গ্রাম ছেড়ে শহরে মৌমাছিরা!

মৌমাছির দল গ্রাম ছেড়ে ছুটছে শহরে। দিন দিন তারাও শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। শহরের অলিগলিতে, বাড়ির ছাদে, কার্নিশে, চিলেকোঠায় গড়ে তুলছে নিজেদের আবাসস্থল! ফ্রান্সের জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। গবেষণায় বলা হয়, ফরাসি দেশে মৌমাছির ৯০০টি প্রজাতির এক-তৃতীয়াংশই এখন শহরে বাস করছে। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গবেষণা প্রতিবেদনটিতে ফ্রান্সের লিও শহরের দৃষ্টান্ত দেখিয়ে বলা হয়, শহরে বাস করা মৌমাছির প্রজাতিগুলোর মধ্যে ৬০টি প্রজাতি এমন জায়গায় থাকছে যেখানে নগরায়ণের ছোঁয়া সবচেয়ে বেশি। আর খুদে এই জীবটির এমন শহরমুখী জীবনের জন্য অন্যান্য বিষয়ের সঙ্গে সবচেয়ে বেশি দায়ী মনে করা হচ্ছে কীটনাশককে।
‘প্লস ওয়ান’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রটির সহ-লেখক লরা ফোর্তেল বলেন, ‘কীটনাশক ব্যবহারের কারণে গ্রামে-গঞ্জে মৌমাছির জীবন হুমকির মুখে পড়ছে। আর শহরে এসে নিজেদের বাসযোগ্য পরিবেশ পাওয়াতে তারা এখানে থেকে যাচ্ছে।’

ফরাসি গবেষকেরা দেখতে পেয়েছেন যে গ্রাম থেকে শহরে রূপান্তরিত হওয়ার সময়ে বা নগরায়ণের প্রক্রিয়া চলাকালে একটা জনবসতি যে অবস্থায় থাকে তা মৌমাছিদের জন্য বেশ উপযোগী। এমন স্থানে সারা বছরই অনেক বেশি ফুল পাওয়া যায়। ওই সময়ে ভূমির উপরিভাগেও অনেক বৈচিত্র্য থাকে। অন্যান্য এলাকার চেয়ে সেখানে উষ্ণতাও বেশি থাকে। যা মৌমাছির খাবার সংগ্রহে সাহায্য করে। আর এমন সময়েই খাবার ও বাসা বানানোর উপযোগী পরিবেশের সন্ধানে গ্রাম ছেড়ে শহুরে জীবন বেছে নেয় মৌমাছিরা। গবেষকেরা মনে করছেন, অনেকটা যেন না জেনে-বুঝেই তারা শহরে এসে পড়ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে শহরে এসে কি ভালো আছে মৌমাছিরা? দুই বছর ধরে চালানো গবেষণায় দেখা যায়, নগরায়ণের নতুন নতুন কার্যক্রমে প্রতিদিনই ফাঁদে পড়ছে মৌমাছি। এমন অন্তত ২৯১টি আলাদা প্রজাতির ১২ হাজার ৮৭২টি মৌমাছি পেয়েছেন গবেষকেরা। দেখা গেছে, নগরায়ণের প্রাক্কালে যে পরিমাণ মৌমাছি ছিল তার ঠিক অর্ধেকে নেমে এসেছে নগরায়ণের উন্নয়নের ফলে। গবেষণায় দেখা গেছে, শহরে আসা মৌমাছিগুলোর মধ্যে গুহা ধরনের জায়গায় বাস করা মৌমাছিই বেশি। তবে এসব স্থানান্তরের ফলে মৌমাছির সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েনি বলেও মনে করছেন গবেষকেরা।