আমি ক্লাস ফাইভে পড়ি। তবু বড় আপু আমাকে কথায় কথায় বলে, ‘বড় হলে বুঝবি।’ আমি বুঝে পাই না, কথা বোঝার জন্য আমাকে বড় হতে হবে কেন? আমি আর কত বড় হব? কিন্তু আমার কথা বড় আপু শুনবে কেন? ও তো আছে নিজেকে নিয়ে। আমাকে কিছু জানাতে ওর কী দায় পড়েছে? বড় আপুর মতো চতুর আর দুষ্টু মানুষ পৃথিবীতে কমই আছে। একদিন রাতে আমি শুতে যাব, ঠিক এই মুহূর্তে জাল ও খলুই নিয়ে আপু এসে হাজির। বললাম, ‘এই রাতে তুমি এই বেশে আমার রুমে এসেছ কেন?’ আপু বলল, ‘চুপ, আস্তে কথা বল। ঘুমটুম বাদ দিয়ে চল মাছ ধরব।’ আমি ভয়ে ভয়ে বললাম, ‘পুকুর পাবা কই?’ আপু বলল, ‘কেন? গফুর চাচার পুকুরের মাছ চুরি করব?’ আমি প্রথমে রাজি না হলেও আপুর জোরাজোরিতে রাজি হতে বাধ্য হলাম। মাছ চুরি করতে গেলাম গফুর চাচার পুকুরে। আপুটা এমন শব্দ করে জাল ফেলল যে, জাল ফেলার শব্দে গফুর চাচার ঘুম ভেঙে গেল। তিনি টর্চ নিয়ে বাইরে বের হয়ে এলেন। আপু জাল ফেলে পুকুরে ডুবিয়ে রাখল। কিন্তু আমি পানিতে নামতে গেলাম না। আমার বাপু ঠান্ডা লাগে। গফুর চাচা এসে আমাকে দেখে ফেললেন। চুরি করেছি আমি আর আপু মিলে। কিন্তু আমার পিঠে দশ-বারো ঘা পড়লেও আপুর কিছুই হলো না। এই তো গেল এক ঘটনা। কিন্তু আপুর দুষ্টুমির তো আর শেষ নেই। সেদিন আপু গল্প লিখছিল। দেখে আমার মনে গল্প লেখার সাধ জাগল। আপুকে একটা আইডিয়া দিতে বললাম। আপু বলল, এত আইডিয়া-ফাইডিয়ার দরকার নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির শিরোনাম বদলে ভেতরে ঠিক রেখে বাজারে ছেড়ে দে। নোবেল পুরস্কার পাবি। যা, বিরক্ত করিস নে। আমার দুই চোখ নোবেল পুরস্কারের লোভে চকচক করতে লাগল। আপুর কথা মেনে নিয়ে শিরোনাম বদলে অঞ্জলি নাম দিয়ে রাইটার নিজেকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাজারে ছেড়ে দিলাম। তিন-চার দিন পর বাসায় পুলিশ এল। ভাবলাম, এই সেরেছে। নোবেল পুরস্কারটা বোধহয় পেয়েই যাব। কিন্তু যা ঘটল, তা অবিশ্বাস্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ চুরি করেছি বলে আমাকে নাকি শাস্তি দেওয়া হবে। শেষমেশ হলোও তাই। বুকে ‘কাব্যগ্রন্থচোর’ প্ল্যাকার্ড টানিয়ে, মুখে চুন-কালি মেখে আমাকে ঘুরতে হলো আমাদের পুরো শহরে। আমাকে দেখে গফুর চাচা বললেন, ‘সেদিন আমার পুকুরের মাছ চুরি করেছে, আজ বিশ্বকবির সাহিত্য চুরি করল। মাইয়াটা দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে। শেষমেশ না ডাকাত হয়ে যায়।’ আচ্ছা, আমি না হয় মাছ চুরি করেছি, না হয় কাব্যগ্রন্থ চুরি করেছি, তাই বলে কি আমি ডাকাতি করেছি? এত বড় অপমানের কথা আমার মতো ভদ্র মেয়েকে কী করে বললেন গফুর চাচা? বুঝে পাই না। শেখ খাতুনে জান্নাতপঞ্চম শ্রেণী