‘প্রতিদিন গড়ে তিন -চার ঘণ্টা আমরা গ্যাসসংকটের মুখোমুখি হচ্ছি।’ দামপাড়ায় সিটি করপোরেশনের একমাত্র সিএনজি স্টেশনে এখন শত শত গাড়ি লাইন ধরে গ্যাস নিতে অপেক্ষা করে বলে তিনি জানান। বিজিএসএল সূত্রে জানা যায়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে তিন শ মিলিয়ন ঘনফুট। কিন্তু জাতীয় গ্রিড থেকে বর্তমানে সরবরাহের পরিমাণ চাহিদার অর্ধেকে নেমে এসেছে। সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন ঘণ্টা সংকট আরও প্রকট হয়। বিজিএসএল চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক প্রকৌশলী খান আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ভৌগোলিক দিক দিয়ে চট্টগ্রামের অবস্থান ভাটিতে। ফলে উজান থেকে এখানে গ্যাস আসতে অনেক সমস্যা হয়। গ্যাস আসার সময় উজানে আগের চেয়ে অনেক বেশি গ্যাস টেনে নেয় বিভিন্ন কারখানা ও বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র। ফলে শহরে একটু বেশি সমস্যা দেখা দেয়। বর্তমানে গ্যাসসংকটের কারণে চট্টগ্রামের তিনটি সরকারি বড় তাপবিদ্যুেকন্দ্রে উত্পাদন বন্ধ রয়েছে। রেশনিং করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। এ তিনটি বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র বন্ধ রেখে গ্যাস দেওয়া হচ্ছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল)। আবার তাপবিদ্যুেকন্দ্র চালু হলে বন্ধ রাখতে হয় সিইউএফএল কারখানা। জানা গেছে, গত এক দশকে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি সাঙ্গু গ্যাসক্ষেত্র নির্ভর ছিল। শুরুতে এখান থেকে গ্যাসের সরবরাহ ছিল ১৯৬ মিলিয়ন ঘনফুট। কিন্তু তা কমতে কমতে বর্তমানে ৩৬-৪০ মিলিয়ন ঘনফুটে এসে ঠেকেছে। ফলে চট্টগ্রামে গ্যাস সরবরাহ এখন সাঙ্গুর পরিবর্তে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল। গ্রিডের মাধ্যমে তিতাস ও বাখরাবাদের গ্যাস চট্টগ্রামে এনে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। কিন্তু এসব প্রতিষ্ঠানের অবস্থান চট্টগ্রামের অনেক উজানে। জাতীয় গ্রিডের বাইরে চট্টগ্রামে সরবরাহ দেওয়ার জন্য খাগড়াছড়ির সামুথাংয়ে গ্যাসকূপ খননের কাজ চলছে। তবে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এখানে বড়জোর ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। কিন্তু ওই গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে অনেক বেশি ব্যয়বহুল।