চলতি মাসে ভারী বর্ষণে পাহাড়ধস হয় রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে রুইলুই-কংলাকপাড়া সড়কের দুটি স্থানে। এর একটি অংশে পাহাড়ের মাটির সঙ্গে পড়ে বড় একটি পাথর। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। ফলে সড়কে হাঁটাও দায় হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যোগাযোগব্যবস্থা। এ নিয়ে গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছেন। কোনো কাজ হয়নি। অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দফায় চলে সংস্কারকাজ। প্রথম পর্যায়ে কংলাকপাড়ার লোকজন ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর স্বেচ্ছাশ্রম দেন। এরপর ১৬ ও ১৭ সেপ্টেম্বর চার গ্রামের অর্ধশতাধিক মানুষ সড়ক থেকে মাটি ও পাথর সরানোর কাজ করেন। এখন সড়কটি চলাচলের উপযোগী হয়েছে।
কংলাকপাড়া, হাইস্কুলপাড়া, ডুলাবন্যা ও হাফংপাড়ার লোকজনের যাতায়াতের একমাত্র মাধ্যম রুইলুই-কংলাকপাড়া সড়কটি। শুধু এই চার গ্রামের লোকজন নয়, রুইলুইপাড়া পর্যটনকেন্দ্র গড়ে তোলার পর কংলাকপাড়াসহ অন্যান্য গ্রামে শত শত লোকজন বেড়াতে আসে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কংলাকপাড়ায় পর্যটক আসা বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, ১১ সেপ্টেম্বর ভারী বৃষ্টির কারণে রুইলুই-কংলাক সড়কের কংলাকপাড়া অংশে জলবুক কটেজ এলাকায় দুটি স্থানে পাহাড়ধস হয়। এরপর ১৫ সেপ্টেম্বর একটি স্থানে পাহাড় থেকে বড় একটি পাথর ধসে পড়ে। পাথরটির কারণে গাড়ি চলাচল দূরে থাক হাঁটাও বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হয়নি। তাই সড়কটি সচল করতে চার গ্রামের লোকজন এগিয়ে আসেন।
কংলাকপাড়ার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাল তনা পাংখোযা বলেন, গ্রামের লোকজনের সঙ্গে পরামর্শ করে স্বেচ্ছাশ্রমে সড়ক থেকে মাটি ও পাথর সরানোর উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য শান্তি কুমার ত্রিপুরা বলেন, ‘আমরা নতুন নির্বাচিত জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। শুনেছি রুইলুই-কংলাক সড়কে পাহাড়ধসে যোগাযোগ বন্ধ হয়েছে। কংলাকপাড়া ও আশপাশের লোকজন মিলে স্বেচ্ছাশ্রমে সড়কটি চলাচলের উপযোগী করেছে।’
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মন বলেন, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সড়কটি সচল হয়েছে। এখন গাড়ি চলাচল করছে। পর্যটকেরাও কংলাকপাড়ায় বেড়াতে আসতে পারছেন।