গ্রামে গ্রামে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় শুরু হয়েছে গ্রাম পুলিশের কার্যক্রম। ১৬ মার্চ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের আওতায় অর্ধশতাধিক গ্রাম পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সমাবেশে গ্রাম পুলিশরা পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষার শপথ নেন। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করে। এরপর গ্রাম পুলিশের কার্যপরিধি ও কর্তব্য সম্পর্কে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) পি কে এম এনামুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, মেরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বোয়ালখালী (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা প্রমুখ।সমাবেশে গ্রাম পুলিশের পক্ষে দুই নম্বর বোয়ালখালী ইউপির গ্রাম পুলিশ সদস্য চন্দন ত্রিপুরা বলেন, ‘আজ থেকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আমরা সরকারি পোশাকের মর্যাদা রেখে অবশ্যই গ্রামে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষা করা ও মাদকমুক্ত সমাজ গড়ায় কাজ করব।’