গ্রামবাসীর চাঁদায় সংস্কার, চালু হলো বন্ধ স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই দিন আগে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছিল সোনাগাজীর মঙ্গলকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রটি। এভাবে পড়েছিল প্রায় আট মাস। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা চেষ্টা করেও সংস্কারে বরাদ্দ পাননি। অবশেষে এগিয়ে এলেন গ্রামের মানুষ। চাঁদা তুলে সংস্কার করলেন স্বাস্থ্যকেন্দ্র। ৩ সেপ্টেম্বর থেকে আবার শুরু হলো স্বাস্থ্যসেবা।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৯০ বছর পুরোনো মঙ্গলকান্দি উপস্বাস্থ্যকেন্দ্র থেকে উপজেলার মঙ্গলকান্দি, চর দরবেশ, চর মজিলিশপুর ও বগাদানা এবং নোয়াখালীর চর পার্বতী ইউনিয়নের অন্তত ৫০ হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা পেয়ে আসছিল। কিন্তু গত ৫ জানুয়ারির নির্বাচনে স্বাস্থ্য বিভাগের মতামত উপেক্ষা করে ওই কেন্দ্রটিতে ভোটকেন্দ্র করা হয়। নির্বাচনের দুই দিন আগে ৩ জানুয়ারি রাতে এলাকার অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও উপস্বাস্থকেন্দ্রটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে কেন্দ্রটি ভস্মীভূত হয়।
এরপর থেকে নিজেদের স্বাস্থ্যসেবার জন্য স্থানীয় কিছু লোক স্বাস্থ্যকেন্দ্রের পাশের নতুন বাজারে একটি দোকানঘরের দুটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা কমিউনিটি মেডিকেল অফিসারকে (চাকমো) বসার সুযোগ করে দেন। জেলা সিভিল সার্জন এবং সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জানুয়ারি ভস্মীভূত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সহযোগিতায় স্থাপিত দোকানঘরে কিছু ওষুধপত্র সরবরাহ করেন।
স্থানীয় লোকজন জানান, স্বাস্থ্যকেন্দ্রটি এভাবে পড়ে থাকায় এলাকার কিছু ব্যক্তি এটি মেরামতের উদ্যোগ নেন। প্রায় এক লাখ টাকা চাঁদা তুলে ভবনের প্রয়োজনীয় সংস্কার করান তাঁরা। স্বাস্থ্যকেন্দ্র মেরামতের অন্যতম উদ্যোক্তা মো. মোস্তফা বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে যাওয়ায় এলাকার মানুষের কষ্টের সীমা ছিল না। সে কারণে কয়েক জন মিলে সেটি মেরামতের উদ্যোগ গ্রহণ করি। অনেকের কাছ থেকে সহযোগিতা নিতে হয়েছে। এটি মেরামত শেষে এখন চালু করা হয়েছে, এতেই আনন্দ লাগছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের জন্য আমি সিভিল সার্জন বরাবরে লিখিতভাবে জানিয়েছি। তিনি (সিভিল সার্জন) স্বাস্থ্য বিভাগে জানিয়েছেন। এর পরও এটি সংস্কারে কোনো বরাদ্দ আসেনি। এলাকাবাসীর চাঁদার টাকায় উপস্বাস্থ্যকেন্দ্র সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এখন স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়াজনীয় আসবাবপত্র, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে।