গ্রহের ফেরে মোশাররফ
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন যখন ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন নিয়ে সরগরম, ঠিক তখনই নজিরবিহীন এক পার্শ্বঘটনা সবার মনোযোগ কেড়ে নিয়েছে। তা হচ্ছে, সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের গ্রেপ্তার ও বন্দিত্ব। পাকিস্তানের সাবেক সেনাশাসকদের মধ্যে কারও গ্রেপ্তার হয়ে বিচারের আওতায় আসার ঘটনা এটাই প্রথম।অথচ একবুক আশা নিয়েই লন্ডন ও দুবাইয়ে চার বছরের স্বেচ্ছানির্বাসন শেষে দেশে ফিরেছিলেন পারভেজ মোশাররফ। সব সেনাশাসকের মতোই তাঁরও কিছু জনসমর্থন ছিল। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল মুসলিম লিগের সঙ্গে নামের মিল রেখে দল গঠন করেছিলেন। তালেবানসহ জঙ্গিদের মৃত্যুপরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন রাজনীতির মাঠে ভাগ্য পরীক্ষা করবেন বলে। এখন নির্বাচন করা দূরে থাক, কত দিনের জন্য কারাগারে ঢুকতে হয়, সেটা ভেবেই উদ্বেগাকুল প্রহর কাটছে তাঁর।রাজনীতিতে উত্থান-পতন থাকে। তা সেনাছাউনি থেকে আসা রাজনীতিকদের ক্ষেত্রেও সমান সত্যি। আবার রাজনীতিকেরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করেন। সে বিবেচনায় সম্ভবত এক কুক্ষণেই দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট। সার্বিকভাবে দেখলে পাকিস্তানের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যমসহ পাকিস্তানি সমাজের সর্বস্তরে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। গায়ের জোরে ক্ষমতা দখল করে দীর্ঘদিন হয়তো দেশ শাসন করা যেতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর মন পাওয়া যায় না। এর উদাহরণের দীর্ঘ তালিকায় পারভেজ মোশাররফ আরেকটি সংযোজন।১৪ দিন বিচারিক হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে পারভেজ মোশাররফকে। এ ছাড়া ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়েছে তাঁকে।সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোয় কট্টর ইসলামপন্থী ও দেশের ধর্মভীরু জনগোষ্ঠীর একটি বড় অংশের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন মোশাররফ। তাঁর ওপর ক্ষুব্ধ ছিল কর্তৃত্ব প্রতিষ্ঠায় ক্রমেই বেশি করে উন্মুখ হয়ে ওঠা বিচার বিভাগও। মোশাররফের ব্যাপারে আদালতের আচরণে এটি ইতিমধ্যেই স্পষ্ট যে প্রেসিডেন্ট থাকার সময় তিনি বিচারকদের বিরুদ্ধে যেসব বিতর্কিত ব্যবস্থা নিয়েছেন, তার মাশুল আদায়ে আজ তাঁরা এককাট্টা।এ মুহূর্তে একসঙ্গে তিনটি মামলা ঝুলছে সাবেক প্রেসিডেন্টের ঘাড়ের ওপর। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ ৬০ জন বিচারপতিকে অবৈধভাবে বন্দী করার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। গত বৃহস্পতিবার এই মামলায় ইসলামাবাদের আদালতে আইনজীবীসহ সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন মোশাররফ। বিচারক আবেদন নাকচ করলে মোশাররফ ‘পালিয়ে যান’। আশ্রয় নেন চক শাহজাদে অবস্থিত তাঁর সুরক্ষিত খামারবাড়িতে।কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে মোশাররফ আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সদর দপ্তরে নিয়ে যায়। এরপর সন্ত্রাসবিরোধী আদালত বিচারিক হেফাজতে মোশাররফকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ৫ মে ওই আদালতে আবার হাজির করা হবে তাঁকে। এ সময় পর্যন্ত মোশাররফ নিজের খামারবাড়িতেই থাকবেন। তা-ও পুরো স্বাধীনভাবে নয়। আদালত তাঁর চলাফেরা সেখানকার দুটি কক্ষে সীমিত রাখতে বলেছেন! ওই বাড়িকে উপকারাগার ঘোষণা করা হয়েছে।আরেক মামলায় মোশাররফকে ইসলামাবাদ থেকে নিয়ে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁকে ওই সময় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে মোশাররফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি বেনজির হত্যার ষড়যন্ত্রে তিনিও জড়িত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।মোশাররফের বিরুদ্ধে তৃতীয় মামলাটিও কম শক্ত নয়। ২০০৬ সালে সেনা অভিযানে বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগতি নিহত হন। এই সেনা অভিযানের নির্দেশ মোশাররফই দিয়েছিলেন।বিশ্লেষকদের মতে, এই তিনটি মামলার রায়েই বিচারকেরা মোশাররফকে বড় ধরনের দণ্ডাদেশ দিতে পারেন। দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভ থেকে বিচারকেরা তাঁকে দণ্ড দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না। বেনজির ভুট্টো ও আকবর বুগতি হত্যার ঘটনায় করা মামলার রায়ে মৃত্যুদণ্ডের মতো সাজাও দিতে পারেন তাঁরা। সব মিলিয়ে সাবেক জেনারেল পারভেজ মোশাররফ এখন কঠিন সময়ের মুখোমুখি।ছবিটা এমন হবে, তা কি আজ থেকে তিন মাস আগেও ভাবতে পেরেছিলেন মোশাররফ? বিদেশে অবস্থানরত মোশাররফ আগেই ঘোষণা দেন, মার্চের শেষ নাগাদ দেশে ফিরবেন। এ ঘোষণার পর তালেবানের পক্ষ থেকে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। সে হুমকির পরোয়া না করে গত ২৪ মার্চ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোশাররফ। সেখানে সমর্থকেরা বিপুল সংবর্ধনা জানায় তাঁকে। কিন্তু স্বস্তির শেষ সেখানেই। দেশে ফেরার কয়েক দিন পরই করাচির একটি আদালতে ভিড়ের মধ্যে মোশাররফকে লক্ষ্য করে জুতা ছোড়া হয়। এর এক সপ্তাহ পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আনার বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়।দেশে ফিরলে মোশাররফ যে এমন আইনি ঝামেলাসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন, অভিজ্ঞজনেরা আগেই সে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সাবেক সেনাশাসক নিজেও তা আঁচ করতে পারেননি তা নয়। তাহলে তিনি দেশে ফিরলেন কেন?এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্লেষকেরা বিভিন্নজনে বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন, মোশাররফ দেশের অভ্যন্তরের কোনো প্রভাবশালী মহল থেকে এমন আশ্বাস পেয়েছিলেন যে ফিরে এলে তিনি রাজনৈতিক অঙ্গনে দাপটের সঙ্গে জায়গা করে নিতে পারবেন। এ ব্যাপারে তাঁর শক্তিশালী পশ্চিমা মিত্ররাও ভরসা হতে পারেন।আবার কারও মতে, পাকিস্তানের রাজনীতিতে বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিতে দেশে ফিরেছেন মোশাররফ। পিপিপির নেতৃত্বাধীন জোটের শাসনামলে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ায় তাদের সে জনপ্রিয়তা এখন আর নেই। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লিগের চেহারাও সাধারণ মানুষের চেনা হয়ে গেছে। এই সুযোগে নতুন করে জায়গা নিতে এসেছেন তিনি।দেশে ফিরেই মোশাররফ নিজ দল অল পাকিস্তান মুসলিম লিগের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী তোড়জোড় শুরু করেন। দেশের চারটি নির্বাচনী এলাকায় প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। নির্বাচন কমিশন বিভিন্ন অভিযোগে একে একে চারটি আসনেই তাঁর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে।এর মধ্যে পুরোনো প্রতিপক্ষ নওয়াজ শরিফের তৎপরতায় সচল হয়ে যায় ওই তিন মামলা। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হটিয়েই ক্ষমতা দখল করেছিলেন মোশাররফ। স্বৈরশাসক হিসেবে তিনি দেশ চালান ২০০৮ সাল পর্যন্ত। এখন নওয়াজ শরিফ যে সুযোগ পেয়ে ঝাল ঝাড়বেন, সেটাই স্বাভাবিক।এ ব্যাপারে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক রাজা রুমি এক সাক্ষাৎকারে বলেন, মোশাররফ অবশ্যই জনগণের মনোভাবের বিষয়টিকে অবহেলা করেছেন। বিচারকেরা যে বদলা নিতে পারেন, এ বিষয়টিও বিবেচনায় আনেননি।রুমি জানান, পাকিস্তানে কিছু শহুরে লোক মনে করেন, মোশাররফের শাসনামলই ভালো ছিল। সিংহভাগ মানুষের কাছে তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। কারণ, তিনি দেশ শাসন করেছেন বাহুবলে, সেনাশাসকের উর্দি পরে। এখন সে উর্দি নেই, পাকিস্তান অনেক বদলে গেছে।