গ্রহ অনুসন্ধানে সাহায্য করতে পারেন আপনিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপনি কি নতুন কোনো গ্রহ আবিষ্কারে আগ্রহী? কথাটা হেসে উড়িয়ে দেবেন না। সৌরজগতের নবম গ্রহটি খুঁজে বের করতে অস্ট্রেলিয়ার একদল জ্যোতির্বিজ্ঞানী আপনার মতোই সবার সাহায্য চেয়েছেন। আকাশ পর্যবেক্ষণের কাজে আপনি আনাড়ি হলেও কোনো সমস্যা নেই।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) ওই গবেষকেরা ‘প্লানেট নাইন’ খুঁজছেন। তাঁদের অনুমান, এটি প্লুটোর চেয়ে দূরের কোনো কক্ষপথে আছে। তাঁরা আনাড়ি নক্ষত্র অনুসন্ধানীদের প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ওয়েবসাইটে ওই গ্রহের অবস্থান জানাতে পারলে তার নামকরণে ভূমিকা রাখার সুযোগ মিলবে। ওই ওয়েবসাইটে মহাশূন্যের ডিজিটাল ছবি দেওয়া আছে। এটির ঠিকানা www.zooniverse.org। এতে নিউ সাউথ ওয়েলসের ওই বিশ্ববিদ্যালয়ের মানমন্দিরের স্বয়ংক্রিয় টেলিস্কোপের মাধ্যমে সংগৃহীত বিপুলসংখ্যক ছবি দেখা যায়। এতে দক্ষিণ আকাশের ছবিও আছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা গত মাসে উত্তর আকাশে নবম গ্রহের খোঁজে অনুসন্ধান চালিয়েছিল।
এএনইউর জ্যোতির্বিজ্ঞানী ব্র্যাড টাকার বলেন, দক্ষিণ আকাশে তুলনামূলক কম খোঁজাখুঁজি হয়েছে। তবু তিনি আশা করছেন, সেখানেই নবম গ্রহটির দেখা মিলবে। আর যদি গ্রহটির অস্তিত্ব থেকে থাকে, সেটা অবশ্যই তাঁদের তোলা লাখো ছবির মধ্যে ধরা পড়েছে।
টাকার বলেন, ‘আমরা বলেছি, জনসাধারণের সাহায্য নিয়ে দেখাই যাক না! তাঁরা হয়তো আমাদের সাহায্য করতে পারেন। আসুন, এত সব ছবির মধ্য থেকে একসঙ্গে খুঁজে বের করি গ্রহটাকে।’
এএনইউর বিজ্ঞানীরা আবিষ্কারককে নতুন গ্রহের নামকরণে ভূমিকা রাখার সুযোগ দিতে চাইলেও ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এ কর্তৃত্ব কারও ওপর পুরোপুরি ছাড়তে নারাজ। তবে ব্র্যাড টাকার তাঁর ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি নবম গ্রহের নামকরণে আরেকজন গ্রিক দেবতার নাম বেছে নিতে চান না। কারণ, এমন তো অনেকই হয়েছে।