
উগান্ডার গহিন গ্রামে যদি কোনো নারীর প্রসব বেদনা শুরু হয় আর তাঁর যদি কোনো জটিলতা থাকে, তাঁর বাঁচার সম্ভাবনা কম। কারণ, স্বাস্থ্যসেবাকেন্দ্র তাঁদের কাছ থেকে অনেক দূরে। সে কারণেই গ্রাম অ্যাম্বুলেন্স সেবা এসব নারীর জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বুন্দিবুগিয়ো, উগান্ডা: মূলত অস্বাভাবিক পরিস্থিতির কারণেই এই গ্রাম অ্যাম্বুলেন্স ধারণার উদ্ভব। ক্রিস্টোফার আতেগেকার জীবনে মাত্র সাত বছর বয়সে এক বিয়োগান্ত ঘটনা ঘটে। তাঁর বাড়ি ছিল কাবারোলে শহরের কাগোটে নামের জায়গায়। তিনি অসহায়ভাবে দেখেছেন, কীভাবে তাঁর বাবা-মা এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যার কারণে আতেগেকাকে চার ভাইবোনের ভরণপোষণের দায়িত্ব নিজের কাঁধেই নিতে হয়।
বাবা-মায়ের মৃত্যুর এক বছরের মধ্যেই হাসপাতালে নেওয়ার পথে আতেগেকার ভাইয়ের মৃত্যু হয়। যখন মনে হচ্ছিল জীবনের সব আশা শেষ, তখন একজন মার্কিন তাঁর সংগঠন ইয়ুথ এনকারেজমেন্ট সার্ভিেসর (ইয়েস) মাধ্যমে আতেগেকার অভিভাবকত্ব গ্রহণ করেন। সেই মার্কিন নাগরিক হচ্ছেন ক্যারল অ্যাডামস। আতেগেকার পড়ালেখার দায়িত্বও নেন অ্যাডামস।
পরবর্তীকালে আতেগেকা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি উগান্ডায় ফিরে এসে ভাবেন, স্বল্পমূল্যের পরিবহন শুধু জীবনমানের উন্নয়নই ঘটায় না, অনেক জীবন বাঁচিয়েও দেয়। তিনি বলছিলেন, ‘আমাকে অনেক পথ হেঁটে রুতিতির গ্রামীণ একটি স্কুলে যেতে হতো। ক্যারল অ্যাডামসের এতিমখানা থেকে সাইকেলটি পাওয়ায় আমার হাঁটার কষ্ট দূর হয়। তারপর সাইকেল চালিয়ে আমি দ্রুত স্কুলে পৌঁছে যেতাম।’
৫৯ বছর বয়সী ডারলি ফ্রাঙ্কের ধারণায় উদ্বুদ্ধ হয়ে অ্যাম্বুলেন্স নিয়ে কাজ করতে শুরু করেন আতেগেকা। সে সময় জাম্বিয়ায় এক গ্রামে এ ধরনের অ্যাম্বুলেন্স তৈরি হতো এবং আফ্রিকার পাঁচটি দেশে বাজারজাত করা হতো।
স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশ, বাতিল লোহা ও দক্ষ কারিগরদের নিয়ে আতেগেকা আর তাঁর দল এসব অ্যাম্বুলেন্স বানাতে শুরু করেন।
তিন বছরের মধ্যে তাঁরা ১২০টি অ্যাম্বুলেন্স তৈরি করেন। বর্তমানে এসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে ১০ হাজার মানুষকে সেবা দেওয়া হচ্ছে। তবে গ্রাম অ্যাম্বুলেন্স ব্যবহারের উদাহারণ আফ্রিকায় এটাই প্রথম ছিল না।
গ্রাম অ্যাম্বুলেন্স কোথা থেকে এল?
২০০৭ সালে জাম্বিয়ায় জামবাইকসের মাধ্যমে এটা শুরু হয়। আফ্রিকার পরিবহন সমস্যা সমাধানে এটা ছিল এক অনন্য ব্যাপার। লক্ষ্য ছিল, কম খরচে আফ্রিকার সড়কের জন্য উপযোগী অ্যাম্বুলেন্স তৈরি করা। ২০০৮ সালে এক হাজার ৭০০টি গ্রাম অ্যাম্বুলেন্স গ্রামবাসীর সেবায় নিয়োজিত করা হয়।
২০১২ সালে জাম্বিয়ার বাইরে উগান্ডায় এ সেবা প্রদানের সিদ্ধান্ত নেয় জামবাইকস। স্থানীয় অংশীজনদের সঙ্গে কথা বলে পালস জামবাইকসের অপারেশন পরিচালক জেরার্ড হোয়াইট দেখলেন, সেখানকার গ্রামগুলোতে স্বাস্থ্যসেবার জন্য পরিবহনের ব্যাপক চাহিদা রয়েছে। জেরার্ড হোয়াইট বলেন, আমরা ভর্তুকি দিয়ে এসব অ্যাম্বুলেন্স আতেগেকার কাছে বিক্রি করতাম।
বর্তমান অবস্থা কী?
হোয়াইট বলেন, ‘২৯টি জেলায় এই গ্রাম অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে, এ পর্যন্ত ১১৭টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১১ সালে উগান্ডায় রোগাক্রান্তদের সেবাপ্রাপ্তির হার ছিল ১০ শতাংশ। এখন সেটা অনেকাংশে বেড়েছে। আনেত রুকুন্ডো নামের একজন সেবা গ্রহীতার ভাষ্যমতে, ‘পরিবহন না থাকায় স্বাস্থ্যসেবাকেন্দ্রে যাওয়া আমার পক্ষে কঠিন ছিল। এই অ্যাম্বুলেন্স এসে আমার সব মুশকিল আসান করে দিয়েছে। এখন আমি অনায়াসে স্বাস্থ্যসেবাকেন্দ্রে যেতে পারি।’