গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার

কেউ জমি থেকে মাটি কেটে ঝুড়িতে ভরছেন। কেউ ঝুড়িভর্তি মাটি নিয়ে ফেলছেন সড়কে। এই দলে আছেন শিশু-কিশোর থেকে নারী-পুরুষ সবাই। এভাবেই ভাঙা সড়ক সংস্কার করলেন পটিয়ার ধলঘাট ইউনিয়নের তেকোটা ও গৈড়লা গ্রামের বাসিন্দারা।
গোদাখালী খালের ভাঙনে তেকোটা-গৈড়লা মাস্টার দা সূর্যসেন সংযোগ সড়কে দুটি স্থানে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওই ভাঙা স্থানে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করে আসছিল দুই গ্রামের মানুষ। সড়ক সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কাজ হয়নি শেষে িনজেরাই কাজে নামেন। ১৭ ফেব্রুয়ারি পুরো দিন কাজ করে সড়কের দুটি ভাঙা অংশ সংস্কার করেন গ্রামবাসী।
সরেজমিনে দেখা গেছে, সাত কিলোমিটারের সড়কটিতে পেকুটা এলাকায় গোদাখালী খালের ওপর একটি পাকা সেতু রয়েছে। কিন্তু এ সেতু থেকে প্রায় ১৫০ ফুটের মধ্যেই খালের ভাঙনে সড়কের দুটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাটি ভরাট করে বিচ্ছিন্ন অংশ জোড়া লাগাচ্ছিল গ্রামের মানুষ। সড়কটি একদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার কাগজীপাড়া ও গৈড়লার টেকের সঙ্গে এবং অন্যদিকে হাবিলাসদ্বীপ-মুকুটনাইট ছালেহ আহমদ চৌধুরী সড়কের সঙ্গে সংযুক্ত।
গ্রামবাসী জানান, ১৭ ফেব্রুয়ারি ভোর থেকে দুই গ্রামের প্রায় ২৫০ মানুষ ঘরের কাজকর্ম বাদ রেখে স্বেচ্ছাশ্রমে যোগ দেয়। অনেকেই চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকা থেকে এ কাজে অংশ নিতে আসে। সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রনবীর ঘোষ।
তিনি বলেন,‘সড়ক সংস্কারের জন্য আমি চেষ্টা করিছলাম। এর মধ্যে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙা সংস্কার কাজে হাত দিয়েছে। গ্রামবাসীর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
এ কাজের প্রধান উদ্যোক্তা তরুণ সমাজকর্মী সরিৎ চৌধুরী বলেন, এ সড়কের কারণে দুই গ্রামের প্রায় তিন হাজার মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছিল। বাঁশের সাঁকোর কারণে আমরা যেন একটি দ্বীপের বাসিন্দার মতো বসবাস করছিলাম। কেউ অসুস্থ হলে তাঁকে কাঁধে করে সাঁকো পার করে অনেক কষ্টে পটিয়া কিংবা চট্টগ্রামের নিয়ে যেতে হয়। ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যাওয়া আসায় অনেক কষ্ট হচ্ছে।
সড়ক তৈরি কাজে অংশ নেওয়া ৭৩ বছরে বৃদ্ধা লিলি চৌধুরী ও ৭০ বছরের নিরু বড়ুয়া বলেন, ‘ছেলেমেয়ে ও পুত্রবধূরা এ কাজে অংশ নিয়েছে। আমরা কি আর ঘরে বসে থাকতে পারি? তাই আমরাও কাজ করছি।’
চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা অমিত কুমার বড়ুয়া বলেন, গ্রামের সড়কটি তৈরি করার জন্য গত রাতেই বাড়ি চলে এসেছি।
চট্টগ্রাম অক্সিজেন ক্রিয়েটিভ গ্রামার স্কুলের শিক্ষিকা কাকলী চৌধুরী বলেন, গ্রামবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য স্বামীর সঙ্গে বাড়ি এসেছি। এ কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (্এলজিইডি) সূত্র জানায়, তেকোটা-গৈড়লা মাস্টার দা সূর্যসেন সংযোগ সড়কের গোদাখালী খালের ওপর গত ১৯৯৭-৯৮ সালে এলজিইডির অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় লোকজন জানান, পাকা সেতু নির্মাণ করা হলেও সড়কটি সংস্কার না করায় সেতুর সুফল ভোগ করতে পারেনি আশপাশের বাসিন্দারা।