গ্যাসের দামও বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা শিগগিরই আসছে। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে হিসাব চূড়ান্ত করেছে। সে অনুযায়ী আবাসিক খাতে ২ চুলার জন্য ১ হাজার এবং ১ চুলার জন্য ৮০০ টাকা দিতে হতে পারে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম হতে পারে প্রতি ঘনমিটার ৪০ টাকা। বর্তমানে আবাসিকে ২ চুলার জন্য ৬৫০ ও ১ চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়।

(সূত্র: প্রথম আলো, ১৭ ডিসেম্বর ২০১৬)

.
.

গ্যাস ইউজে এই শহরের ভগ্নি এবং মাতা

বড্ড পটু—বর্ষাকালে কেউ শুকাবেন কাঁথা!

ডিসেম্বরে গ্যাস জ্বেলে ফের কেউ তাড়াবেন শীত

অষ্টপ্রহর গরম পানির পাতিল উপস্থিত—

থাকবে চুলায়! কমলে পানি আবার হবে ভরা

মাইক্রোওভেন? চুলায় হবে খাবার গরম করা!

ম্যাচের কাঠির নয় অপচয় সাশ্রয়ী খুব বলে

টোয়েন্টি ফোর আওয়ার জুড়ে গ্যাসের চুলা জ্বলে!

এরাই যখন ইউজ করেন সিলিন্ডারের গ্যাস

থাকেন ভয়ে কখন জানি গ্যাস হয়ে যায় শ্যাষ!

আনলিমিটেড জোগান হলে হবেই অপচয়

দাম বাড়ানো গ্যাস অপচয় রোখার উপায় নয়।

মিটার লাগান সবার ঘরে, দিন অপচয় রুখে

ভোগান্তি দূর করুন, হাসি ফোটান লোকের মুখে!

গ্যাস চুরি হয় সবচে’ বেশি শিল্প খাতেই নাকি

গ্যাসের লোকের সঙ্গে তাদের ব্যাপক মাখামাখি!

কেমন করে মিটার রিডার হচ্ছে কোটিপতি?

সবাই জানি করছে কারা আমার দেশের ক্ষতি!

যে যন্ত্রে আর প্রযুক্তিতে বানাচ্ছ বিদ্যুৎ

তার ভেতরেও নানান রকম গলদ এবং খুঁত!

পুড়ছে বেশি গ্যাস সেখানে, বাড়ছে ক্রমেই লস

এসব অনেক বিরাট ব্যাপার, বুঝতে হবে বস!

সেসব দিকে দৃষ্টি আছে? আমজনতার ঘাড়ে—

চাপাও বোঝা কোন আক্কেলে? ভাবছ গাধা তারে?