গ্রামবাসীর সেতু বিক্রি করলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের ওপর গ্রামবাসীর টাকায় ও স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের সেতু বিক্রি করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কংক্রিটের সেতু নির্মাণ করায় পরিত্যক্ত হয়ে পড়েছিল কাঠের সেতুুটি। কারও মতামত না নিয়ে সেতু বিক্রি করায় ক্ষুব্ধ গ্রামবাসী।রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে ঘটেছে এ ঘটনা। নবনির্বাচিত ইউপি সদস্য মো. মুছা সেতু বিক্রি করেছেন বলে অভিযোগ আছে। এ ব্যাপারে ১৮ জুলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগ করে গ্রামবাসী।গ্রামবাসী জানান, ২০০৪ সালে তাঁরা কাঠ কিনে স্বেচ্ছাশ্রমে তিন লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু তৈরি করেন। ২০০৮ সালে খালের ওপর কংক্রিটের সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ বছর জুন মাসে কংক্রিটের সেতু চালু হলে পরিত্যক্ত হয়ে পড়ে সেতুটি। স্থানীয় ইউপি সদস্য মো. মুছা সেতুটি নামমাত্র দামে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ আছে।আমিনুর রহমান (৪৭), আবদুল গফুর (৫৫) ও রফিকুল ইসলামসহ (৩৯) মধ্য পারুয়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জানান, সেতুটি নিলামে বিক্রি করলে অনেক টাকায় বিক্রি হতো। এতে গ্রামবাসী উপকৃত হতেন। কাঠ ব্যবসায়ী আবদুল মোতালেব সেতুটি কিনেছেন। ১৬ জুলাই কয়েকজন সহযোগী নিয়ে তিনি সেতুর কাঠ খুলে নিতে গেলে গ্রামবাসী বাধা দেন। এ সময় ইউপি সদস্য মো. মুছা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীকে দেখে নেওয়ার হুমকি দেন।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. মুছা বলেন, ‘সোনাইছড়ি খালে কংক্রিটের সেতু হওয়ায় কাঠের সেতুটি অকেজো হয়ে পড়ে। ফলে সেতুর কাঠ রোদে পুড়ে জলে ভিজে নষ্ট হওয়ার আগে আমি বিক্রি করে দিই। সেতুটি যে গ্রামবাসীর টাকা ও স্বেচ্ছাশ্রমে নির্মিত—তা জানা নেই। সরকারের অর্থে নির্মিত ভেবে ইউপি সদস্য এবং সরকারি দলের মানুষ হিসেবে আমি সেতুটি বিক্রি করি। সেতুটি যদি প্রকৃতই গ্রামবাসীর টাকা ও স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়, তাহলে আগের মতো করে বেঁধে দেওয়া হবে।’পারুয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহেদ হোসেন বলেন, ‘নবনির্বাচিত ইউপি সদস্য মো. মুছা সেতুটি বিক্রি করে দেওয়ার বিষয়টি গ্রামবাসীর কাছ থেকে জেনেছি। সেতুটি আগের মতো তৈরি করে দেওয়ার জন্য ইউপি সদস্য মুছাকে বলা হয়েছে।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের চৌকিদার পাঠিয়ে ওই ইউপি সদস্যকে সেতুটি আগের মতো করে তৈরি করে দিতে বলা হয়েছে। না করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’