গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে ফটিকছড়ির ১৭ চা-বাগানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে ফটিকছড়ির ১৭টি চা-বাগান। এক যুগেরও বেশি সময় আগে এ অঞ্চলের চা-বাগানে গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এ-সংক্রান্ত প্রকল্পটি তখন জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) অনুমোদন পায়নি। চায়ের উৎপাদন বাড়ানোর স্বার্থে বাগানমালিকেরা ফটিকছড়ির সেমুতং গ্যাসকেন্দ্র থেকে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন।অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের ২২টি চা-বাগানের মধ্যে শুধু ফটিকছড়িতেই ১৭টি। এসব বাগান দেশের ১০ শতাংশ চায়ের জোগান দেয়। বাংলাদেশ চা-সংসদ ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর চা-বাগানে গ্যাস-সংযোগ স্থাপনের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ওই বছরের ১৭ মে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরবর্তীকালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) অনুমোদন না করায় বাতিল হয়ে যায়।জানা যায়, ফটিকছড়ি-মানিকছড়ি সীমান্তের সেমুতং গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের কার্যক্রম শুরু হয় ২০০৯ সাল থেকে। চলতি বছরের শেষ নাগাদ সেখানকার উত্তোলিত গ্যাস উপজেলার নেপচুন চা-বাগানের ওপর দিয়ে ফটিকছড়ি-নাজিরহাট-হাটহাজারীর জাতীয় গ্রিডে যুক্ত হবে। কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক কাজী লুৎফুর রহমান বলেন, গ্যাস-সংযোগ না থাকায় চায়ের উৎপাদন ব্যয় কেজিপ্রতি ১৫ টাকা বেশি হয়। এ ব্যয় কমাতে পারলে উৎপাদন আরও বাড়ানো যেত। এ ছাড়া লোডশেডিং ও অনুন্নত যোগাযোগব্যবস্থা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।হালদা ভ্যালী চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তেল-কয়লা দিয়ে যন্ত্র চালানোয় আমারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’ চট্টগ্রাম চা-সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান প্রথম আলোকে বলেন, সরকারিভাবে গ্যাস-সংযোগ বন্ধ। তবুও ফটিকছড়ির চা-বাগানগুলোতে গ্যাস-সংযোগের বিষয়ে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডে একটি প্রতিবেদন তৈরি করা আছে। সেমুতং গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনকাজ শুরু হলে চা-বাগানগুলোতে দ্রুত গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। চা-সংসদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চবটি চা-বাগানের মালিক নাসির উদ্দিন বলেন, এখানকার চা-পাতাগুলোর গুণগতমান ভালো হলেও চট্টগ্রাম অঞ্চলের চা-বাগানগুলো চরম অবহেলিত। সেমুতং গ্যাসক্ষেত্রের স্থানীয় তত্ত্ব্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, জনগণের দাবির মুখে অগ্রাধিকার ভিত্তিতে এখানকার চা-বাগানগুলোতে গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হলে চা-বাগানগুলোতেও সংযোগ দেওয়া হতে পারে। ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, চা-বাগানগুলো গ্যাস সংযোগ পেলে চায়ের উৎপাদন বাড়বে।