গ্রামবাসীর শ্রমের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের কাজে হাত লাগায় দক্ষিণ রোসাংগীরি ও পূর্ব ধলই গ্রামের ছেলে–বুড়ো সবাই l প্রথম আলো
স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের কাজে হাত লাগায় দক্ষিণ রোসাংগীরি ও পূর্ব ধলই গ্রামের ছেলে–বুড়ো সবাই l প্রথম আলো

মাত্র এক কিলোমিটার রাস্তা নির্মাণে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের বারবার ধরনা দিয়েছে গ্রামবাসী। সবাই ‘হবে হবে’ বলে আশ্বাস দিয়েই বিদায় করেছে। কিন্তু কাজ হয়নি। শেষে নিজেরাই উদ্যোগী হয়ে বানালেন রাস্তা। এই গল্প ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের দক্ষিণ রোসাংগীরি ও পূর্ব ধলই গ্রামের মানুষের।
‘ঐক্যবদ্ধ হলে কোনো বাধাই বাধা না’—এই মন্ত্র এখন দুই গ্রামের সব মানুষের মুখে মুখে। সাড়ে চার শ মানুষের ঘাম ঝরানো শ্রমে তৈরি হওয়া রাস্তা সবার জন্যই দৃষ্টান্ত। এই রাস্তার নির্মাণকাজ ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ১২ ফেব্রুয়ারি।
গ্রামবাসী জানান, দক্ষিণ রোসাংগীরি অংশের কালি বাড়ি সড়ক থেকে পূর্ব-ধলই হাজী পাড়া বায়তুল মামুন জামে মসজিদ দূরত্ব এক কিলোমিটার। এই অংশে দুই গ্রামের ১০০ জন কৃষকের প্রায় ৪০০ একর জমি রয়েছে। কিন্তু গ্রামের প্রধান সড়ক থেকে ওই সব জমিতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই জমির ফসল বাড়িতে আনতে কৃষকদের কষ্ট হতো। খেতে বসেই অনেকে ফসল বিক্রি করতেন। ফলে প্রতি বছর তাঁদের লোকসান গুনতে হতো। এ কারণে অনেকে চাষাবাদ বন্ধ করে দিয়েছিলেন।
রাস্তা নির্মাণকাজের নেতৃত্বে আছেন স্থানীয় সমাজসেবক গোলাম মোহাম্মদ। তিনি জানান, এত দিন সড়ক না থাকায় জমির ফসল জমিতেই কম দামে বিক্রি করতে হতো। এ কারণে তিনি স্থানীয় লোকজনকে সংগঠিত করে রাস্তা তৈরির কাজ শুরু করেন। এ নিয়ে গ্রামের লোকজন পাড়ায় বসে পরামর্শ করেন। জমির কয়েকজন মালিক প্রথম দফায় রাস্তা নির্মাণের বিরোধিতা করেন। তাঁদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করে রাস্তা নির্মাণের সুফল সম্পর্কে অবহিত করা হয়। পরে তাঁরা একত্র হয়ে রাস্তা নির্মাণে নেমে পড়েন। রাস্তা নির্মাণে তেমন কোনো টাকা খরচ হয়নি। কারণ, নিজেরাই শ্রম দিয়েছেন।
৬ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, রাস্তা নির্মাণের কাজ করছেন দুই শতাধিক মানুষ। কারও হাতে কোদাল, কারও হাতে টুকরি-খারাং। সবাই ব্যস্ত। ছেলে-বুড়ো সবাই রয়েছেন এই দলে। চার থেকে পাঁচ ফুট উঁচু করে তৈরি কর হচ্ছে রাস্তা।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া নাজিরহাট কলেজের ছাত্র মুহাম্মদ জাহেদ জানান, রাস্তার কাজ শেষ হলে তাঁর বাবার মতো অনেক কৃষক বাজারে ফসল বিক্রি করে ন্যায্যমূল্য পাবেন। তাই এই কাজে অংশ নিতে পেরে তাঁর খুব ভালো লাগছে।
দক্ষিণ রোসাংগীরি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শফিউল আলম জানান, দীর্ঘদিনের সমস্যা সমাধানের গ্রামবাসীকে নিয়ে সভা করা হয়। সবার মতামত নিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভুক্তভোগী চাষিরা জমি দিয়েছেন। অন্যরা দিয়েছেন শ্রম। সড়কটির নামকরণ করা হয়েছে ‘হজরত লাতু শাহ সড়ক।’
এদিকে রাস্তা নির্মাণকাজ উদ্বোধনের দিন স্থানীয় হজরত লাতু শাহ স্মৃতি সংসদের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মো. আলতাফ মিয়া। প্রধান অতিথি ছিলেন রোসাংগিরী ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন মুহুরী, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা এস এম শোয়েব ও ব্যবসায়ী মুহাম্মদ হানিফ।
এতে বক্তারা গ্রামবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এভাবে সমাজের সব কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।