গ্রহান্তরের আগন্তুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীবাসী পাঠক, একটা কল্পনা করুন। বিশাল এই বিশ্বের কোনো এক ছায়াপথের কোনো এক গ্রহ। সেই গ্রহের আকাশ গোলাপি। গোলাপি সেই আকাশ থেকে বৃষ্টি পড়ছে, ঝুম বৃষ্টি। অপলক দৃষ্টিতে সেই চমৎকার বৃষ্টি উপভোগ করছে আপনার মতোই একজন! ব্যস, পাঠক, এবার মর্তে ফিরে আসুন। বলুন, কল্পনা করতে কেমন লাগল? উত্তরটা নিঃসন্দেহে রোমাঞ্চকর। এটাই স্বাভাবিক। পৃথিবীর মানুষ অনেক দিন ধরেই ভিনগ্রহ ও ভিনগ্রহবাসী নিয়ে চিন্তা করে, করছে। ভিনগ্রহবাসী নিয়ে আমাদের কৌতূহলের সীমা নেই। তার প্রমাণ মেলে হাজারও বিজ্ঞানকল্প গল্প আর চলচ্চিত্রে। শুধু কল্পনাতেই নয়, ভিনগ্রহবাসী অনুসন্ধানে মানুষ রীতিমতো বিস্তর গবেষণা করেছে, করছে। আশির দশকের মাঝামাঝি শুরু হয়েছিল সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টিলেজেন্স প্রকল্প। ১৫ মে রোববার প্রথম আলোর সারা বিশ্ব পাতায় একটা ছোট্ট খবর প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা গেল, ১৩ মে মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আশির দশকের ওই প্রকল্পের অংশ হিসেবে ৮৬টি গ্রহে ভিনগ্রহবাসীর খোঁজে অভিযান শুরু হয়েছে! যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বসানো উচ্চক্ষমতার বিশাল রেডিও টেলিস্কোপের মাধ্যমে ওইসব গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজ করা হচ্ছে।পৃথিবীবাসী পাঠক, আবার আরেকটা কল্পনা করুন। আকাশের রং দোয়াতকালো। বাইরে ঝুম বৃষ্টি। জানালার ধারে বসে আছেন আপনি। পাশ থেকে আপনার ভিনগ্রহবাসী বন্ধুটি সেই অপরূপ বৃষ্টি দেখে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, ‘আহা, পৃথিবীর বৃষ্টি এত সুন্দর!’কল্পনাটা সত্যি হলে কেমন হবে?—মাহফুজ রহমান