গ্রামবাসীর অনুদানে বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মাচালংয়ে এবার মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনুদানে বিদ্যালয় ভবনও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়টি চালু হলে সাজেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে।প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নে মোট ৩৭টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও একটি মাত্র উচ্চবিদ্যালয় রয়েছে। তবে ওই বিদ্যালয়টি খাগড়াছড়ি উপজেলার দীঘিনালার পাশে বাঘাইহাট এলাকায় অবস্থিত। এ কারণে সাজেকের প্রত্যন্ত এলাকার বেশির ভাগ শিশুকে প্রাথমিক পর্যায়েই লেখাপড়ায় ইতি টানতে হয়। বর্তমানে বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার হার ৬৫ শতাংশ। কিন্তু সাজেক ইউনিয়নে এই হার মাত্র ১০ শতাংশ।বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা বলেন, এ বছর থেকে মাচালংয়ে মাধ্যমিক বিদ্যালয় যাত্রা শুরু করবে। আপাতত ৬ষ্ঠ-অষ্টম শ্রেণীতে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা দেবে বাঘাইহাট বিদ্যালয় থেকে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। সাজেকের প্রত্যন্ত এলাকার ৫০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। এতে প্রতি বছর শত শত শিক্ষার্থী ঝরে পড়ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, দুর্গম সাজেকে মোট ৩৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে আটটি সরকারি ও ২৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। মাচালং এলাকায় মাধ্যমিক বিদ্যালয় চালু করা হলে শিক্ষার্থী ঝরে পড়া কমবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার বলেন, ‘মাচালং এলাকার নতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘দুর্গম মাচালংয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের যেকোনো প্রয়োজনে আমরা সাহায্য করতে প্রস্তুত আছি।’